মৃত্যুর তিন দশক পর টিটো
ধর্ম, ভাষা আর জাতীয়তার নানা ফারাক সত্ত্বেও যুগোস্লাভিয়া নামের রাষ্ট্রটিকে ৩৫ বছর একসঙ্গে ধরে রেখেছিলেন জোসেফ ব্রোজ টিটো। সে কাজে মার্শাল টিটো নামেই বেশি পরিচিত এ নেতার মন্ত্র ছিল ভ্রাতৃত্ব আর ঐক্য। কিন্তু ১৯৮০ সালে তাঁর মৃত্যুর পর বেশি দিন স্থায়ী হয়নি যুগোস্লাভিয়ার অস্তিত্ব। ক্রমে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে বলকান অঞ্চলে। এ বিষের পরিণতি হিসেবে ভূখণ্ডটি কলঙ্কিত হয় যুদ্ধ আর গণহত্যায়। যুগোস্লাভিয়া ভেঙে জন্ম হয় বসনিয়া, হারজেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া ও মন্টেনিগ্রোর। সর্বশেষ ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করেছে সার্বিয়ার প্রদেশ কসোভো। মাত্র ৩০ বছরের ব্যবধানে বলকান অঞ্চলের একসময়ের সবচেয়ে প্রভাবশালী সেই মানুষটির স্মৃতি এখন অবহেলিত। বলিষ্ঠ ব্যক্তিত্ব আর রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যুগোস্লাভিয়াকে একসূত্রে বেঁধে ছিলেন টিটো। কিন্তু আজ সেই নেতার স্মৃতির প্রশ্নে দ্বিধাবিভক্ত এ অঞ্চলের মানুষ। টিটোর মৃত্যুর ৩০ বছর পর এখনো অনেকে (এর মধ্যে আছেন সার্ব, ক্রোয়াট, বসনীয় ও অন্যান্য জাতিগোষ্ঠীর সবাই) নিজেদের ‘যুগো-স্মৃতিকাতর’ হিসেবে অভিহিত করেন। আবার এর বিপরীত মনোভাবও আছে।মার্শাল টিটোর নেতৃত্বে যুগোস্লাভিয়া হয়ে উঠেছিল একটি প্রভাবশালী দেশ। ভৌগোলিক আকৃতির তুলনায় অনেক বেশি ছিল সেই প্রভাব। যুগোস্লাভিয়া হয়ে উঠেছিল দুই শিবিরের বাইরের জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা।বলকান অঞ্চলের ভ্রাতৃঘাতী রক্তক্ষয়ী যুদ্ধের জন্যও অনেকে টিটোকেই দোষারোপ করেন। তাঁর ঘনিষ্ঠ সহচর সাবেক যুগোস্লাভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার রাইফ দিজদারাভিচের বিশ্বাস, যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার মূল কারণ যে জাতীয়তাবাদ। তার বীজ বোনা হয়েছিল ১৯৭৪ সালের নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই। বলকান অঞ্চলে টিটোর অবদান নিয়ে বলতে গিয়ে দিজদারাভিচ বলেন, প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার না করেই ওই সংবিধান কেন্দ্রীয় সরকারের কাঠামো শিথিল করেছিল। টিটোর শাসনামলে প্রজাতন্ত্রগুলোর পুরোনো পতাকা ও জাতীয় সংগীত নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু চোখের আড়াল মানেই মনের আড়াল নয়। ক্রমে নতুন করে জাতীয়তাবাদী চেতনার উত্থানের কারণে ‘এক- যুগোস্লাভিয়া’র স্বপ্ন ধূলিসাৎ হয়। সাবেক যুগোস্লাভিয়া ভেঙে নতুন যে কয়টি দেশ সৃষ্টি হয়েছে সেখানে টিটোর স্মৃতি সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সার্বিয়ায়ও টিটোর মূর্তিগুলো হারিয়ে যাচ্ছে। মার্শাল টিটো নামে সড়কও দেখা যাচ্ছে না আগের মতো।বলকান অঞ্চলে, বিশেষ করে বসনিয়ায় যুদ্ধের সবচেয়ে বড় প্রতিক্রিয়াটি হলো জনগণের মধ্যে বিচ্ছিন্নতা। একসময় পাশাপাশি বাস করলেও মুসলিম, ক্রোয়াট ও সার্বরা এখন দূরে দূরে থাকে। অন্যদিকে বসনীয় সার্বরা তাদের খুদে রাজ্য রিপাবলিকান সার্বস্কায় নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে থাকতে বদ্ধপরিকর। ১৯৯৫ সালের শেষদিকে স্বাক্ষরিত ডেটন চুক্তিতে বসনীয় সার্বদের একটি পৃথক রাজনৈতিক মর্যাদা দেওয়া হয়েছিল। সবদিক বিবেচনায় টিটোর মৃত্যুর তিন দশক পর তাঁর স্মৃতি নিয়ে উচ্ছ্বাসের কোনো অবকাশ নেই। প্রাপ্তির মধ্যে শুধু বলকান অঞ্চলে যুদ্ধ থেমে গেছে। বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়া পরস্পর শত্রু দেশ নয়, যদিও পরস্পরের সঙ্গে যুক্ত অভিন্ন ইতিহাসের সুগভীর ছায়া তাদের ওপর বহুদিন থেকে যাবে। সব কটি দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী। এক ইউরোপ নীতির প্রভাবে একসময় হয়তো তাদের জাতীয়তাবাদের উগ্রতায় নমনীয়তার প্রলেপ পড়বে। ক্ষুদ্রতর জাতীয় পরিচয় ছাপিয়ে ফিরে আসবে বৃহত্তর সেই জাতীয়তাবোধের চেতনা, যা টিটোর মৃত্যুর পর হারিয়ে গিয়েছিল। এভাবেই হয়তো জাগরুক থাকবে জোসেফ ব্রোজ টিটোর প্রাসঙ্গিকতা।