মৃত্যুকূপে আনন্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূপ আকারের কাঠের গোলাকার স্থাপনা ঘিরে দর্শকদের উৎকণ্ঠিত দৃষ্টি। মাটি ছেড়ে কাঠের দেয়ালেই চলছে দ্রুত গতির মোটরসাইকেল। ঘুরছে তো ঘুরছেই। চালক ওই অবস্থায়ই দুই হাত উঁচু করে, হাত নেড়ে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন। আবার দুই হাত-পা তুলে বসেও ঘুরলেন কতক্ষণ। চমকের এখানেই শেষ নয়। বুক ঢিপ ঢিপ করা মোটরসাইকেলের প্রদর্শনী শেষ হতে না হতেই চালক এবার চড়ে বসলেন প্রাইভেট কারে। সবার মনেই প্রশ্ন, এবার তিনি কী করে দেখাবেন? আদৌ কী সম্ভব কূপের নিচ থেকে ২৫ ফুট উঁচুতে ওঠা? সবার মনেই উৎকণ্ঠা আর বিস্ময়। মোটরসাইকেলের মতো কারটিও মাটি ছেড়ে ঘুরতে ঘুরতে দর্শকের কাছাকাছি এসে আবার ঘুরতে ঘুরতে নিচে নেমে গেল দর্শকদের চোখে মুগ্ধতা ছড়িয়ে। বিপজ্জনক এ খেলায় দর্শকেরা যেন মেতে ওঠেন আনন্দে। মুহুর্মুহু করতালি আর হর্ষ ধ্বনিতে মাতিয়ে রাখেন চারপাশ।আউটার স্টেডিয়ামের বিজয় মেলায় পূর্ব পাশে খাটানো তাঁবু ঘিরে উৎসুক দর্শকদের ভিড় সব সময় লেগেই আছে। দর্শকদের কাছে এটি ‘মৃত্যুকূপ’ নামেই পরিচিত। মেলায় ঢোকার মুখে কানে আসবে ‘মেলায় আসা ছোট-বড় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, অযথা ঘোরাফেরা না করে এখনই চলে আসুন আমাদের প্যান্ডেলের নিচে। টিকিট কিনুন, দেখুন মোটরসাইকেলের খেলা, কারের খেলা।’ ডাক শুনেই লোকজন ভিড় করছেন টিকেট কাউন্টারের আশপাশে। ২০ টাকা দামের টিকিট কিনে উপভোগ করছেন খেলা। মূলত সন্ধ্যায় জমে ওঠে। প্রতিদিন আট থেকে ১০টি পর্যন্ত প্রদর্শনী হচ্ছে।প্রদর্শনীর ফাঁকে বিরতিতে কথা হয় সেই দুঃসাহসী চালক হুমায়ুন কবিরের সঙ্গে। জানা গেল তাঁর বাড়ি বগুড়ায়। ওস্তাদ মো. আফাজ উদ্দিনের হাত ধরেই তাঁর এই জগতে আসা। এই ওস্তাদ আর কেউ নন, স্বয়ং তাঁরই বাবা। শুরুতে মোটরসাইকেলের মাধ্যমে খেলা দেখালেও পরে কার চালানো রপ্ত করেন। এর পর থেকে এটাই পেশা। বিপজ্জনক এ খেলা, ভয় করে না? এমন প্রশ্নে বলেন, ‘প্রথম প্রথম খেলা দেখাতে গেলে মাথা ঘুরত। এখন আর হয় না, অভ্যাস হয়ে গেছে।’ কার চালাতে গিয়ে কয়েকবার ওপর থেকে উল্টে পড়েও গিয়েছিলেন। অবশ্য বড় কোনো আঘাত পাননি কখনো। হুমায়ুন আরও বলেন, বাংলাদেশে কারের এ খেলা প্রথম দেখান চট্টগ্রামের পাহাড়তলীর সন্তান আবুল কাশেম। তিনি ভারত থেকে এসব সরঞ্জাম কিনে আনেন। পরে তাঁর কাছ থেকে কিনে আমিই এখন দেখাচ্ছি।