গত ২৩ সেপ্টেম্বর মারা যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওসেনসাইড শহরের কোষাধ্যক্ষ গ্যারি আর্নস্ট। কিন্তু ৮ নভেম্বরের নির্বাচনে ফল ঘোষণার পর দেখা গেল, তাঁকেই আবার পছন্দ করেছেন শহরের অধিকাংশ ভোটার।
শহর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বলেছে, ডায়াবেটিস জটিলতায় মারা যাওয়ার পর ব্যালট থেকে গ্যারির নামটা সরানো হয়নি। এ কারণে ভোটাররা বিভ্রান্ত হয়ে তাঁকেই ভোট দিয়েছেন। ১৭ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী ন্যাডিন স্কটের চেয়ে ৬ শতাংশ ভোট বেশি পেয়েছেন গ্যারি।
শহর কর্তৃপক্ষ আরও বলেছে, গ্যারির মৃত্যুর পর শর্ত পূরণ করে তাঁর পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত না নেওয়া কিংবা এই পদের বিপরীতে বিশেষ নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত কোষাধ্যক্ষের পদটি শূন্য থাকার কথা। এই জটিলতার কারণেই ব্যালট থেকে গ্যারির নামটি সরানো যায়নি।
পরাজিত প্রার্থী ন্যাডিন স্কট বলেন, তিনি ১৫ হাজার ভোট পেয়েছেন। এই ভোটারদের সম্মানে তিনি ওসেনসাইড শহরের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতে প্রস্তুত। তিনি আরও বলেন, গ্যারির ভোটাররা খুব সম্ভবত তাঁর মৃত্যুর বিষয়টি জানতেন না।