মৃত্যুর মুখোমুখি হয়েছি কতবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিরুজ্জামান। ভাষাতত্ত্ববিদ ও ভাষাবিজ্ঞানী। পৈতৃক নিবাস নরসিংদী জেলার আদিয়াবাদ গ্রামে। তবে পড়ালেখা ও শিক্ষকতা পেশার কারণে জীবনের বড় অংশ তিনি চট্টগ্রামে কাটিয়েছেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন চট্টগ্রামে। তাঁর জবানিতে যুদ্ধ দিনের স্মৃতিকথা তুলে ধরেছেন মুহাম্মদ শামসুল হক স্বাধীনতাযুদ্ধে আমার যেটুকু অবদান বা ভূমিকা রাখার প্রয়োজন ছিল ব্যক্তিগত ও পারিবারিক কারণেই সে রকম ভূমিকা রাখা সম্ভব হয়নি। আমার স্ত্রী এবং একমাত্র শিশুসন্তান নিয়ে অনিশ্চিত যাত্রা আমাকে ভাবিয়ে তুলেছিল। তবুও যুদ্ধের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যাঁরা প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে আমিও ছিলাম। সংগ্রামী তরুণ-যুবকদের সহযোগিতা করেছি। নিজেও কিছু প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করেছিলাম। তবে শারীরিক ও মানসিক কারণে বন্দুক চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি মূলত বিদ্রোহী ইপিআর সদস্যসহ অন্যদের রুটি সরবরাহ, থাকা-খাওয়ার ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্য-সহযোগিতা করেছি। বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে ১৭ দিনের মতো যুদ্ধ করেছে বাঙালি সৈন্য ও এলাকার সংগ্রামী মানুষেরা। এখান থেকে যোদ্ধারা গোলাগুলি নিয়ে প্রতিরোধে সামনের দিকে এগিয়ে গেছেন, আবার ফিরে এসেছেন। এক সময় প্রয়োজনীয় লোকবল ও রসদ ফুরিয়ে এল। যেসব অস্ত্র ছিল সেগুলো চালানোর মতো অভিজ্ঞতা বা জ্ঞানও ছিল না আমাদের অনেকের। অবস্থা বেগতিক দেখে আমরা ক্যাম্পাস ছেড়ে কুণ্ডেশ্বরী চলে যাই আমাদের তৎকালীন উপাচার্য ড. এ আর মল্লিকের নির্দেশে। পরে সেখানেও বিপদ দেখে কেউ দেশের বাইরে, কেউ অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন। আমি আশ্রয় নিয়েছিলাম রাউজান সদরের কাছে পরিত্যক্ত এক বাড়িতে। তখনকার দিনে জায়গাটি ছিল জঙ্গলাকীর্ণ। সদর এলাকায় অনেক সময় পাকিস্তানি সৈন্যরা এলেও আমাদের অবস্থান জঙ্গলবেষ্টিত স্থানে হওয়ার কারণেই তারা হয়তো সেদিকে যায়নি। অবশ্য পরে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে এলে আমি ক্যাম্পাসে ফিরে আসি।যুদ্ধের সময় কত বার মৃত্যুর মুখোমুখি হয়েছি! একবার রাউজানের সাত্তারঘাটে আমিসহ আরও ১০-১২ জন লোককে বাস থেকে নামিয়ে ফেলে শত্রুবাহিনীর লোকজন। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হলো রাস্তার একপাশে। সৈন্যদের দৃষ্টি এবং আচরণে মনে হচ্ছিল, এই বুঝি সবাইকে গুলি করে শেষ করে দেবে ওরা। সবাইকে নামানোর পর আমি খেয়াল করলাম, চালক বাস ছাড়ার জন্য স্টার্ট নিচ্ছেন। সেই সময়ও সৈন্যরা পেছন দিকে অন্য লোকদের দেহতল্লাশি করছিল। বাসটি সামনের দিকে এগোতে শুরু করা মাত্র আমি লাফ দিয়ে হাতল ধরে এতে উঠে পড়ি। ফলে আমি বেঁচে যাই। অন্যদের ভাগ্যে কী ঘটেছিল জানি না। শত্রুবাহিনীর হাত থেকে রক্ষা পেয়ে সেদিন নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। আমার বিয়ে হয়েছে তখনো বেশিদিন হয়নি। কাপড় থেকে শুরু করে সব জিনিসপত্র ক্যাম্পাসেই ছিল। সেখানে লুটপাট হয়েছে শুনে আমি তা দেখতে আসছিলাম ক্যাম্পাসের দিকে। পরে আশ্রয়স্থলে আমার স্ত্রী-সন্তানদের কাছে ফিরে আসি সেদিন। একদিন দেখি সেনারা সেই আশ্রয়স্থলের কাছে হাজির। মনে মনে খুব ভয় পেয়েছিলাম। কিন্তু উিঁকঝুঁকি দিয়ে ঘরের দরজা জানালা বন্ধ দেখে তারা ফিরে যায়। তারা যদি আর একটু এগিয়ে এসে খোঁজ নিত তবে আমরা নিশ্চিত ধরা পড়তাম এবং হয়তো সেদিনই সবাইকে ওরা শেষ করে দিত। আমাদের আশ্রয়স্থলটির সামনে ছিল একটি পুকুর। একদিন সেই পুকুরে একটি মর্টার শেল এসে পড়ল। পুকুরের পানি যেন ফুঁসে উঠেছিল জলোচ্ছ্বাসের মতো। মর্টারটা মাঠে পড়লে এটা ফেটে সেদিনই নিভে যেত আমাদের জীবনপ্রদীপ। তখন এবং আরও বিভিন্ন সময় অজস্র মানুষ হানাদার বাহিনীর ভয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করতে দেখেছি। সেই সব করুণ দৃশ্য স্মৃতিতে ভাসে এখনো। একবার এক অদ্ভুত এবং করুণ ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে। সেটা নিয়ে ‘অশোক কাননে ভূমিষ্ঠ’ নামে একটা গল্পও লিখেছিলাম। আমি যে ঘরে ছিলাম তার সামনের দিকে জঙ্গলে সকালে পলায়নপর এক মহিলা বাচ্চা প্রসব করেছিল। প্রসবের একটু পরেই বাচ্চাটা নিয়ে মহিলাটি যেন কোনো অদৃশ্য শক্তির বলে ছুটে চলেছিল অজানা পথের দিকে। আবার ওই দিন সন্ধ্যার দিকেই দেখি মহিলাটি সেই বাচ্চা কোলে নিয়ে ফিরছিল সম্ভবত নিজ বাড়ির দিকে। হয়তো বাচ্চাটিকে নিয়ে অনিশ্চিত জীবনের দিকে পাড়ি দেওয়ার চেয়ে নিজের জায়গায় ফিরে আসাটাই সে ভালো মনে করেছিল। অশোক কাননে সীতা ছিলেন। কিন্তু সীতাকে এ রকম লাঞ্ছনা ভোগ করতে হয়নি। এই মেয়েটাকে এভাবে পথেই লাঞ্ছনার শিকার হতে হয়েছে অত্যন্ত করুণভাবে। এসব ঘটনার কথা মনে পড়লে দুঃখে মনটা ভারি হয়ে উঠে।