মৃত্যুপুরীর আর্তনাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশের বহু মানুষ মৃত্যুকে আলিঙ্গন করা এই দুই মানুষের পরিচয় জানতে চেয়েছেন আমার কাছে, নানা প্রশ্ন করেছেন। আমি অনেক চেষ্টা করে এখনো কোনো সূত্র খুঁজে পাইনি। এঁদের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুললেই অন্য হাজারো স্বজন, যাঁরা উদ্ধারকর্মীদের কাছে প্রিয় স্বজনকে ভিক্ষা চাচ্ছিলেন, তাঁদের আর্তনাদ মনে পড়ে যায়। বড় অসহায় মনে হয় নিজেকে। এখনো আমার জানা নেই ওই দুজনের পরিচয়। তাঁরা কারা, তাঁদের সম্পর্ক কী?

ঘটনার দিন পুরো সময় আমি ঘটনাস্থলেই ছিলাম। দেখছিলাম রানা প্লাজা ঘিরে আহত আর স্বজনদের আতঙ্কভরা চোখ, শ্রমিকের লাশ আর উদ্ধারকর্মীদের তৎপরতা। এসব দেখতে দেখতে যখন মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত বোধ করছি, ঠিক সেই সময় এই দুই লাশের মুখোমুখি হই। ২৪ এপ্রিল দিবাগত রাত প্রায় দুইটা।

ভবনের পেছনের একটা অংশে আটকে পড়েছিলেন ওই দুজন লোক। তাঁদের শরীরের নিচের অংশ ধ্বংসস্তূপের ভেতর। মৃত পুরুষটির চোখ দিয়ে রক্ত গড়াচ্ছে অশ্রুর মতো। প্রথমে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। কী দেখছি আমি, মনে হলো এ যেন খুব চেনা দৃশ্য। খুব চেনা আপন কেউ। শেষ মুহূর্তে পরস্পরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করছেন। শেষ পর্যন্ত রক্ষা পায়নি ওঁদের জীবন। ওঁদের স্বপ্ন।

যতবার ওই ছবির দিকে তাকাই ততবার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আরও শত শত লাশের মধ্যে এই দুজনও যেন আমাকে তাড়া করে বেড়ায়। যেন ওই দুই মৃত মানুষ আমায় চিৎকার করে বলেন, আমরা কেবল সংখ্যা নই কিংবা সস্তা শ্রমিক বা সস্তা প্রাণ নই, আমরা তোমাদের মতোই মানুষ, তোমাদের জীবনের মতোই আমার জীবনও আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান। আমাদের স্বপ্নেরও দাম আছে।