মৃদু স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই মুহূর্তে বাংলাদেশের আলোচিত সমস্যাগুলোর মধ্যে অন্যতম বিদ্যুৎ সমস্যা। এ সমস্যা সমাধানে প্রায় দিন কোথাও না কোথাও সেমিনার, আলোচনা, গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৮ সালেও বিদ্যুৎ নিয়ে এমনই এক গোলটেবিল বৈঠক দেখছিলাম। অনুষ্ঠানে আলোচক ছিলেন আবেদ খান, মাহফুজ আনাম ও দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁরা বলছিলেন, গ্যাস ছাড়া সার ও বিদ্যুৎ উৎপাদন হয়, এমন প্রযুক্তি খোঁজ করার জন্য। তার পরদিন আমি আর আমার মামাতো ভাই কালুরঘাট সেতু এলাকায় বেড়াতে যাই। সেতুর নিচের দিকে তাকিয়ে আমি খেয়াল করি, সেতুর পিলারের সঙ্গে পানি আটকে ঘূর্ণির সৃষ্টি হচ্ছে। তখন আমার মনে হলো এখান থেকেও তো বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। তখন থেকেই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবনের নেশা আমার ওপর চেপে বসল। দীর্ঘ সাধনার পর ২০০৩ সালে দেশের নদীগুলোর মৃদু স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প ছোট আকারে তৈরি করতে সক্ষম হই।’ এভাবেই নিজের বিদ্যুৎবিষয়ক একটি প্রকল্প উদ্ভাবনের কথা জানালেন আনোয়ার হোসেন। তিনি চান্দগাঁও থানার মধ্যম মোহরা ছমদ আলী মুন্সির বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন।আনোয়ার জানান, তেল, গ্যাস, এমনকি কোনো ধরনের জ্বালানি ছাড়াই তাঁর উদ্ভাবিত প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এ প্রকল্প যেকোনো স্থানে ক্ষুদ্রপরিসরে নির্মাণ করা যাবে এবং এ জন্য কোনো ভূমির প্রয়োজন হবে না। বাণিজ্যিকভাবে এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করা গেলে এক বছরের মধ্যে বাংলাদেশের গ্রামগঞ্জে বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব বলে দৃঢ় বিশ্বাস আনোয়ারের। তবে প্রকল্প বাস্তবায়নে তাঁর সামনে বড় বাধা অর্থের অভাব। প্রকল্পটির নির্মাণপ্রক্রিয়া সম্পর্কে আনোয়ার বলেন, প্রথমে একটি স্টিল বার্ক (যা ফেরির মতো ভাসমান থাকে) তৈরি করতে হবে, যার মাঝখানে পানি যাওয়ার জন্য সরু পথ থাকবে। এ সরু পথে সৃষ্টি হবে স্রোত। এ স্রোতের্র গতিপথে একটি শ্যাফটযুক্ত পাখা থাকবে। শ্যাফটের একপাশে লোহার বড় ওয়েটপুলি এবং অপর প্রান্তে বড় দাঁতকাটা পিনিয়াম থাকে। আর এ পিনিয়ামের সঙ্গে ছোট-বড় মিলিয়ে কয়েকটি পিনিয়াম যথাযথ স্থানে লাগাতে হবে। পিনিয়ামের শেষ প্রান্তে একটি গিয়ার বাক্স থাকবে, যা আরপিএম নিয়ন্ত্রণ করবে। ওই গিয়ার বাক্সের সঙ্গে ডায়নামো লাগালেই উৎপন্ন হবে বিদ্যুৎ।প্রকল্পের বাণিজ্যিক প্রস্তুতি সম্পর্কে আনোয়ার জানান, তাঁর উদ্ভাবিত প্রযুক্তি অনুসারে ৩০ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থ ও আট ফুট উচ্চতার একটি প্রকল্প নির্মাণ করে এক থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আর একটু বড় পরিসরে ১০০ ফুট দৈর্ঘ্য, ৮০ ফুট প্রস্থ ও ১০ ফুট উচ্চতার (তিন ইউনিটবিশিষ্ট) একটি প্রকল্পে প্রতি ইউনিটে ২০ মেগাওয়াট করে তিন ইউনিটে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এভাবে একটি নদীতে অনেকগুলো প্রকল্প সারিবদ্ধভাবে স্থাপন করা সম্ভব। আনোয়ারের মতে, প্রকল্পগুলো বাণিজ্যিকভাবে অন্য প্রযুক্তির প্রকল্পের তুলনায় লাভজনক। তিনি জানান, তাঁর উদ্ভাবিত এক থেকে দুই মেগাওয়াটের একটি প্রকল্পের জন্য ৪৫ লাখ টাকা এবং ৬০ মেগাওয়াটের প্রকল্পের জন্য দুই কোটি টাকার কাছাকাছি খরচ হবে। তিনি জানান, ইতিমধ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, বিসিএসআইআর ল্যাবরেটরি এবং প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন আনোয়ার। কিন্তু কোনো ধরনের আর্থিক সাহায্য বা সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। অর্থের অভাবে নিজের প্রযুক্তি নিয়ে উচ্চতর গবেষণা করাও সম্ভব হচ্ছে না। আনোয়ার দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমাদের দেশে বাণিজ্যিকভাবে এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হলে এক বছরের মধ্যে দেশের গ্রাম-গঞ্জে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর্থিক সহযোগিতা পেলে এই প্রকল্প তৈরি ও বিদ্যুৎ উৎপাদনে আমি অবশ্যই সফল হব।’