মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মোহাম্মদ আলমগীর চৌধুরী 

সমাজসেবী সৈয়দ মোহাম্মদ আলমগীর চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী ১৬ ডিসেম্বর। তিনি ২০০৬ সালের এই দিনে ইন্তেকাল করেন। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

পৌরসভা নির্বাচন

সাতকানিয়া

রফিকুল ঋণী স্ত্রীর কাছে সম্পদশালী জোবায়েরের স্ত্রী

সাতকানিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়েরের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ বেশি। অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল আলম ৫০ লাখ টাকা স্ত্রীর কাছ থেকে ধার নিয়েছেন। তবে তাঁদের দুজনের স্ত্রী ​গৃহিনী। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তাঁরা।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের ও বিএনপির রফিকুল আলমের মধ্যে। নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এই দুই প্রার্থীই নিজেদের ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। হলফনামাগুলো পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জোবায়েরের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ বেশি। অন্যদিকে, বিএনপির মেয়র পদপ্রার্থী রফিকুল আলমের নিজের সম্পদ বেশি হলেও স্ত্রী ও ব্যাংকের কাছে তাঁর ধারদেনা রয়েছে। হলফনামায় দুজনই তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে দাবি করেছেন।

বিএনপি প্রার্থী রফিকুল আলম হলফনামায় উল্লেখ করেছেন, তিনি কৃষি জমি ও বাড়ি ভাড়া থেকে বছরে ১৬ লাখ ৪৬ হাজার ১৬৫ টাকা আয় করেন। এর মধ্যে কৃষি জমি থেকে আয় হয় পাঁচ হাজার টাকা। আয়ের বাকিটা আসে বাড়ি ভাড়া থেকে। তাঁর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সাতকানিয়ায় ১২ শতক কৃষি জমি, পাঁচ তলা বাণিজ্যিক ভবন, চট্টগ্রাম নগরের কাটাপাহাড় লেনে একটি বিপণিবিতানের ৩০ শতাংশ মালিকানা এবং ঘাটফরহাদ বেগে হাজি ভিলা নামের ছয় তলা বিশিষ্ট একটি ভবন। অস্থাবর সম্পদ হিসেবে তাঁর নগদ তিন লাখ টাকা রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ লাখ ৮৫ হাজার ৪৯০ টাকা জমা আছে। এ ছাড়া তাঁর ২৩ লাখ ২০ হাজার টাকা দামের একটি গাড়ি, এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার রয়েছে। তিনি স্ত্রীর সম্পদ বিবরণীর জায়গায় প্রযোজ্য নয় শব্দটি উল্লেখ করেছেন। তবে তিনি স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ, আইএফআইসি ব্যাংক, লালদীঘির পূর্বপাড় শাখা থেকে ১৭ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা ও মোহাম্মদ ইসলাম নামের এক আত্মীয়ের কাছ থেকে তিন লাখ টাকাসহ মোট ৭০ লাখ নয় হাজার ৮৭৫ টাকা ঋণ করেছেন। নির্বাচনে তিনি দুই লাখ টাকা ব্যয় করবেন বলে জানান। এই টাকা তাঁর নিজের আয় থেকেই সংগ্রহ করবেন বলে হলফনামায় উল্লেখ করেন তিনি।

স্ত্রীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেওয়া প্রসঙ্গে, জানতে চাইলে রফিকুল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করেছি। বিদেশ থাকাকালীন সময়ে স্ত্রীর নামে ব্যাংকে টাকা পাঠাতাম। পরে ওই টাকা দিয়ে স্ত্রীর নামে জমি কিনেছি। ওই জমি বিক্রি করে যে টাকা পাওয়া গেছে ওই টাকাই স্ত্রী আমাকে ধার হিসেবে দিয়েছেন।’

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের ব্যবসা থেকে বছরে এক লাখ ৬০ হাজার টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ ছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লায় গ্রিন ডট এন্টারপ্রাইজ নামের একটি মুদ্রন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। পাশাপাশি তিনি আগ্রাবাদের সাউথপয়েন্ট হাসপাতালের পরিচালক ও সাতকানিয়া উপজেলায় এলপি গ্যাস মজুতের প্রতিষ্ঠান গোল্ডেন উইংয়ের স্বত্বাধিকারী। তাঁর অস্থাবর সম্পদ হিসেবে আছে নগদ ২০ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর কাছে ৩০ হাজার টাকা আছে। নিজের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৫৬ হাজার ছয় শ টাকা আছে। তাঁর স্ত্রীর নামে ব্যাংকে দুই লাখ ৭০ হাজার টাকা, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার আছে। তাঁর স্থাবর সম্পদের মধ্যে দেড় শতক পৈতৃক জমিও রয়েছে। তিনি ব্যক্তিগত আয়, উপহার ও ধার করে পাওয়া তিন লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।

তাঁর চেয়ে স্ত্রীর সম্পদ বেশি কেন জানতে চাইলে মোহাম্মদ জোবায়ের প্রথম আলোকে বলেন, ‘ব্যবসা করে যা আয় করি, তা দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে নিতে হয়। নিজের বেশি সঞ্চয় নেই। স্ত্রীর নামে ৩০ লাখ টাকার যে সঞ্চয়পত্র রয়েছে তা তিনি তাঁর ব্যবসায়ী বাবার কাছ থেকে পেয়েছেন।’

পৌরসভানির্বাচন

পটিয়ায় চৌধুরীদের ভোটযুদ্ধ

পটিয়া পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে হাদু চৌধুরীর বাড়ির চাচা-ভাতিজা ভোটযুদ্ধে নেমেছেন। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম চৌধুরী ও তাঁর ভাতিজা মোহাম্মদ ওবাইদুল্লাহ চৌধুরী।

 এ ছাড়া ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ চৌধুরীও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, যিনি এই দুজনেরই প্রতিবেশী। একই এলাকার এই তিন প্রার্থী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

ওবাইদুল্লাহ চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর আলম চৌধুরী আমার বাবার আপন চাচাতো ভাই। সে হিসেবে তিনি আমার চাচা এবং ইলিয়াছ চৌধুরী আমার প্রতিবেশী। তবে ভোট যুদ্ধে কে কার আত্মীয় এটা দেখার বিষয় নয়। ভোটাররা কী বলেন, সেটাই আসল কথা।’ তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকাকে মাদক মুক্ত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন িতনি। এলাকায় তাঁর কোনো দুর্নাম নেই বলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

জাহাঙ্গীর আলম চৌধুরীও আত্মীয়তা দূরে রেখেই নির্বাচনী লড়াই চালাচ্ছেন বলে জানালেন। তিনি বলেন, ‘ভোটের ক্ষেত্রে রক্তের সম্পর্ক বিবেচ্য নয়। আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, চাচা-ভাতিজা নই। গতবারও আমি কাউন্সিলর পদে নির্বাচন করেছিলাম। বিজয়ী না হয়েও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি। নির্বাচিত হলে আরও ব্যাপকভাবে উন্নয়ন করতে পারব।’

ইলিয়াছ চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ওবাইদুল্লাহ চৌধুরী আমার প্রতিবেশী। ভোট যুদ্ধে এটা আমার জন্য কোনো বিষয় নয়। এলাকার উন্নয়নে সাবেক কাউন্সিলর হিসেবে আমার অতীত অভিজ্ঞতা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।’

 এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে আরও যাঁরা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁরা হলেন, বর্তমান কাউন্সিলর সাইফুল ইসলাম, এস এম খলিলুজ্জামান আমিরী, মুহিবুল্লাহ মুহাম্মদ আবু নোমান, লোকমান হাকিম ও শেখ সাইফুল ইসলাম।

‘হেয়ার ম্যাকডোনাল্ড’ জাওয়েদ হাবিবের গল্প

নগরের হাবিব তাজকিরাজে হেয়ার স্টাইল একাডেমি উদ্বোধন করতে চট্টগ্রাম এসেছিলেন খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিব। ওই সময় কথা বলেন প্রথম আলোর সঙ্গে। আলাপচারিতায় উঠে আসে তাঁর এত দূর আসার আদ্যোপান্ত

আশরাফ উল্লাহ

ভাবা যায়! ফরাসি সাহিত্যের ছাত্র হেয়ার স্টাইলিস্ট। জীবনের মোড় যে কোথায় বাঁক নেয় তা বলা মুশকিল। যেমনটা ঘটেছিল ভারতীয় হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিবের বেলায়। লক্ষ্য ছিল হোটেল ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়বেন। এ নিয়ে খাটাখাটনিও কম করেননি। রপ্ত করেছিলেন নানা ভাষাও। কিন্তু মন বসল না। এদিক-ওদিক কত কিছুই করলেন। তার পরও গন্তব্য অনিশ্চিত।

এক সময় পাড়ি জমালেন লন্ডনে। সেখানে শখের বসে নয় মাসের চুল কাটার একটি কোর্স করলেন। যা তাঁর ক্যারিয়ারের পথ বাতলে দিল। কাজটি তিনি উপভোগ করতে লাগলেন। টানা তিন বছর লন্ডনে কাজ করলেন চুল কাটা নিয়ে। তখনই নিজেকে যেন নতুন করে চিনলেন। নতুন উদ্যম নিয়ে ফিরলেন নিজ দেশ ভারতে। সময়টা ১৯৮৮ সাল। এর পরের কাহিনি তো তর তর করে সাফল্যের শিখরে ওঠার। দিনে দিনে হেয়ার স্টাইলের ব্যান্ড হয়ে উঠল তাঁর প্রতিষ্ঠান হাবিবস। শুধু ভারতেই রয়েছে হাবিবসের ৫৫৪টি পারলার। এ ছাড়া দুবাই, সিঙ্গাপুর, শারজা, কাঠমান্ডু ও চট্টগ্রামে রয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। মাসে প্রায় দুই লাখ মানুষ চুল কাটান তাঁর পারলারে। ভারতবাসীর চোখে তিনি ‘হেয়ার ম্যাকডোনাল্ড’( বিখ্যাত ফাস্টফুড চেইন শপ)।

এ গল্প হেয়ার স্টাইলে উপমহাদেশের খ্যাতনামা ব্যান্ড হাবিবস-এর কর্ণধার জাওয়েদ হাবিবের। ৩ ডিসেম্বর নগরের জিইসি মোড়ে হাবিব তাজকিরাজে হেয়ার একাডেমির উদ্বোধন করতে চট্টগ্রাম এলে কথা হয় তাঁর সঙ্গে। সময় মাত্র আধঘণ্টা। দুপুর আড়াইটা থেকে তিনটা। হোটেল ওয়েল পার্কের অভ্যর্থনার চৌকাঠ পেরিয়ে ৬০৮ নম্বর কক্ষে টোকা। দরজা খুলে দিলেন জাওয়েদ হাবিব নিজেই। সঙ্গে ছিলেন হাবিব তাজকিরাজের উদ্যোক্তা রুম্মান আহমেদ। এক গাল হেসে স্বাগত জানালেন। চেহারায় ধরে রেখেছেন তারুণ্য। পরনে টি-শার্ট, কোট আর জিনস। কে বলবে তাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে।

আলাপচারিতার শুরুতে ফিরে গেলেন বিশ্ববিদ্যালয় জীবনে। বললেন, ‘আমি দিল্লির মুসলিম পরিবারের ছেলে। সাদামাটা জীবন। বিদ্যালয় ও কলেজে সুবোধ ছলের মতো আসা-যাওয়া করেছি। তবে জহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ফরাসি সাহিত্যে ভর্তি হওয়ার পর পাল্টাতে লাগল সব। নিজেই পরিবর্তনটা টের পেতে লাগলাম। মূলত তখন থেকেই আত্মবিশ্বাসের জন্ম। যা আমাকে এত দূর পর্যন্ত টেনে এনেছে।’

জাওয়েদ হাবিবের দাদা নজির আহমেদ ও বাবা হাবিব আহমেদও চুল কাটার এই পেশার সঙ্গে জড়িত ছিলেন। জাওয়েদের ভাষায়, উত্তরাধিকারের বৃত্তেই ফিরেছেন তিনি। তবে একটু ভিন্নভাবে। হেয়ার স্টাইল নিয়ে যে পড়াশোনার ব্যাপার আছে তা তিনি পৌঁছে দিয়েছেন ভারতের আনাচে-কানাচে। গড়ে তুলেছেন হেয়ার স্টাইল একাডেমি। যেখান থেকে তিন ও আট মাস এবং এক বছরের কোর্স করে প্রতিবছর ১৫ থেকে ১৬ হাজার প্রশিক্ষিত শিক্ষার্থী বের হচ্ছে। যাঁরা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে।

কীভাবে শুরু করলেন হেয়ার স্টাইল নিয়ে পড়াশোনার ‘আন্দোলন’? শুনুন জাওয়েদের মুখে—‘১৯৮৮ সালে ভারতে ফিরে এসে বাবার সেলুনে নিজে ব্যবসা শুরু করি। উন্নত বিশ্বে যে রকম হেয়ার স্টাইল নিয়ে একাডেমি আছে ভারতে তা নেই। এরপর ছোটখাট পরিসরে হেয়ার স্টাইল নিয়ে নানা সেমিনার ও কর্মশালার আয়োজন শুরু হয়। এটা ভারতের জন্য একেবারেই নতুন। প্রথম দিকে লোকজন চুল কাটার ওপর সেমিনার শুনলে চোখ কপালে তুলত। মন্তব্য করত এ আবার কী। চুল কাটা নিয়েও পড়তে হয় নাকি? এ ধরনের নানা প্রশ্ন আসত চারপাশ থেকে। কিন্তু আমি দমে যাইনি। বরং হাসি মুখে তাঁদের বুঝিয়েছি। এক সময় সবাই তো ভক্তই বনে গেল। হেয়ার স্টাইল নিয়ে পড়াশোনা করে যে ভালো কিছু করা যায় তা আমি প্রমাণ করলাম। দিনে দিনে আমার ক্ষেত্রও বড় হলো।’

জাওয়েদ হাবিবের খ্যাতি ছড়িয়ে পড়ে ২০০০ সালের দিকে। ২৪ ঘণ্টায় ৪১০ জনের চুল কেটে রেকর্ড গড়েন। দেশের সব টেলিভিশন সরাসরি সম্প্রচার করেন তখন। সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন জাওয়েদ। ওই বছরই নিযুক্ত হন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্কের সব বিজ্ঞাপনে মডেলও ছিলেন তিনি। ২০০৯ সাল পর্যন্ত কাজ করেন সানসিল্কের সঙ্গে। হেয়ার স্টাইল নিয়ে জাওয়েদ হাবিব লিখেছেন পাঁচটি বই—হেয়ার ইয়োগা, হেয়ার কালারাস, হেয়ার টিপস, প্রফেশনাল স্টাইলিং ও হেয়ার কেয়ার।

শেষ প্রশ্ন। এত দূর এলেন সফলতার কোনো মন্ত্র কী আছে? জাওয়েদের উত্তর, ‘আমি এখনো পুরোপুরি সফল হইনি। পরিশ্রম করে যাচ্ছি। লোকজন আমাকে ভারতের হেয়ার ম্যাকডোনাল্ড বলে, আমি সারা বিশ্বের হেয়ার ম্যাকডোনাল্ড হতে চাই। তবে এই এইটুকু বলতে পারি—পড়াশোনা করো। কাজের প্রেমে পড়ো, সফল হও।’

উচ্ছ্বাসে–আনন্দে তারুণ্যের জয়

আকাশে ঈদের চাঁদ। সেই খুশির আনন্দ নিয়েই মঞ্চে এলেন দুই তরুণ-তরুণী। গায়ে উৎসবের পোশাক। তরুণীর আবদার ঈদের সেলামির। তরুণের শর্ত, সেলামি নিতে হলে সালাম করতে হবে। অতঃপর শর্তপূরণ করে সেলামি আদায় করেই নিলেন তরুণী। এরপর ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হলো সবার মধ্যে। এই খুনসুটি ভরা দৃশ্যটি অভিনীত হয়েছে শুধুই ইশারায়। কোনো সংলাপ ছিল না।

এই পর্বটি শেষ হতেই বেজে উঠল পুজোর ঢাক। পুজোর অর্ঘ্য সাজিয়ে হিন্দু রমণীর সাজে মঞ্চে এলেন এক তরুণী। সৃষ্টি হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার আবহ। ঠিক একইভাবে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন ও বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধপূর্ণিমার দৃশ্যও অভিনীত হলো। অসাম্প্রদায়িক বার্তা ছড়িয়ে দেওয়ার এত সবকিছুই হয়েছে ফ্যাশন কিউর মাধ্যমে। ফ্যাশন ​িকউতে অংশ নেন বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা।

এ চিত্র কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো তারুণ্য উৎসব ২০১৫ এর সমাপনী পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতার। ৮ থেকে ১০ ডিসেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসেছিল আসর। চতুর্থবারের মতো বন্দরনগরে এই উৎসবের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা।

 ‘আমরাই বাংলাদেশ’ শিরোনামের এই প্রতিযোগিতায় আরও মাতিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চুয়েটের শিক্ষার্থীরা ছোট ছোট নাট্যাংশের মধ্য দিয়ে তুলে আনেন সমাজের নানা অসংগতি। তরুণদের প্রতিবাদের ভাষাকে যেন রূপান্তরিত করেছেন মঞ্চে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনয় গান ও নাচের মধ্য দিয়ে উঠে এসেছে স্বাধীনতার ইতিহাস। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে ধারাবাহিকভাবে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসের নানা পর্বকে তুলে ধরেছেন তাঁরা অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায়। তরুণদের এমন পরিবেশনা মুগ্ধ করে শিল্পকলা প্রাঙ্গণের হাজারো দর্শককে।

জিইসি এলাকা থেকে মেয়েকে নিয়ে উৎসবে আসা পারভীন সুলতানা বলেন. ‘দেশ নিয়ে তরুণদের ভাবনার প্রতিফলন দেখে আমি অভিভূত। তরুণেরা এভাবে ভাবে দেশ নিয়ে। এই তরুণেরা আমাদের উন্নতির িশখরে নিয়ে যাবেই। তারা আমাদের আশাবাদী করে তুলেছে।’

অন্য দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী মৌসুমী আহমেদের ভাবনা আরও বিস্তৃত। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণেরা বিশ্বজয় করছে। আমরা সেই পথেই এগোচ্ছি। বিশ্বব্যাপী লাল-সবুজের পতাকা ওড়ানোই আমাদের স্বপ্ন। তরুণদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ আরও প্রয়োজন।’

এদিকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পর্বও ছিল হৃদয়ছোঁয়া। ‘ও আলোর পথযাত্রী/এ যে রাত্রি/এখানে থেমো না’ গানের সঙ্গে একে একে লাল গালিচার ওপর দিয়ে ‘গার্ড অব অনার’ নিয়ে মঞ্চে উঠলেন মুক্তিযুদ্ধের পাঁচ বীর সেনানী ডা. মাহফুজুর রহমান, আ ক ম রইসুল হক বাহার, ফারুক ই আজম (বীরপ্রতীক), মো. সাহাবউদ্দিন ও অমল মিত্র। দর্শকের করতালিতে মুখর তখন পুরো শিল্পকলা প্রাঙ্গণ। বিজয়ের মাসে তারুণ্যের ভালোবাসায় এভাবেই সিক্ত হলেন রণাঙ্গণের বীর যোদ্ধারা। বন্ধুসভার বন্ধুদের ‘গার্ড অব অনারের’ পর বীর যোদ্ধাদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।

এর আগে বিকেলে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে বসে আন্তস্কুল ও আন্তকলেজ বিতর্কের চূড়ান্ত পর্বের আসর। এতে স্কুল পর্যায়ে শিরোপা জেতে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ। রানার আপ হয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ। কলেজ পর্যায়ের বিতর্কে রানার আপ হয় ক্যামব্রিয়ান কলেজ। আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রথম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি তৃতীয় হয়। সংবর্ধিত পাঁচ বীর সেনানী পুরস্কার তুলে দেন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে।

 ৮ ডিসেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক এবং বিক্রয় ও বিপণন প্রধান জহির উদ্দিন আহমেদ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

‘এ দেশে বারবার আসতে হবে’

বাংলাদেশে আসার আমন্ত্রণ পেয়েছিলেন আবাসিক শিল্পী হিসেবে। ২৪ নভেম্বর বিমানের টিকিটও কাটা ছিল। কিন্তু তার আগের সপ্তাহে ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলা হওয়ায় বিদেশ ভ্রমণে নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়। তার পরও নির্ধারিত সময়েই চট্টগ্রামে এলেন এরওয়ান পেরোঁ। এ দেশের অপূর্ব প্রকৃতি ও মানুষ তাঁর সব ভয় দূর করে দিয়েছে।

 ঝুঁটি বাধা সোনালি চুল আর ছিপছিপে গড়নের পেরেঁা কথাবার্তায় বেশ লাজুক। ৮ ডিসেম্বর বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ঢুকতেই দেখা গেল নিবিষ্ট মনে কাজ করছেন। এখানে এসে কেমন লাগছে জানতে চাইলে বললেন, ‘মানুষজন খুব আন্তরিক। তবে সবার কাছে আমি ভিনদেশি হয়ে থাকতে চাইনি। তেমনটা হলে আমাকে কেউ আপন করে নিত না।’

প্লাস্টার অব প্যারিস দিয়ে পাহাড় আর সাগরের ফণা তোলা ঢেউয়ের দৃশ্য তৈরি করছিলেন তিনি। ভাস্কর্য আর পেইন্টিংয়ের সমন্বয়ে মিশ্র মাধ্যমে কাজ করতে পছন্দ করেন বলে জানালেন তিনি। বললেন, তাঁর নিজের শহর বেজসোঁর সঙ্গে নাকি চট্টগ্রামের দারুণ মিল।

সুইজারল্যান্ডের সীমান্ত ঘেরা ফ্রান্সের পাহাড়ি শহর বেজসোঁ শিল্প-সাহিত্যের তীর্থ স্থান হিসেবে পরিচিত। এই নগরেরই সুপেরিয়র ইনস্টিটিউট অব ফাইন আর্ট বেজসোঁ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এরওয়ান পেরোঁ। আলিয়ঁস ফ্রঁসেজের আমন্ত্রণে আবাসিক শিল্পী হিসেবে রেসিডেন্সি প্রোগ্রামে চট্টগ্রামে আসা তাঁর। এর আগে গত জানুয়ারি মাসে বেজসোঁ শহরের আরেক শিল্পী ক্যামিলে আর্থেমিস মিলিয়ানও চট্টগ্রাম ঘুরে গেছেন। আর চট্টগ্রাম থেকে বেজসোঁর অতিথি হয়েছেন শিল্পী অপু ধর।

আড্ডা জমে ওঠে পেরোঁর সঙ্গে। বেজসোঁ আর চট্টগ্রামের শিল্পী বিনিময়ের প্রসঙ্গ আসে। পেরো বললেন, ‘চট্টগ্রাম থেকে কয়েক মাস আগে অপু ধর রেসিডেন্সি প্রোগ্রামে বেজসোঁ ঘুরে এসেছেন। এর আগে আমাদের শহরের ক্যামিলেও এখানে এসেছেন। শুনেছি এই বিনিময় চলতেই থাকবে।’ চট্টগ্রাম আর বেজসোঁর মধ্যে এভাবে একটি সেতুও তৈরি করছেন শিল্পীরা।

আটলান্টিকের তীরে ফ্রান্সের পশ্চিম উপকূলীয় ব্রিটনি এলাকায় জন্ম এরোয়ান পেরোঁর। কিশোর বয়সে সেখান থেকে চলে যান পাহাড়ি শহর বেজসোঁতে। এ কারণে পেরোর কাজে পাহাড় আর সমুদ্র ঘুরে ফিরে আসে। তবে তার অন্যতম ভাবনার বিষয় প্রকৃতি। প্রকৃতির ওপর মানুষের অযাচিত হস্তক্ষেপ পৃথিবীর সর্বনাশ ডেকে আনছে। গলছে বরফ, উষ্ণ হচ্ছে পৃথিবী। প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ২১ এ এই বিষয়টি নিয়ে চট্টগ্রামের শিল্পী অপু ধরের সঙ্গে যৌথভাবে নির্মিত তাঁর একটি ভিডিও আর্ট প্রদর্শিত হয়। সে কথা জানিয়ে পেরোঁ বললেন, ‘আমরা শিল্পকে অভিজাত ব্যক্তিদের মাঝে সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু পরিবেশ কিংবা মানুষের কথা বলতে হলে শিল্পকে সেই গণ্ডি থেকে বের করে আনতে হবে।’

১১ ডিসেম্বর বাংলাদেশ ছাড়া আগে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিল্পীদের নিয়ে কর্মশালা করেছেন পেরোঁ। এরপর এখানকার ১১ জন শিল্পীর সঙ্গে যৌথভাবে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এর ফাঁকে গেছেন পতেঙ্গা, শিল্পকলাসহ শহরের বিভিন্ন জায়গায়। খেয়েছেন ইলিশ, বন মোরগ, ভাত আর নানা পদের তরকারি। তবে এর মধ্যে সব চেয়ে ভালো লেগেছে ফালুদা। আর মুগ্ধ হয়েছেন রবীন্দ্রসংগীত শুনে।

কথা বলতে বলতে বিকেলের রোদ গাঢ় সোনার রং নিয়ে গড়াগড়ি খাচ্ছিল বারান্দায়। সে দিকে তাকিয়ে পেরো বললেন, ‘দেশে ফিরে এসব খুব মিস করব। এ দেশে বারবারই আসতে হবে আমাকে।’

ফেনীতে আঞ্চলিক গণিত উৎসব ১৬ জানুয়ারি

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ স্লোগানে আগামী ১৬ জানুয়ারি ফেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক গণিত উৎসব। এতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা অংশ নেবে। উৎসবের স্থান নির্ধারণ করা হয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ইতিমধ্যে শুরু হয়েছে উৎসবে অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন।

 ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত উৎসবে সার্বিক সহযোগিতা করছে বন্ধুসভা। উৎসব শুরু হবে সকাল সাড়ে আটটায়। পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।

উৎসবে চারটি ​িবভাগে প্রতিযোগীরা অংশ নেবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি প্রাথমিক বিভাগ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি জুনিয়র বিভাগ, নবম ও দশম শ্রেণি মাধ্যমিক বিভাগ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি উচ্চ মাধ্যমিক বিভাগ। ২০১৫ সালে যারা যে শ্রেণিতে লেখাপড়া করেছে সে অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে। প্রতিযোগীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে আসতে হবে।

 আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম আলো ফেনী কার্যালয়ে (ট্রাংক রোড, বাটা বাজারের তৃতীয় তলায়) শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলবে। প্রয়োজনে যোগাযোগ: ০৩৩১-৬৩২৫৫ (ফেনী কার্যালয়), ০১৮১২-৪৪৪১৯০ (মিরাজ) ও ০১৭১৭-৯৫৯৫৯২ (এমরান)।

সংস্কৃতি সংবাদ

আলোকচিত্রে বাংলার ইতিহাস

আলোকচিত্রে গল্পের মতো করে তুলে ধরা হয়েছে বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার মানচিত্র থেকে শুরু করে রক্তাক্ত মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জন্ম প্রত্যক্ষ করল দর্শকেরা। সংগ্রাহক সাহাব উদ্দিন মজুমদারের সংগ্রহ করা ৩৬৬টি আলোকচিত্র নিয়ে শিল্পকলা একাডেমীর গ্যালারিতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ইতিহাস কথা কয়’ শিরোনামে ৭ ডিসেম্বর এই প্রদর্শনী শুরু হয়েছে।

প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনেক দুর্লভ ছবি স্থান পেয়েছে। একটি ছবির কথা বলা যাক, সত্তরের নির্বাচনের প্রচারণায় বেরিয়েছেন বঙ্গবন্ধু। গাড়ির জানালায় মুখের কাছে হাত মুঠো করে কিছু বলছেন তিনি। গাড়িতে লেখা স্লোগান, ‘নৌকায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।’ সত্তরের এই আলোকচিত্র দর্শককে এক মুহূর্তে সেই উত্তাল সময়ে নিয়ে যায়।

 এ ছাড়া প্রদর্শনীতে স্থান পেয়েছে নবাব সিরাজদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের পলাশী যুদ্ধের নকশার ছবি, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের নানা উত্তাল মুহূর্ত, ফকির সন্ন্যাসী বিদ্রোহের আঁকা ছবির আলোকচিত্র, চট্টগ্রামের যুব বিদ্রোহ, সত্যাগ্রহ আন্দোলন, ১৯৪৩ সালের দুর্ভিক্ষ, তেভাগা আন্দোলন, ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গা, বায়ান্নর ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন ও ১৯৬৬ সালে ঘোষিত বঙ্গবন্ধুর ছয় দফা নিয়ে আন্দোলনের ছবি। স্থান পেয়েছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও ৭৫ পরবর্তী বাংলাদেশের সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতার ছবিও।

আলোকচিত্র সংগ্রাহক সাহাব উদ্দিন মজুমদার বলেন, ‘২০০৩ সাল থেকে এই প্রদর্শনীর আয়োজন করে আসছি। শুরু করেছিলাম লালদীঘির ময়দানে বিজয় মেলায়। ১৯৭৫ সালের পটপরিবর্তনের ফলে আমাদের ইতিহাস যেভাবে বিকৃত হওয়া শুরু হয়েছিল তা দেখে আমার মনে হয়েছে পরবর্তী প্রজন্মকে বাংলার সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধকে জানাতে হবে। আমার বিশ্বাস এই প্রদর্শনী দেখে শিক্ষার্থীরাসহ যে কেউ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আর তখনই আমার এই প্রদর্শনীটি সার্থক হবে।’

সাহাব উদ্দিন মজুমদারের সংগ্রহ ও সম্পাদনায় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রদর্শনীটির সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম খান। প্রদর্শনীটি ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংস্কৃতি সংবাদ

‘বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্য তৈরি হতে হবে অনুবাদকদের’

মঞ্চে দাঁড়িয়ে সামনের সারিতে বসে থাকা ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ও দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি ইংরেজি ভাষায় বাংলাদেশের সাহিত্যের ইতিহাস রচনা করতে চান?’ এমন প্রশ্নের মধ্য দিয়ে আসলে একদল দক্ষ অনুবাদকের প্রয়োজনীয়তার কথাই তুলে ধরলেন কবি কায়সার হক।

চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার পাঠকের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিজের কবিতা ও লেখা থেকে পাঠের পাশাপাশি আলোচনা করলেন ইংরেজি ভাষায় লেখালেখি বিষয়ে।

কবি কায়সার হক সত্তরের দশক থেকেই ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করছেন। পেয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতি ও স্বীকৃতি। পাশাপাশি মনসামঙ্গল কাব্য, রবীন্দ্রনাথের উপন্যাস চতুরঙ্গ, শামসুর রাহমানের কবিতা, নাসরীন জাহানের উড়ুক্কু উপন্যাসসহ এ দেশের হালফিল কবি ও সাহিত্যিকদের বহু লেখা তাঁর অনুবাদে পৌঁছেছে বৈশ্বিক পাঠকদের কাছে। অনুষ্ঠানে নানা আলোচনায় এল সেসব প্রসঙ্গও। পাশাপাশি পাঠকের নানা প্রশ্নেরও বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন কায়সার। এ দেশের মানুষের বাংলা ভাষার প্রতি গভীর মমতার কথা বার বার উল্লেখ করলেন কায়সার হক। এই মমতা বা দায়বদ্ধতা থেকেই এখানকার প্রধান কবি-সাহিত্যিকেরা বাংলায় লিখছেন। কিন্তু আন্তর্জাতিক মহলে দেশের সাহিত্যকে তুলে ধরতে হলে ইংরেজি ভাষার চর্চাও বাড়াতে হবে বলে মনে করেন তিনি। ভালো অনুবাদ হলে এ দেশের সাহিত্য পৃথিবীর মানুষের মন জয় করতে পারবে।

আসরে তাঁর কবিতা সংগ্রহ পাবলিশড ইন দা স্ট্রিটস অব ঢাকা: কালেকটেড পোয়েমস বই থেকে বেশ কিছু কবিতা পড়েন তিনি। এরপর মনসামঙ্গল কাব্য ও কোম্পানি আমলে বিলেত ভ্রমণ নিয়ে মির্জা শেখের লেখা বিলাত নামারঅনুবাদ থেকেও পাঠ করেন তিনি।

অনুষ্ঠানে কায়সার হকের লেখা নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক কামাল উদ্দিন, চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাফিয়া গাজী রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এম নুরুজ্জামান ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা সার্মেন রড্রিক্স।

প্রিমিয়ারে বিতর্ক উৎ​সব

‘দেশের সব সমুদ্র বন্দর বেসরকারিকরণ করবে সরকার’—প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবে উত্তপ্ত সংসদ। বিরোধী দলীয় এর বিরোধিতা করে একের পর এক যুক্তি দিয়ে চলেছে। সরকারি দলও নাছোড়। তারা প্রধানমন্ত্রীর প্রস্তাবের পক্ষে দাঁড় করায় নানা যুক্তি। তবে ছিল না কোনো ওয়াকআউট কিংবা ফাইল ছোড়াছুড়ি। এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। বলছিলাম পিইউডিএস চতুর্থ জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্তপর্বের কথা।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে দুই দিনব্যাপী এই বিতর্ক উৎসবে অংশ নেয় সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা। ৪ ও ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসব।

চূড়ান্তপর্বে সরকারি দলে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিরোধী দল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। যুক্তিবাণে অবশেষে পরাস্ত হয় সরকারি দল। শিরোপা জেতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি বলেন, ‘সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করে একটি যুক্তিবাদী শান্তিময় সমাজ গঠনের প্রত্যাশা করছে আজকের তরুণ বিতার্কিকেরা। বুলেট-বন্দুক নয়, যুক্তি দিয়ে যুদ্ধ জয় করার মন্ত্রকে বুকে ধারণ করে বিতার্কিকদের পথ চলতে হবে।’

পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে এ পর্বে অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান তৌফিক সাইদ, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী ডিন মইনুল হক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। সমাপনী পর্বে কথামালা ও পুরস্কার বিতরণ শেষে দেশের বিভিন্ন জেলার সাবেক বিতার্কিকদের অংশগ্রহণে ছিল আঞ্চলিক বিতর্ক এতে সভাপতিত্ব করেন দৃষ্টির সভাপতি মাসুদ বকুল। এরপর ব্যান্ডদল ‘যান্ত্রিক’ সুরের মূর্ছনায় মাতিয়ে তোলে।

খড়িমাটির উৎপলকুমার বসু স্মরণ

‘তিনি খুঁড়ে আনেন শব্দের সাহস’

কবি উৎপলকুমার বসু জীবন ও প্রকৃতির মধ্যে সত্যকে চিরকালীন করে তুলেছেন। তিনি বুদ্ধি দিয়ে কবিতা লেখতে চাননি। অনুভবের গভীর থেকে খুঁড়ে আনেন শব্দের সাহস। তাই আমরা তার কবিতার ভাষা সহজে অনুমান করতে পারি। সবকিছু যেন নিজেদের মনে হয়।’ ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে ১১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে কবি উৎপলকুমার বসু স্মরণানুষ্ঠানে কবিরা এ কথা বলেন।

তোমাতেই চিহ্নিত হই শিরোনামের এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা, স্মৃতিকথা ও কবিতাপাঠের শুরুতে খড়িমাটি সম্পাদক কবি মুনিরুল মনির আলোচনার সূত্রপাত করেন। কবি ভাগ্যধন বড়ুয়ার সঞ্চালনায় উৎপলকুমার বসুর কবিতা থেকে পাঠ করে শোনান বাচিকশিল্পী শ্রাবণী দাশগুপ্তা। এরপর আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন সাথী দাস, আনন্দ মোহন রক্ষিত , অভীক ওসমান, ওমর কায়সার, রিজোয়ান মাহমুদ, ইউসুফ মুহম্মদ, খালেদ হামিদী, বিজন মজুমদার, শাহিদ হাসান, দিলীপ কিত্তুনিয়া, মুহাম্মাদ আমানুল্লাহ, ওমর ফারুক জীবন, সারাফ নাওয়ার, আজিজ কাজল, শেখর দেব, ফারহানা আনন্দময়ী, আখতারী ইসলাম, রিমঝিম আহমেদ, রোমেনা আফরোজ, ফরিদা ইয়াসমিন সুমী।

এসময় আরো উপস্থিত ছিলেন কবি বিশ্বজিৎ চৌধুরী, সাজিদুল হক, শারদ মাজহার, নাজমুন নাহার, আরন্যক টিটো, উপল বড়ুয়া, গল্পকার রথীন্দ্রপ্রসাদ দত্ত, গবেষক আজাদ বুলবুল ও প্রাবন্ধিক আবু সাঈদ।

বাংলা ভাষার উজ্জ্বলতম কবি উৎপলকুমার বসু গত ৩ অক্টোবর ২০১৫ শনিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তখন তার বয়স ছিল ৭৬ বছর। তিনি ৩ আগস্ট ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন।

রাউজান ক্লাবের চিকিৎসা শিবির ১৬ ও ১৭ ডিসেম্বর

সামাজিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে ১৬ ও ১৭ ডিসেম্বর দুই দিনব্যাপী চিকিৎসা শিবির ফটিকছড়ির নিশ্চিন্তাপুর সমিতির হাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করছে আর. বি. জন কল্যাণ পরিষদ ও সমিতির হাট প্রবাসী পরিষদ। শিবিরে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। বিজ্ঞপ্তি।

সাতকানিয়ায় কৃষি বিভাগের মাঠ দিবস পালন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির ওপর মাঠ দিবস পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার এ মাঠ দিবস পালিত হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রত্না বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, নাছির উদ্দিন, দুলন কৃষ্ণ নাথ, টিটু দাশ ও স্থানীয় কৃষক সন্তোষ মহাজন।

বক্তারা বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি কাজে যন্ত্রপাতি ব্যবহারের ফলে কম সময় ও কম খরচে ফসল উৎপাদন করা যাচ্ছে এবং ফলনও বাড়ছে। কৃষকেরা ব্যক্তিগতভাবে বা সমিতির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে চাষ করলে ফলন আরও বাড়বে বলে মন্তব্য করেন তাঁরা।

নাজিরহাট হানাদার দিবস উদ্‌যাপন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিহাটে ৯ ডিসেম্বর নাজিরহাট হানাদার মুক্ত দিবস উদ্‌যাপিত হয়েছে। নাজিরহাট হানাদার মুক্ত দিবস উদ্‌যাপন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে নাজিরহাট পুরোনো বাসস্ট্যান্ডে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর সমাধি সৌধের পাশেই স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সভায় ফটিকছড়ি আসনের সাবেক সাংসদ মজহারুল হক শাহ ৯ ডিসেম্বরের সম্মুখ যুদ্ধের বিবরণ তুলে ধরেন। বক্তব্য দেন আবু ছৈয়দ, বোরহান আহামেদ, কে এম জাহিদুল আলম। বিজ্ঞপ্তি।

কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডব

ছয় দিনে ৩৯ নৌকায় লুটপাট, আহত ২৮ জেলে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে মাছ ধরতে পারছেন না জেলেরা। সাগরে নামলেই দস্যুবাহিনীর হামলার শিকার হচ্ছেন। গত ছয় দিনে দস্যুরা ইঞ্জিনচালিত ৩৯টি মাছ ধরার নৌকায় (ট্রলার) হামলা চালিয়ে কোটি টাকার মাছ, জাল ও জ্বালানি তেল নিয়ে গেছে। আহত হয়েছেন ওই সব ট্রলারের অন্তত ২৮ জেলে। পুলিশ ও ফিশিং বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, গত ১০ ডিসেম্বর সকালে উখিয়ার ইনানী উপকূলে দস্যুদের হামলার শিকার হয় বাহারছড়া এলাকার গোলাম হোসেনের একটি মাছ ধরার নৌকা। দস্যুরা নৌকার ১২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকার মাছ লুট করে। দস্যুদের পিটুনিতে আহত হন পাঁচজন। একই দিন সেন্ট মার্টিন উপকূলে কুতুবদিয়ার দুটি ট্রলারে লুটপাট চালায় দস্যুরা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, সাগরে জেলেদের নিরাপত্তা দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। গভীর সাগরে নামার নৌযান পুলিশের নেই।

৯ ডিসেম্বর ভোর পাঁচটার দিকে সাগর থেকে মাছ ধরে কক্সবাজার শহরে ফিরছিলেন খুরুশকূল গ্রামের আবদুল রশিদের একটি নৌকার ১৮ জেলে। নৌকাটি মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ৪০-৪৫ জনের দস্যুদল নৌকাটি জিম্মি করে। এরপর ১৮ জেলেকে হাত-পা বেঁধে পিটুনি শুরু করে দস্যুরা।

এ সময় েনৗকায় থাকা ১০ লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল লুট করে। পরে অন্য একটি নৌকায় ১৮ জেলেকে উদ্ধার করে কক্সবাজার নিয়ে আসা হয়।

একই দিন ওই এলাকার মহেশখালীর সাইফুল ইসলাম, মনজুর আলম ও কুতুবদিয়ার গোলাম কাদেরের মালিকানাধীন নৌকাও লুটপাট চালায় দস্যুরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ জানান, সোনাদিয়া চ্যানেলে দস্যু বাহিনীর হাতে প্রায় সময় জেলেরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু জলযান না থাকায় সেখানে গিয়ে পুলিশের পক্ষে দস্যু বাহিনীকে ধরা সম্ভব হচ্ছে না। তার পরও পুলিশ উপকূলে অভিযান চালিয়ে দস্যুদের ধরার চেষ্টা চালাচ্ছে।

জেলেরা জানান, এর আগে ৫ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সাগরের সোনাদিয়া, ধলঘাটা ও মনখালী উপকূলে দস্যুদের কবলে পড়েছে কমপক্ষে ৩২টি মাছ ধরার নৌকায়।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গত ছয় দিনে ৩৯টি ট্রলার দস্যুদের কবলে পড়েছে। এ সময় ট্রলারের কোটি টাকার মাছ, জালসহ বিভিন্ন মালামাল লুট করে। দস্যুদের হামলায় অন্তত ২৮ জেলে আহত হয়েছেন।

মুজিবুর রহমান জানান, জেলায় ছোটবড় প্রায় ছয় হাজার ট্রলারে জেলে রয়েছেন প্রায় এক লাখ। ডাকাতির কারণে তাঁদের বেশির ভাগ সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন। গত ছয় মাসে দস্যুরা শতাধিক জেলেসহ ৪১টি নৌকা অপহরণ করেছে। এ পর্যন্ত কোটি টাকা মুক্তিপণে দিয়ে ফিরে এসেছেন ওই সব ট্রলারের ৬৩ জেলে। গত তিন বছরে দস্যুদের গুলি ও হামলায় নিহত হয়েছেন ৪০ জনের বেশি জেলে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় শতাধিক।

সমিতির নেতারা জানান, গত ২৯ অক্টোবর বাঁশখালী, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া উপজেলার ৪১ জলদস্যুর নাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এই দস্যুরা ভাগাভাগি করে নিয়ন্ত্রণ করছে জেলার সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূল।

জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, সাগরে একাধিক দস্যুবাহিনী নৌকায় লুটপাট চালানোর খবর পাচ্ছি। দস্যুতা বন্ধ করতে কোস্টগার্ড ও পুলিশকে বলা হয়েছে।

কোস্টগার্ড কক্সবাজারের কন্টিজেন্ট কমান্ডার মো. আলী আকতার জানান, দস্যুদের ধরতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করা হয়েছে।

চুরি ঠেকাতে ট্রান্সফরমারে তালা ও শেকল

বিদ্যুতের খুঁটির সঙ্গে শেকল দিয়ে বাঁধা হয়েছে ট্রান্সফরমার। শেকলের সঙ্গে ঝুলছে তালাও। আনোয়ারায় বিভিন্ন গ্রামে এখন এভাবে ট্রান্সফরমার চুরি ঠেকানোর অভিনব উদ্যোগ নিয়েছেন পল্লীবিদ্যুতের স্থানীয় গ্রাহকেরা। আর এতে কাজও হচ্ছে। ট্রান্সফরমার চুরিও কমেছে আগের চেয়ে।

সরেজমিন দেখা গেছে, উপজেলা রায়পুরের গহিরা, চুন্নাপাড়া, ছিপাতলী ঘাটসহ কয়েকটি গ্রামের বিদ্যুতের খুঁটিতে শোভা পাচ্ছে শেকল ও তালা লাগানো ট্রান্সফরমার। কেন এমন ব্যবস্থা? জানতে চাইলে স্থানীয় পল্লীবিদ্যুতের গ্রাহকেরা বলেন, ইদানীং ব্যাপকভাবে ট্রান্সফরমার চুরি বেড়ে গেছে। আর চুরি ঠেকাতে পল্লীবিদ্যুৎ বিভাগেরও কোনো উদ্যোগ নেই। তা ছাড়া ট্রান্সফরমার চুরি গেলে গ্রাহকদেরই চাঁদা তুলে নতুন ট্রান্সফরমার কিনে দিতে হয়। এই ঝামেলা এড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।

এ প্রসঙ্গে গহিরা গ্রামের বিদ্যালয় শিক্ষক জাহাঙ্গীর আলম (৩৭) তাঁর দুর্ভোগের বিষয়টি তুলে ধরলেন। তিনি বলেন, ‘আমাদের বাড়ির ট্রান্সফরমারটি দুইবার চুরি হয়েছে। দুইবারই টাকা তুলে আমরা ট্রান্সফরমার লাগিয়েছি। ফলে অনেক টাকা লোকসান হয়েছে। তাই চুরি ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছি।’

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, উপজেলার ১১ ইউনিয়ন ও কর্ণফুলী থানার দুই ইউনিয়ন মিলিয়ে আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের গ্রাহক আছেন ৩১ হাজার ৫৭৮ জন। গ্রাহকদের সেবা দিতে ওই কার্যালয়ে ২০ জন লাইনম্যান, দুজন সহকারী প্রকৌশলী ও একজন উপমহাব্যবস্থাপক আছেন। কিন্তু এই লোকবল দিয়ে গ্রাহকের সব সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানান সংস্থার কর্মকর্তারা। ফলে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরিও ঠেকানো যাচ্ছে না। ভোগান্তি এড়াতে এবার গ্রাহকেরাই অভিনব উদ্যোগ নিয়েছেন।

আনোয়ারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, ‘অনেক জায়গায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে, তাই আমরাও গ্রাহকদের সচেতন হতে উদ্বুদ্ধ করছি।’

তিনি আরও বলেন, ‘এখন গ্রাহকেরা অনেক বেশি সচেতন তাই আগের তুলনায় এখন চুরি অনেকটাই কমে এসেছে। তা ছাড়া আমরা চুরি ঠেকাতে গ্রাহকসভা করে যাচ্ছি নিয়মিত।’

কক্সবাজারে মতবিনিময় সভায় বক্তারা

ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতের দাবি

কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা, পর্যটন শহর কক্সবাজারে ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ এবং বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে এই সভার আয়োজন করে।

ক্যাব কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, মানব জীবন নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে খাদ্য নিরাপত্তার বিকল্প নেই। বাজারে প্রতিদিন ভেজাল খাদ্য বিক্রি হচ্ছে। ফরমালিনযুক্ত খাবার ও ফলমূল খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। সচেতন করতে হবে ভোক্তাদের। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাটবাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা তুলে ধরেন।

সভায় বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্যাংকার এস এম নাজের হোছাইন, প্রকৌশলী কানন পাল, স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বডুয়া, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।

বাঘাইছড়ি ও মহেশখালী

বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বাঘাইছড়ি: বাঘাইছড়ির মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্যোগে চৌমুহনী এলাকা থেকে ৭ ডিসেম্বর সকালে শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমুহনী মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বাঘাইছড়ি আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ, বাঘাইছড়ি ছাত্রলীগের সভাপতি সুজিত চক্রবর্তী প্রমুখ।

মহেশখালী: মহেশখালীতে ৮ ডিসেম্বর সকাল ১০টায় পল্লী বিদ্যুতের মহেশখালী আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.নোমান হোসেন। সভাপতিত্ব করেন মহেশখালী পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল বাশার সামশুদ্দিন আহমেদ। বক্তব্য দেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো.মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক দেবব্রত ভৌমিক, প্রকৌশলী গোপাল চক্রবর্তী প্রমুখ।

লোহাগাড়ায় দুর্নীতি বিরোধী দিবস পালন

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ স্লোগানে লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা গণ মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহমদ খান।

প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), চট্টগ্রাম-এর উপপরিচালক সৈয়দ আহমদ। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।

উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

কক্সবাজারের উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ৭ ডিসেম্বর চৌধুরী মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কাশেম। বক্তব্য দেন কমিটির সহসভাপতি লিয়াকত আলী, সদস্য আবদুল হামিদ, জাফর আলম, আবদুল্লাহ মো. তাহের, আমান উল্লাহ, রফিক মাহমুদ, রেজাউল করিম, আবদুস শুক্কুর প্রমুখ। সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা আদিল চৌধুরী।

সভায় উখিয়ায় মানব পাচারকারীদের গ্রেপ্তার ও তাদের কবল থেকে ফিরে আসা লোকজনের পক্ষে ক্ষতিপূরণ দাবি করা হয়।

সভায় মানব পাচার প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হামিদ খানের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এই নগরে-দূর গ্রামে

দুর্নীতি প্রতিরোধ দিবসে নানা কর্মসূচি

নানা কর্মসূচির মধ্য দিয়ে ৯ ডিসেম্বর নগরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় নন্দনকাননে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টায় দুর্নীতি বিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার পর সকাল সাড়ে দশটায় মুসলিম হল মিলনায়তনে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সততা সংঘ, বিএনসিসি, সচেতন নাগরিক কমিটি ও বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেন। মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ও দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া।

বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ, দুদক উপপরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফাতেমা জেবুননেসা প্রমুখ। বিজ্ঞপ্তি।

শিল্পকলায় বাচিক উৎসব ২৪ ও ২৫ ডিসেম্বর

তারুণ্যের উচ্ছ্বাস ও শঙ্খমালার উদ্যোগে ‘ভাষায় ভালোবাসায় এপার-ওপার বাচিক উৎসব’ ২৪ ও ২৫ ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ভারতের পশ্চিমবঙ্গে নজরুল মঞ্চে এই আসর অনুষ্ঠিত হবে আগামী ১৫,১৬ ও ১৭ জানুয়ারি। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, শ্রুতি নাটক, সংগীত, আবৃত্তি আড্ডা, শোভাযাত্রা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

স্পিকার্স কাউন্সিলে আইইএলটিএস শিক্ষার্থীদের সনদ বিতরণ

নগরের জিইসি মোড়ের ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান স্পিকার্স কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে ৬ ডিসেম্বর প্রতিষ্ঠান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ইমরান আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা সাইফুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তুহিন শুভ্র সেন, ইউএসটিসির বিজনেস ফ্যাকাল্টির সহকারী অধ্যাপক বি কে ধর, স্পিকার্স কাউন্সিলের উপদেষ্টা আজিজুল কাদের প্রমুখ।

গত ২১ নভেম্বর স্পিকার্স কাউন্সিল টেস্ট ভেন্যুতে অনুষ্ঠিত পরীক্ষায় ৩২ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে ভালো ফলাফল করা নয়জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি।

কাল টিআইসিতে ‘মুক্তির কথা শুনি’

১৪ ডিসেম্বর। ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। দেশের এগিয়ে যাওয়ায় যাঁরা স্তম্ভ, সেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই দিনে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বিতর্ক সংগঠন দৃষ্টি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তির কথা শুনি’। এতে সহযোগিতা করছে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি। অনুষ্ঠানে স্মৃতিচারণ আর গল্পের ফাঁকে দেশের গান, আবৃত্তি, কবিতা ও উপন্যাস থেকে পাঠ করবেন শিল্পীরা। অনুষ্ঠানে অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও রোটারিয়ান আবদুল আউয়াল। বিজ্ঞপ্তি।

মহেশখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা ইপসার উদ্যোগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এ নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। এতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন, বেসরকারি এনজিও সংস্থা রিকের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল আনোয়ার ও ইপসার প্রকল্প পরিচালক ফরিদুল আলম। –মহেশখালী প্রতিনিধি

লাকি স্টার ক্লাবের ফুটবল কমিটি গঠিত

আসন্ন সিজেকেএস, সিডিএফএ বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল ২০১৫ এ অংশগ্রহণকারী ফিরিঙ্গিবাজার লাকি স্টার ক্লাবের ফুটবল কমিটি গঠনের লক্ষ্যে এক সভা ১০ ডিসেম্বর ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ। সভায় বক্তব্য দেন শাহাদাত হোসেন, তিমির বরণ চৌধুরী, অনুপ বিশ্বাস, আবিদ হোসেন, খোরশেদ আলম রহমান, ইয়াছির আরাফাত, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় মো. আমিনুল ইসলামকে চেয়ারম্যান ও নেজাম উদ্দীনকে ব্যবস্থাপক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষেÿএ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। উপস্থিত ছিলেন পুরো কৌশল বিভাগের প্রধান আলী আশরাফ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, নারী উদ্যোক্তা সুলতানা নূর জাহান প্রমুখ।

 প্রতিযোগিতায় বিজয়ী হয় পুরো কৌশল বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিলেন শাখাওয়াত উল্লাহ চৌধুরী। বিজ্ঞপ্তি।

ক্বণনের আবৃত্তি প্রতিযোগিতা ২৪ ডিসেম্বর

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে ২৪ ডিসেম্বর বিকেল তিনটায় থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দুই বিভাগে নবম থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফরম পাওয়া যাবে বুকমার্ক (চেরাগী পাহাড়), কারেন্ট বুক সেন্টার (নিউ মার্কেটের বিপরীতে) ও প্রথমায় (সানমার স্প্রিং টাওয়ার, জামালখান)। প্রতিযোগীদের ১১ ও ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় চেরাগী পাহাড় কদম মোবারক এম. ওয়াই স্কুলে (তৃতীয় তলায়) ফরম জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৭২২৪৪৬৩৬২)। বিজ্ঞপ্তি

চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা এসএআরপিভির উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এরপর সকাল সাড়ে ১১টায় প্রদীপালয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসএআরপিভির আঞ্চলিক সমন্বয়ক কাজী মাকসুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ইয়াছমিন সুলতানা, সাজ্জাদ হোসেন, আবদুল মালেক, জয়নাল আবেদিন, মো. শাহরিয়ার প্রমুখ। সভা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। —চকরিয়া প্রতিনিধি

মৃত্যুবার্ষিকী

সৈয়দ মোহাম্মদ আলমগীর চৌধুরী

সমাজসেবী সৈয়দ মোহাম্মদ আলমগীর চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী ১৬ ডিসেম্বর। তিনি ২০০৬ সালের এই দিনে ইন্তেকাল করেন। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।