মৃত্যুপথযাত্রীর সঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজপিস কর্মী হিসেবে জার্মান প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল হারুন ৬০ জন নিঃসঙ্গ মৃত্যুপথযাত্রীকে সঙ্গ দিয়েছেন। শুনেছেন তাঁদের মনের গোপন কথা। তাঁদের উদ্বুদ্ধ করেছেন মৃত্যুভয়কে জয় করতে। আবুল কালাম মুহম্মদ আজাদ জানাচ্ছেন বিস্তারিতদীর্ঘ রোগভোগে যাঁরা মারা যান, তাঁরা মৃত্যুর আগে ধীরে ধীরে একা হয়ে যেতে থাকেন। একাকিত্বের যন্ত্রণা মানুষটিকে আরও বেশি অসুস্থ করে তোলে। তাঁর জীবনের শেষ দিনগুলো হয় আরও বেশি যাতনাময়। আমাদের দেশে এখনো বেশির ভাগ ক্ষেত্রে হয়তো মৃত্যুপথযাত্রী মানুষটির পাশে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু পশ্চিমা দেশগুলোতে অনেকেরই হাসপাতালে নিঃসঙ্গ মৃত্যু হয়। পরিসংখ্যান বলছে, উন্নত দেশ জার্মানিতে একাকী মারা যাওয়ার হার খুব বেশি। মানুষের গগনচুম্বী অর্থনৈতিক সচ্ছলতার সঙ্গে সঙ্গে এসেছে নির্মম একাকিত্ব। আর সে কারণেই মৃত্যুপথযাত্রী মানুষদের সঙ্গ দেওয়ার জন্য এখানে তৈরি হয়েছে হজপিস আন্দোলন।এই আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীদের হজপিস কর্মী বলা হয়। হজপিস কর্মী হিসেবে জার্মান প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল হারুন ইতিমধ্যে ৬০ জন মৃত্যুপথযাত্রীকে সঙ্গ দিয়েছেন। শুনেছেন তাঁদের মনের গোপন কথা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাওয়া না-পাওয়ার সব কষ্ট ভুলিয়ে দিয়ে মৃত্যুভয়কে জয় করার জন্য তাঁদের উদ্বুদ্ধ করেছেন। একবুক মমতা ইংরেজি সাহিত্যের ছাত্র আবদুল্লাহ আল হারুন কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে তাঁর পেশাজীবন শুরু করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর একটি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। ১৯৭৮ সালে জার্মানিতে যাওয়ার পর সেখানে তিনি হোটেলে বাসন ধোয়া থেকে শুরু করে নামীদামি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন। ১৯৯৭ সালে তিনি কর্মহীন ছিলেন দীর্ঘদিন। ওই সময়টাতেই তিনি হজপিসের প্রশিক্ষণ নেন। সেই থেকে শুরু। গত নভেম্বর মাস পর্যন্ত তিনি ৬০ জন মৃত্যুপথযাত্রীকে সঙ্গ দিয়েছেন। হারুন বলছিলেন, ‘সঙ্গদাতা আর মুমূর্ষু ব্যক্তি, এই দুজন মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক তৈরি হয়, এমনও হয় রোগীরা যে কথা স্বামী বা স্ত্রীর কাছে বলতে পারেন না, শেষ সময়ে তা হজপিস কর্মীকে বলে যান।’ রাফা নামের মৃত্যুপথযাত্রী নারীকে প্রথম সঙ্গ দিয়েছিলেন আবদুল্লাহ আল হারুন। রাফা ছিলেন রবীন্দ্রভক্ত। কিন্তু তিনি বাংলা জানতেন না। তাঁর জীবনপ্রদীপ নিভে যাওয়ার মূহূর্তে তিনি প্রত্যক্ষ করেন এক বিস্ময়কর ঘটনা। শুনুন আবদুল্লাহ আল হারুনের কাছ থেকেই: ‘গির্জার ঘড়িতে রাত তিনটা বাজার ঘণ্টা শোনা গেল। একটু তন্দ্রামতো এসেছিল। না ঘুম, না জাগরণ। হঠাৎ শুনি স্পষ্ট বাংলায়, “সম্মুখে শান্তি পারাবার... ভাসাও তরণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পতি... অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার \ মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া হবে চিরপাথেয় চিরযাত্রার।”চোখ খুলে মনে হলো, স্বপ্ন দেখছি না তো! রাফার মুখ থেকে বেরিয়ে আসছে এসব কথা। ততক্ষণে দেখি, রাফার জামাই হেলমুট ও মেয়ে সান্ড্রাও অবাক হয়ে মায়ের মুখের শব্দরাশি শুনছে। কিছুই বুঝছে না, বাংলা বুঝবে কোথা থেকে? ওরা দুজনই হাত-ধরাধরি করে বিছানার আরেক দিকে একটা চেয়ারে বসে আছে। মনে হলো একবার ওপাশে হেলমুট ও সান্ড্রাকে দেখল, তারপর দৃষ্টি আমার দিকে, হাসির একটা ক্ষীণ প্রচেষ্টা যেন দেখলাম। তারপর মাথাটা বাঁ দিকে কাত হয়ে গেল। আমি ওর প্রাণহীন হাত দুটো ধরলাম।’অনেক হজপিস কর্মী আছেন যাঁরা নিয়মিত মৃত্যুপথযাত্রী মানুষকে সঙ্গ দেন, তারাও মারা যাওয়ার পর মৃতের সঙ্গে একা থাকতে শঙ্কা বোধ করেন। এ ভয়টি হারুনের নেই। তিনি বলছিলেন, ‘অনেক সময় গভীর রাতেই আমি আমার হজপিস সহকর্মীর টেলিফোনে ব্যাকুল কণ্ঠস্বর শুনেছি, “অমুক এইমাত্র মারা গেল। আমার ভীষণ ভয় করছে। আবদুল্লাহ, তুমি কি দয়া করে এখুনি এখানে আসতে পারবে?” আমি প্রথম থেকেই এ ভয়ের একদম ঊর্ধ্বে। এযাবৎ আমি সম্ভবত ১৮-২০ বার রাতে একাই মৃতের পাশে অনেকটা সময় থেকেছি। একবার শীতের সময় তুমুল বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার কারণে রাত একটায় রোগীর মৃত্যু হয়ে যাওয়ার পরও সকাল পর্যন্ত আমাকে একাই শব প্রহরী হয়ে থাকতে হয়েছে। মৃত মানুষটি ছিলেন এক বিধবা নারী। একা একাই চাষবাস করে চলতেন। ৬৮ বছর বয়সে তিনি মারা যান। বৃদ্ধার একটিমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। মা মৃত্যুশয্যায় এ খবর পেয়েও আসার সময় করে উঠতে পারেননি। পরবর্তী বাড়িটি পাঁচ কিলোমিটার দূরে। পরের বাসস্টেশন ১০ কিলোমিটার। আমাকে পাশের শহরের পাদরি প্রতিরাতে তাঁর গাড়িতে এনে পরদিন সকালে আরেকজন হজপিস কর্মীকে সঙ্গে করে নিয়ে এসে আবার আমাকে বাসায় (৩০ কিলোমিটার) পৌঁছে দিতেন। সেদিন ফেরার উপায় ছিল না।’আবদুল্লাহ আল হারুন, যাঁদের মৃত্যুশয্যায় সঙ্গ দিয়েছেন, তাঁদের মধ্যে মারিয়া নামের সাত বছর বয়সী এক শিশু তাঁকে সবচেয়ে বেশি আলোড়িত করে। মারিয়া তৃতীয় শ্রেণী পর্যন্ত স্কুলে যেতে পেরেছিল। তার মধ্যে দুই বছরই হারুন এই শিশুটির হাত ধরে স্কুলে পৌঁছে দিয়েছেন। মৃত্যুশয্যায় থাকা এই শিশুটি তাঁর জীবনে অবিস্মরণীয় স্মৃতি হয়ে রয়েছে। হারুন বলে যান, ‘সেদিন শুক্রবার সকাল থেকেই বৃষ্টি। হেমন্তের শেষ বর্ষণ। আমি ঢুকতেই মারিয়া বলল, “আঙ্কল, আমি একটা ছড়া লিখেছি তোমার জন্য।” মারিয়া বলল, “এ ছড়াটি তোমার মেয়েরা এখানে এলে ওদের পড়িয়ে শোনাবে এবং তোমার ভাষায় অর্থ বলে দেবে।” আমি বললাম, “এখনই তো অর্থ লিখে দেশে পাঠাতে পারি ওদের জন্য।” মারিয়া বলল, “না, সেভাবে নয়। ওরা যখন এখানে আসবে আমি জিজ্ঞেস করব, ওরা তোমার কাছে আমার লেখা কাগজ থেকে ছড়াটি শুনেছে কি না।” আমি অত্যন্ত লজ্জিত মারিয়ার কাছে, ওর সেই অমূল্য লেখাটি আমি বারবার বাসাবদলের জন্য কবে না জানি অজান্তেই হারিয়ে ফেলেছি। একদিন ও বলেছিল, “আঙ্কল, একটি প্রতিজ্ঞা কি তুমি আমায় করবে?” আমি বললাম, “হ্যাঁ, অবশ্যই।” “দাদু বলে, এসব কথা গির্জায় গিয়ে পাদরি সাহেবকে বলতে হয়। কিন্তু আমি মাকে কষ্ট দিয়ে গির্জায় যাব না।”‘আমি বুঝলাম, ব্যাপারটা একটা কনফেশনের দিকে এগোচ্ছে। আমি মাথাটা ওর মুখের কাছে নিয়ে আস্তে আস্তে বললাম, “আমাকে স্বচ্ছন্দে সব বলতে পারো।” “হ্যাঁ, তবে আগে শপথ করো, মাকে এটা কখনোই বলবে না।” আমরা পরস্পর রীতিমাফিক কড়ে আঙুলের শপথটি সমাধা করার পর ও বলল, ক্লাস থ্রিতে ওঠার পর (ওই বছরই ওর স্কুলের শেষ) ও মায়ের হীরার নেকলেসটি না বলে স্কুলে নিয়ে গিয়েছিল বান্ধবীদের দেখাতে। যাওয়ার পথে কীভাবে জানি হারটি ওর ব্যাগ থেকে রাস্তার কোথাও পড়ে হারিয়ে যায়। ও বুঝতে পারেনি, স্কুলে এসে দেখে হারটি খোয়া গেছে। তখনই বেরিয়ে এসে স্কুলের রাস্তাটিতে চার-পাঁচবার পাগলের মতো খুঁজেও আর পায়নি। মাকে বলার সাহস হয়নি ওর। নেকলেসটি তার বাবা মাকে উপহার দিয়েছিল। এ জন্য মা ডায়ানার খুবই খারাপ লেগেছিল। কিন্তু মেয়ের প্রতি তার এতটা বিশ্বাস ছিল যে মাত্র একবার জিজ্ঞেস করেই (হারটি ও কোথাও দেখেছে কি না) আর কোনো দিন ওকে ও ব্যাপারে কিছু বলেনি। কিন্তু মারিয়া বহুবার দেখেছে হারের শূন্য বাক্সটি নিয়ে মা মৃত বাবার ছবির সামনে বসে কাঁদছে। শিশু অপরাধীর সাহস হয়নি সত্য কথাটি বলার। আমি বললাম, তুমি আমায় বললে, “তোমার এখন আর এ ব্যাপারে কোনো দোষ নেই। এখন সব ভুলে যাও।” আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। অনেকক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে একসময় সে ঘুমিয়ে পড়ল। আমি স্তব্ধ হয়ে বসে থাকলাম। মৃত্যু মানুষকে এতই শক্তি দেয় যে সারা জীবন যা আমরা সযতনে গোপন করে রাখি, শেষ সময়ে শোনানোর মতো সহূদয় লোকের দেখা মিলে গেলে অচেনা হলেও তাকে অনায়াসে বলতে পারি। আমাদের মহা লজ্জার কথা, আমাদের চরম অন্যায়ের কথা।পথের পাঁচালীর অপুু বোন দুর্গা মারা যাওয়ার পর যখন মা-বাবার সঙ্গে বাসা বদল করে কাশীতে আসার জন্য জিনিসপত্র বাঁধাছাদা করছিল, সে সময় অনেক আগে জমিদারবাড়ি থেকে দুর্গার চুরি করা দামি সাতনরী হারটি একটা কৌটায় আবিষ্কার করে, যা সে কাউকেই জানায়নি। এক ঢিলে পুকুরে ছুড়ে ফেলে দিয়ে দিদির সম্মানটি সে চিরদিনের জন্য রক্ষা করে। তেমনি আমিও মারিয়ার হারের ঘটনা ওর মাকে বলিনি। এমনকি মার্গারেটকেও না। দুই দিন পরই মারিয়া আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেল। আমি আর ওদের বাসায় যাইনি। ওই দিনই মনে মনে ওর কাছ থেকে চিরবিদায় নিয়ে এসেছিলাম। প্রবাসে দৈবের বশেআবদুল্লাহ আল হারুন এখন জার্মানিতে একজন পেনশনভোগী। লেখালেখি করছেন। কোনো এক গোপন অভিমান নিয়ে হুট করে দেশ ছেড়েছিলেন তিনি। বেছে নিয়েছিলেন প্রবাসের জীবন। কিন্তু দূর পরবাসে বসে প্রিয় দেশকে ভুলতে পারেননি মুহূর্তের জন্যও। লেখালেখি করছেন বাংলাতেই। ২০০৮ সালের জানুয়ারি মাসে, প্রথম বইটির (প্রবাসে দৈবের বশে) প্রকাশ উপলক্ষে বছর তিরিশেক পর দেশে এসেছিলেন তিনি। ছিলেন পুরো ছয় সপ্তাহ। ওই সময়ের দেশের বিস্ময়কর আর আশ্চর্য সব অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন পরের বইটি, হূদয় মিশেছে মৃত্তিকায়। ওই বছরই আবার নভেম্বরে দ্বিতীয়বার দেশে ফিরে, চার মাস থাকার পর গত বছর মার্চে ফিরে গেছেন। এবার ই-মেইলে জানালেন, আগামী বছর আবার দেশে ফেরার ইচ্ছে আছে তাঁর। দেশে থাকতে প্রথম বিয়ে করেছিলেন। ছাড়াছাড়ি হয়ে গেছে। সেই পক্ষের দুই কন্যা আছে।জার্মানিজুড়ে তিনি হজপিসের বিভিন্ন সেমিনারে গিয়েছেন। এ ছাড়া এ কাজে ব্রাসেলস, প্যারিস, ভিয়েনা, রোম সফর করেছেন তিনি। জার্মানিতে এ পর্যন্ত ১৬টি কোর্সে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। এখানকার হজপিসের সর্বোচ্চ সার্টিফিকেটটি তিনি পেয়েছেন ২০০৬ সালেই। প্রায়ই নানা বাড়ি থেকে পারিবারিক নিমন্ত্রণ আসে। অনেকে তাঁর সঙ্গে বসে দু-দণ্ড কথা বলে শান্তি পান।জার্মানিতে যাঁর সঙ্গে ১৮ বছর ঘর করেছেন, ২০০২ সালে তাঁর সঙ্গেও বিচ্ছেদ হয়েছে। যিনি প্রতিনিয়ত নিঃসঙ্গ মানুষের সঙ্গী হয়ে বড় ভয় মৃত্যুকে জয় করতে শেখাচ্ছেন, তিনিই এভাবে রয়ে গেছেন নিঃসঙ্গ। নিজে নিঃসঙ্গ হলেই বোধহয় অন্যের নিঃসঙ্গতা দূর করা যায়।