রাঙ্গুনিয়া পৌর এলাকায় বখাটের হামলায় আহত যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম (২৪) ও মো. আজিজ (৪০) মৃত্যুর সঙ্গে লড়ছেন। জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও মো. আজিজ রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ৬ জুন এক আসামিকে আটক করে চট্টগ্রাম জেলহাজতে পাঠালেও পরদিন জামিনে বেরিয়ে আসেন তিনি। আহত নেতাদের পারিবারিক সূত্র জানায়, গত ২৮ মে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আট থেকে ১০ বখাটে যুবক লাঠি, রড, হকিস্টিক নিয়ে ঘাটচেক রাস্তার মাথা নামক স্থানে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম ও মো. আজিজের ওপর হামলা চালায়। বখাটেরা এ সময় তাঁদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। জাহাঙ্গীরের অবস্থা সম্পর্কে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক আনিছুর রহমান জানান, শক্ত কিছুর আঘাতে জাহাঙ্গীর আলমের মাথা থেঁতলে গেছে। তাঁর দুচোখ থেকে রক্তক্ষরণ হচ্ছে। দুই পায়ের হাড়ও ভাঙা। মাথা ও পায়ে অস্ত্রোপচার হয়েছে। তাঁর অবস্থার এখনো উন্নতি হচ্ছে না। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, প্রচণ্ড আঘাতে মো. আজিজের মাথা থেঁতলে গেছে। অস্ত্রোপচার শেষে হাসপাতালের জরুরি বিভাগের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন।স্থানীয় লোকজন জানান, কিছু বখাটে যুবক গত ২৭ মে রাতে ঘাটচেক রাস্তার মাথা নামক স্থানে একটি দোকানে চা খাওয়ার সময় ওই দোকান কর্মচারীকে মারধর করে। এতে বাধা দেন যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম। ফলে ক্ষিপ্ত হয়ে বখাটেরা গত ২৮ মে সন্ধ্যায় এ হামলা চালায়। এ ব্যাপারে ১৫ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়েছে। মামলায় ১৫ নম্বর আসামি হিসেবে ঘাটচেক পৌর এলাকার বশির আহমদকে (৬৫) আটক করে পুলিশ চট্টগ্রাম জেলহাজতে পাঠায়। কিন্তু আটকের পরের দিনই তিনি আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আসেন।বশির আহমদ বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তার পরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আসামি করা হয়েছে। আদালত ঘটনা বুঝতে পেরে আমাকে জামিন দিয়েছেন।’ উপজেলা যুবলীগের আহ্বায়ক সামশুদ্দোহা সিকদার বলেন, মো. আজিজ ও জাহাঙ্গীর আলম উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। অনৈতিক কাজে বাধা দেওয়ায় বখাটেরা নির্মমভাবে পিটিয়ে তাঁদের আহত করেছেন। এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, ‘ঘটনায় জড়িত বখাটেরা গা-ঢাকা দিয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর আহত ব্যক্তিরা সুস্থ হয়ে ফিরলে ঘটনায় জড়িত প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’