মৃত্যুঘ্রাণ পায় যে বিড়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজকার মতো নিজের চেয়ারে বসে রোগীদের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন ডেভিড ডোসা। ডোসা একজন জেরিয়াট্রিশিয়ান, বার্ধক্যজনিত রোগ বিশেষজ্ঞ। কাজ করেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের স্টিয়ার হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে। হঠাৎ তাঁর চেম্বারের দরজায় উঁকি দিল একটা উদ্বিগ্ন মুখ। ‘ডেভিড, আমি তোমাকে ৩১০ নম্বর কক্ষে একটা জিনিস দেখাতে চাই,’ জানালেন ম্যারি মিরান্ডা, পুনর্বাসনকেন্দ্রের সিনিয়র নার্স। বয়স্ক রোগীদের নিয়ে কাজ করতে হয় বলে যেকোনো সময় যেকোনো ধরনের দুঃসংবাদের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন ডোসা। মিরান্ডার চোখেমুখে দেখা উদ্বেগের ছায়াটা একটু অন্য রকম মনে হলেও ডোসা ধরেই নিলেন ৩১০ নম্বর কক্ষের রোগীটির কিছু হয়েছে। গলায় স্টেথো ঝুলিয়ে দ্রুত মিরান্ডাকে নিয়ে ছুটলেন।৩১০ নম্বর কক্ষে থাকেন লিলিয়া ডেভিস। ৮০ বছর বয়সী এই বৃদ্ধা ১৮ মাস হলো নার্সিং হোমে এসেছেন। মাত্র কদিন আগে কোলন ক্যানসার ধরা পড়েছে তাঁর। এই বয়সে এমন মরণব্যাধির সঙ্গে যুঝে ওঠার শক্তিও আর নেই। ডেভিসের কক্ষে ঢুকে অবশ্য মিরান্ডার উদ্বেগের কারণটা ঠিক পরিষ্কার হলো না। সব ঠিকঠাকই তো আছে। ‘কী দেখাতে ডেকে আনলে?’ মিরান্ডার কাছে একটু বিরক্ত হয়েই জানতে চাইলেন ডোসা। ‘এদিকে দ্যাখো,’ বলে বিছানার পাশে আঙুল তাক করলেন মিরান্ডা।কৌতূহল নিয়ে উঁকি দিতেই অস্কারের মুখোমুখি হলেন ডোসা। অস্কার এই নার্সিং হোমের ছয় বিড়ালের একটি। ডোসাকে দেখতে পেয়ে একটু ঘাড় উঁচিয়ে তাকাল অস্কার। মৃদু বেজে উঠল গলায় ঝোলানো ছোট্ট ঘণ্টা। একটু কান ঝাঁকিয়ে নিল। এরপর আবার গুটিশুটি মেরে বসে রইল। একটু যেন বিমর্ষ দেখাচ্ছে ওকে।বিড়াল দেখার জন্য এমন হন্তদন্ত হয়ে ছুটে এলে কারও ভালো লাগার কথা নয়। মিরান্ডার কাছে তাই ব্যাখ্যা চাইলেন ডোসা। আর সেই ব্যাখ্যা শুনে চমকে উঠলেন অভিজ্ঞ এই চিকিৎসক। অস্কার সাধারণত মানুষের সান্নিধ্য পছন্দ করে না। শান্ত স্বভাবের বলে একা একা থাকতেই পছন্দ করে। কিন্তু কিছুদিন হলো সে বেশ কিছু রোগীর পাশে যাচ্ছে এবং আশ্চর্যের হলো, সে ওই রোগীদের সঙ্গই বেছে নিচ্ছে, যারা মৃত্যুপথযাত্রী। ‘স্বাভাবিকভাবেই একজন চিকিৎসক, বিজ্ঞানের ছাত্র হিসেবে এই অদ্ভুত কথা মেনে নেওয়ার প্রশ্নই আসে না। মিরান্ডা জানালেন, এরই মধ্যে মৃত্যু আগেই আঁচ করে নেওয়ার ব্যাপারে অস্কারের ক্ষমতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে নার্সিং হোমে। কারণ, ঘটনা একাধিকবার ঘটল। আপাত একটা যুক্তি দাঁড় করালেন ডোসা, ‘হয়তো সে সেই রোগীদের সঙ্গ বেছে নিচ্ছে, যারা বিরক্ত করবে না।’ যুক্তিটা মন ভরাল না মিরান্ডার, ‘আসল ঘটনা এর চেয়েও বড়, ডেভিড!’আসলে তা-ই। ডোসার যুক্তিবোধ আর বিজ্ঞানমনস্কতা বড় ধরনের ধাক্কা খেল, যখন সেদিনই মারা গেলেন ৩১০ নম্বর কক্ষের লিলিয়া ডেভিস! তবে কি সত্যিই মৃত্যুর গন্ধ শুঁকতে পারার ক্ষমতা আছে অস্কার নামের এই চার-পেয়েটার? ডোসাকে সত্যিই বিষয়টি ভাবিয়ে তুলল, বেশ কয়েক সপ্তাহ পরে যখন মারা গেলেন আরও এক রোগী, যার পাশে ঘুরঘুর করছিল অস্কার!নিজের অর্জিত জ্ঞান থেকে এবার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন ডোসা। এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অবশ্যই থাকবে। হয়তো এ ক্ষেত্রে অস্কারের তীব্র ঘ্রাণশক্তিই কাজ করছে। মানবদেহের কোষগুলো যখন দ্রুত মারা যায়, সে সময় কার্বোহাইড্রেট বিভিন্ন যৌগ উৎপন্ন করে। তৈরি হয় রাসায়নিক মিশ্রণ। এরই সুনির্দিষ্ট ঘ্রাণ থাকে। হয়তো সেই ঘ্রাণটাই আলাদা করে চেনার শক্তি আছে অস্কারের। হয়তো নার্সিং হোমের বাকি পাঁচ বিড়ালের সেটা নেই।মেডিকেল কলেজে পড়ার সময় ডোসা নিজেও ঘ্রাণ শুঁকে ডায়াবেটিক রোগীর সুগার লেভেল পরীক্ষা করার কায়দা রপ্ত করেছিলেন। ডোসার মনে পড়ে গেল, ২০০৬ সালের একটা শীর্ষ ক্যানসার জার্নালে কুকুরের ঘ্রাণশক্তি কাজে লাগিয়ে ক্যানসার আক্রান্ত কোষ থেকে নির্গত আণুবীক্ষণিক পরিমাণের জৈবরাসায়নিক বর্জ্য শনাক্ত করা নিয়ে একটা লেখা প্রকাশিত হয়েছিল। আর ভূমিকম্পের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যে কিছু কিছু পশুপাখি, মাছ আগে থেকেই টের পায়—এ নিয়েও তো বিস্তর লেখালেখি হয়েছে।এই অনুসিদ্ধান্ত কতটা যৌক্তিক, সেটা তলিয়ে দেখার জন্য ডোসা সাম্প্রতিক সময়ে অস্কারের আশপাশে সময় কাটিয়েছে এমন মানুষের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। বলা বাহুল্য, তাঁরা সবাই সাম্প্র্রতিক সময়ে স্বজন হারিয়েছেন। এবং এই সাক্ষাৎ করার সময়ই ডোসা আবিষ্কার করলেন, অস্কারের প্রতি সবারই কেমন জানি একটা অদ্ভুত টান তৈরি হয়ে গেছে। তাঁদের একজন, ক্যাথি জোনস ডোসাকে বললেন, ‘এই বিড়ালটা, কী অবিশ্বাস্য! সত্যিই, ও একটা স্পেশাল বিড়াল।’ ডোনা রিচার্ডস নামের আরেকজন জানালেন, তাঁর মনে হয়েছে, তাঁর মায়ের মৃত্যুতে যেন শোক প্রকাশ করেছে অস্কারও। যেন তার চোখেও ছিল জল!সঙ্গে সঙ্গেই ডোসা মত পাল্টালেন। ঠিক করলেন, অস্কারের এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা তিনি খুঁজে বের করবেন না। কী দরকার! হয়তো সে ঘ্রাণ শুঁকে হাজির হয়। কিংবা হয়তো মানুষের মতোই মানবিক কিছু গুণ আছে এর। হয়তো সে বিষণ্ন মানুষের পাশে কিছুটা সময় দিতে ভালোবাসে। হয়তো এভাবেই মানুষের প্রতি শোধ করতে চায় তার ঋণ। পৃথিবীতে যুক্তি-অগ্রাহ্য অনেক কিছুই ঘটে! রাজীব হাসানরিডার্স ডাইজেস্ট অবলম্বনে