মৃত্যুঝুঁকিতে বসবাস চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাস করছে সহস্রাধিক পরিবার। প্রতিবছর পাহাড়ধসের ঘটনায় প্রাণহানি ঘটলেও সেখানে থেমে নেই বসতি স্থাপন। চলতি বর্ষা মৌসুমেও ভারী বৃষ্টি হলে যেকোনো সময় পাহাড়ধসে প্রাণহানি ঘটার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এদিকে, বন বিভাগ ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা পরিবারের একটি তালিকা উপজেলা প্রশাসনে জমা দিয়েছে। কিন্তু বর্ষা শুরু হয়ে গেলেও এদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।জানা যায়, ২০১০ সালের ১৫ জুন টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনায় ৩৪ জন মারা যায়। ২০০৮ সালের ৪ ও ৬ জুলাই টেকনাফে ফকিরা মুরা ও টুন্যার পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ১৩ জনের মৃত্যু হয়েছিল। সে সময় প্রবল বর্ষণে তিন শতাধিক বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। আহত হয় অনেকে। সরেজমিনে পাহাড়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, টেকনাফের নেটং পাহাড়ের মিয়ানমারের রোহিঙ্গারা অবৈধভাবে অনুপ্রবেশ করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে ঘর তৈরি করে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। এ ছাড়া উপজেলা পরিষদসংলগ্ন ফকিরা মোরা, ধুমপেরাং ঘোনা, গিলাতলি, বৈদ্যর ঘোনা, নাজির ঘোনা, শিয়ালার ঘোনা, উরুমের ছড়া, পল্লানপাড়া, নাইট্যংপাড়া, কেরুনতলি, বরুইতলি, ব্যাটালিয়ান-সংলগ্ন মাঠপাড়া, জাহালিয়াপাড়া, রোজারঘোনা, রঙ্গিখালী, উলুচামারী, পানখালী, উত্তর সিকদারপাড়া, মিনাবাজার, রক্ষ্যইম, লম্বাঘোনা, দৈঘ্যাকাটা, নোয়াখালী, কচ্ছপিয়া, বড় ডেইল, চাকমাপাড়া, হলবনিয়া, আছারবনিয়া ও শামলাপুরেও পাহাড়ের পাদদেশে বসবাস করছে মানুষ। টুইন্যার পাহাড়ে বসবাসকারী আমির হোসেন (৪৩), ফয়েজ আহমদ (৩৮) ও কাদের হোসেন (৩৫) বলেন, ‘প্রতিবছর পাহাড়ধসে লোকজন মারা যাচ্ছে। তার পরও মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছি।’উত্তর সিকদারপাড়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী আমেনা খাতুন (৪২) বলেন, ‘কয়েক বছর আগে মিয়ানমার থেকে টেকনাফ আসার পর এখানে বসবাস করছি। এর আগে গত বছর পাহাড় থেকে প্রশাসন নামিয়ে দিলেও থাকার কোনো ধরনের ব্যবস্থা না থাকায় পরিবারের ১১ জন সদস্য নিয়ে বাস করছি।’ফকিরা মুরা এলাকার আব্দুল খালেদ (৪৮) ও ফরিদ আলম (৩৯) বলেন, ‘ভাড়াবাসায় একটি রুম নিয়ে বাস করছি। সরকার জমি দেবে বলেছিল, কিন্তু এখনো কোনো খবর নেই।’টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. আবদুল্লাহ বলেন, টেকনাফের বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে রোহিঙ্গারা অবৈধভাবে বসবাস করছে। প্রাণহানির ঘটনার আগে ঝুঁকিপূর্ণ স্থান থেকে এদের উচ্ছেদ করা জরুরি।কক্সবাজার জেলা দক্ষিণ বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান বলেন, অবৈধভাবে পাহাড় দখলকারীদের সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত। গত মে মাসে প্রথম দিকে মিনা বাজার পাহাড় থেকে দেড় শতাধিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। মিয়ানমারের অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আঁতাত করে বনজ সম্পদ নষ্ট করে টেকনাফে বিভিন্ন বনভূমি অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করার কথা আবদুর রহমান স্বীকার করেন।আবদুর রহমান বলেন, বন বিভাগের পক্ষ থেকে এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের একটি তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনে জমা দেওয়া হয়েছে। অনুমতি পাওয়া গেলে নিবার্হী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে কয়েকটি কমিটি করে কিছুদিনের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, বন বিভাগের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। শিগগির উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হবে। এ ছাড়া প্রাণহানির ঘটনা যাতে না ঘটে, সে জন্য পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কয়েকদিনের মধ্যে পুরো এলাকায় মাইকিং করা হবে। এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, প্রতিবছরের পাহাড়ধসের ঘটনাকে মাথায় রেখে ঝুঁকিপূর্ণ স্থান থেকে বসতি উচ্ছেদ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বসবাসকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।