![আবদুল মান্নান সৈয়দ [১৯৪৩-২০১০]](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2013%2F09%2F05%2F5228c555aa1ba-Untitled-7.jpg?w=640&auto=format%2Ccompress)
গতকাল ছিল কবি ও কথাশিল্পী আবদুল মান্নান সৈয়দের তৃতীয় মৃত্যুবার্ষিকী। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিতব্য তাঁর মানিক বন্দ্যোপাধ্যায়: অন্তর্বাস্তবতা, বহির্বাস্তবতা বইয়ের পাণ্ডুলিপির অংশবিশেষ ছাপা হলো তাঁর স্মরণে
জীবন্ত, এবং জীবনের মতোই মৃত্যুময় মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি। কিংবা, ঘুরিয়ে বলা যায়, পুতুলনাচের ইতিকথা মৃত্যুচেতন জীবনময়তার উপন্যাস। আর-কোনো বাংলা উপন্যাসে মৃত্যু এইভাবে আসেনি—এত উপর্যুপরি এবং ভিতর-পর্যন্ত-ঢুকে-যাওয়া। উপন্যাসের শুরুই হয়েছে একটি মৃত্যুর ঘটনায়: ‘খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুঁড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন।’ (পৃ. ১) পুরো প্রথম পরিচ্ছেদটি ব্যয়িত হয়েছে এই মৃত্যুর বর্ণনায় ও তার প্রতিক্রিয়ায়। উপন্যাসটিকে আমি বলেছি মৃত্যুচেতন কিন্তু জীবনময়তার উপন্যাস। মানিকের সমকালীন একজন কবি যখন মৃত্যুর আগে সমস্ত ইন্দ্রিয় জাগ্রত রেখে জীবনের রূপ-রস আস্বাদ-আঘ্রাণ করতে চেয়েছিলেন, মানিকের এই উপন্যাসের নায়ক-নায়িকার জীবনও তেমনি মৃত্যুচিন্তিত ও মৃত্যুচেতন বলেই মূল্যবান। লক্ষণীয়, হারুর মৃত্যু শশীর ভিতরে বৈরাগ্য সঞ্চার না-করে জিজীবিষাই জাগিয়ে দিয়ে যায়: ‘হারুর মরণের সংশ্রবে অকস্মাৎ আসিয়া পড়িয়া শশীর কম দুঃখ হয় নাই। কিন্তু তার চেয়েও গভীরভাবে নাড়া খাইয়াছিল জীবনের প্রতি তাহার মমতা।...মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক বাঁচিয়া থাকার মধ্যে জীবনের অনেক কিছুই যেন তাহার অপচয়িত হইয়া যাইবে। শুধু তাহার নয়, সকলের। জীবনের এই ক্ষতি প্রতিকারহীন।’
উপন্যাসের এই প্রথম মৃত্যু অপঘাত-মৃত্যু। বস্তুতপক্ষে এই উপন্যাসের সবগুলি মৃত্যুর ভিতরে আপাত-পার্থক্য যাই থাক, সবগুলিই তাই। স্বাভাবিক মৃত্যু এই উপন্যাসে নেই। দ্বিতীয় পরিচ্ছেদেই দ্বিতীয় মৃত্যু—ভূতোর, গাছের মগডাল থেকে পড়ে সে মরেছে। ডাক্তারের কাছে তুচ্ছ হলেও অতিসংবেদনশীল শশী এই মৃত্যুর কথা ভুলতে পারেনি।
আর-একটি মৃত্যু সেনদিদির। একসময়কার রূপসী কলঙ্কবতী সেনদিদি বসন্ত রোগে আক্রান্ত হয়ে প্রথমে রূপ হারায় ও চোখ হারায়। তারপর কোনো-এক ‘শেষ রাত্রে একটি ছেলে হইল সেনদিদির, ভোরবেলা সেনদিদি মরিয়া গেল।’ এই সেনদিদির রেখে-যাওয়া শিশুপুত্রটি শশী আর তার পিতা গোপালের মধ্যেকার দীর্ঘ টানাপোড়েনের ভিতর দিয়ে একটি দীর্ঘ ও স্থায়ী ফাটল তৈরি করে, এবং পরিণামে ঐ শিশুপুত্র নিয়ে গোপাল চিরকালের জন্যে গাওদিয়া গ্রাম ছেড়ে চলে যায়।
বাংলা সাহিত্যে কারণহীন মৃত্যুর উদ্গাতাও মানিক। ‘আট বছর আগের একদিন’ কবিতায় জীবনানন্দ এক আত্মহন্তারকের বর্ণনা দিয়েছিলেন, যাকে শিশু-বধূ-অর্থ-কীর্তি কিছুই বাঁচিয়ে রাখতে পারেনি, তাকে হত্যা করেছিল ‘আরো এক বিপন্ন বিস্ময়’, যে-অন্তর্গত বিস্ময় আমাদের রক্তের ভিতরে খেলা করে। এই বিপন্ন বিস্ময় আর কিছু নয়, অস্তিত্বের সংশয়, এক সর্বগ্রাসী শূন্য। মানিকও আর-একরকম কারণহীন (কিংবা এক আশ্চর্য প্রায়-পাগল কারণ-সম্পন্ন) মৃত্যুর বর্ণনা দিয়েছেন এই উপন্যাসে—যাদব আর পাগলদিদি। ভবিষ্যতে যিনি স্বেচ্ছামৃত্যু বরণ করবেন, উপন্যাসে তিনি প্রবেশ করেন সাপের ভয়ে লাঠি ঠুকে-ঠুকে: ‘লাঠি ঠুকিয়া যাদব পথ চলেন। শশী জানে এত জোরে লাঠির শব্দ করা সাপের জন্য। মরিতে যাদব কি ভয় পান,—জীবন-মৃত্যু যাঁর কাছে সমান হইয়া গিয়াছে?’ সেই যাদবই মৃত্যুকালে জীবিতের প্রতি যেন ব্যঙ্গহাসি হেসে যান: ‘আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুলুঢুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন...।’ আর যাদবের স্ত্রী পাগলদিদি সম্পর্কে সেই অসম্ভব তাৎপর্যশীল মন্তব্য: ‘ঘনানো মৃত্যুর স্বাদে পাগলদিদি কৌতুকময়।’ শশীর সঙ্গে গল্প করতে-করতে হঠাৎ যাদব আত্মগরিমায় মুখ ফসকে বলে ফেলেছিলেন তাঁর মৃত্যু হবে রথের দিন, একথা তিনি জানেন। তারপরই, ‘কবে কোন সালের রথের দিন যাদব দেহত্যাগ করিবেন ঠিক হইয়া আছে, শশী আর সেকথা জিজ্ঞাসা করে না, কারণ কথাটা বলিয়াই যাদব হঠাৎ এমন ভীতভাবে স্তব্ধ হইয়া যান এবং পাগলদিদি এমনভাবে অস্ফুট একটা শব্দ করিয়া ওঠেন যে শশী লজ্জা বোধ করে।’ (পৃ. ১১৩) তারপর শশী কথাটা চাপা দেবার জন্যে অন্য কথা পাড়ে। তারপর নেহাত গল্পচ্ছলে শশী কথাটা পরান ও কুসুমকে বললে ক্রমশ গাওদিয়া গ্রামের সবাই জানতে পায় এবং যাদব ও পাগলদিদি শেষ-অব্দি স্রেফ এই একটি হঠাৎ-বলা কথার জন্যে স্বেচ্ছামৃত্যু বরণ করে নেন।
যাদব ও পাগলদিদির কারণহীন মৃত্যুর মতোই আর-একটি মৃত্যু এই উপন্যাসে ঘটেছে, যা বাংলা সাহিত্যে অভিনব। সফল প্রেম ও ব্যর্থ প্রেমের অনেক আখ্যান রচিত হয়েছে বাংলায়। কিন্তু কুসুম যে-কথা বলেছে, তা কি কখনো শুনেছি আমরা?—যখন সে বলছে, ‘যেতাম ছোটবাবু। স্পষ্ট করে ডাকা দূরে থাক, ইশারা করে ডাকলে ছুটে যেতাম। চিরদিন কি একরকম যায়? মানুষ কি লোহায় গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না? বলতে বসেছি যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না।’ কিংবা আর-একটু পরে যখন সে শশীকে বলছে, ‘...সব ভোঁতা হয়ে গেছে ছোটবাবু। লোকের মুখে মন ভেঙে যাবার কথা শুনতাম, অ্যাদ্দিনে বুঝতে পেরেছি সেটা কি। কাকে ডাকছেন ছোটবাবু, কে যাবে আপনার সঙ্গে? কুসুম কি বেঁচে আছে? সে মরে গেছে।’ এই মন জেগে উঠে মরে যাওয়া, ‘একদিন দুদিন নয়, অনেকগুলি সুদীর্ঘ বৎসর ব্যাপিয়া তার জন্য কুসুম পাগল হইয়া ছিল, তারপর ক্রমে ক্রমে তার সে উন্মাদ ভালবাসা নির্জীব হইয়া আসিয়াছে। হয়তো মরিয়াই গিয়াছে।’ এই অদ্ভুত মনের মৃত্যু, বাংলা সাহিত্য আগে কখনো দেখেনি আর।
শরীরের মৃত্যু, মনের মৃত্যু, আত্মনির্বাসন—এরকম অনেক মৃত্যু ঘটেছে এই উপন্যাসে, সমস্তের পরে রয়েছে এক পরাজিত-অপরাজিত ‘ক্লান্ত ক্লান্তিহীন’ মন্থর অভিজ্ঞতাঋদ্ধ চলিষ্ণুতা।