দীর্ঘ কয়েক দশক ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। বিপদে-আপদে এলাকার মানুষের পাশে থেকেছেন। এ রকম একজন প্রবীণ রাজনীতিক এখন বিনা চিকিৎসায় মৃত্যুপথযাত্রী। তিনি হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হারবাং ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী (৮২)।সমপ্রতি উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর গ্রামে মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, একসময়ের সাহসী মানুষটি বিছানায় পড়ে রয়েছেন। তিনি জানান, প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ায় পাঁচ মাস ধরে হাঁটাচলা করতে পারছেন না। একমাত্র ছেলেটি ঢাকায় লেখাপড়া নিয়ে ব্যস্ত। আয় রোজগার করার মতো সংসারে তেমন কেউ নেই। ফলে এক রকম বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। মোহাম্মদ আলী ক্ষোভের সঙ্গে বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে ভারতের দেমাগ্রীতে তিন মাস সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলাম। এরপর দেশে ফিরে অংশ নিয়েছিলাম যুদ্ধে। স্বাধীনতার পর হারবাং ইউনিয়নের প্রশাসন ও ত্রাণ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাই। তখন থেকে অসহায় মানুষের পাশে থেকেছি।’ মোহম্মদ আলীর স্ত্রী খদিজা বেগম বলেন, ‘দীর্ঘ ৬০ বছর ধরে তিনি (মোহাম্মদ আলী) এলাকার মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন। অথচ অসুস্থ হয়ে পাঁচ মাস ধরে বিছানায় পড়ে থাকলেও এ পর্যন্ত দলের কোনো নেতা-কর্মী মানুষটিকে একনজর দেখতেও আসেননি। তাঁর চিকিৎসার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চাই।’ এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ রকম অসহায় মানুষের কাছে কেউ না থাকলে ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। প্রধানমন্ত্রীর সাহায্য চেয়ে আমাকে একটি দরখাস্ত দেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রীকে দিয়ে কিছু করার ব্যবস্থা করব। এ ছাড়া নিজেও যত দূর পারি সহযোগিতা করব।’পারিবারিক সূত্র জানায়, সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে মোহাম্মদ আলী যোগ দেন। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।