মৃত্যুঞ্জয়ী ফারাজ আইয়াজ
>

আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।
ফারাজ আইয়াজ তুমিই বাংলাদেশ। তুমি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছো। তুমি অতুলনীয়। বিভীষিকাময় সেই ভয়াল রাতে তুমি মৃত্যুঞ্জয়ী। ১ জুলাই বাংলাদেশের জন্য যেমন বেদনার তেমনি গর্বের ও অহংকারের। তোমার ঘটনা আজ দেশে-বিদেশে মানুষের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ। তোমার মৃত্যুকে প্রচণ্ডভাবে অনুভব করি। গর্বে হৃদয়টা ভরে যায়। নিজেকে শ্রেষ্ঠ দেশের মানুষ ভাবতে ইচ্ছে করে। তোমার এই আত্মত্যাগ সত্যিকারের বীরে তোমাকে পরিণত করেছে।
ফারাজ বাংলাদেশ হাঁটবে তোমার শেখানো পথে। তুমি পৃথিবীর সব মানুষের কাছে বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। তুমি মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। তোমার চলে যাওয়া আমাদের ভেতরে অনেক ক্ষত ও ভাঙচুর করেছে।
জীবনে ত্যাগ কীভাবে করতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ তুমি। ফারাজ তুমি অতি মানবিক। বন্ধুদের ছেড়ে চলে এসে নিজের প্রাণ বাঁচাতে চাওনি। অনিবার্য পরিণতি মৃত্যুকে বরণ করে নিয়েছ। বন্ধুর আত্মত্যাগের এক অবিনশ্বর সংযোজন তুমি পৃথিবীতে সৃষ্টি করেছ। পৃথিবীর মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা কর্তব্য করতে পারে তা হলো তোমার মতো ভয় না পাওয়া।
তোমার ত্যাগের শিক্ষা জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ মানুষের জন্য, এটা তুমি করে দেখিয়েছ। মৃত্যুতেও ছিন্ন হবে না তোমার সঙ্গে আমাদের বন্ধন।
গ্রামীণ ব্যাংক, জামালপুর