দেখে মনে হচ্ছিল সাদা সিমেন্ট কিংবা প্লাস্টার অব প্যারিসের তৈরি নিরেট স্তম্ভ। চক-খড়ির মতো স্তম্ভগুলোর দুই মাথা অনেকটা বর্তুলাকার। মেঝেতে সারি করে রাখা স্তম্ভের ভেতর দিয়ে হেঁটে যেতে অনুরোধ করলেন একজন। এবার বিস্মিত হওয়ার পালা। গায়ের সঙ্গে ধাক্কা লেগে মাটি স্পর্শ করে এগুলো আবার উঠে দাঁড়াচ্ছে নিজ থেকেই। মোহাম্মদ আতিকুল ইসলামের কাইনেটিক ধরনের এই স্থাপনাশিল্প স্থান পেয়েছে নগরের খুলশীতে অবস্থিত গ্যালারি মৃন্ময়ের প্রদর্শনীতে।
গ্যালারির ১৫ বছর পূর্তি উপলক্ষে গত ৩১ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনসুর-উল করিম। ১৩ জন শিল্পীর অংশগ্রহণে এই প্রদর্শনী শেষ হবে আগামীকাল ৭ ফেব্রুয়ারি।
১৯৯৮ সালে চট্টগ্রামের খুলশীতে মৃন্ময়ের যাত্রা শুরু। শিল্পী সামিনা এম করিম এই গ্যালারির কর্ণধার। তিনি জানান, শিল্পরসিক বাবার অনুপ্রেণায় এই গ্যালারি করার ভাবনা আসে তাঁর মাথায়। লক্ষ্য নগরের শিল্পচর্চাকে খানিকটা হলেও গতি দেওয়া।
১৫ বছর পূর্তিতে মৃন্ময় যেন শিল্পীদের তীর্থে পরিণত হয়েছিল। ভাস্কর্য, তেলচিত্র, জলরং, ছাপচিত্র এবং আলোকচিত্রসহ নানা মাধ্যমের কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে।
শিল্পী জাহেদ আলী চৌধুরীর বিষয় স্পইডারম্যান। ফ্যান্টাসি, স্বপ্ন ও আকাঙ্ক্ষার চিত্রায়ণ করেছেন তিনি।
নারী ও প্রকৃতিকে এক করে দেখেছেন শিল্পী শায়লা শরমিন। ওরিয়েন্টাল ধাচে আঁকা ছবিতে রঙের উজ্জ্বল ব্যবহার মুগ্ধ করেছে দর্শককে।
ছাপচিত্রকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রুহুল করিম। তাঁর উডকাটে করা রিকশা এবং বৃদ্ধের মুখ দেখে ঘোর তৈরি হয়েছে।
ভাস্কর সামিনা এম করিমের মিশ্র মাধ্যমের বেশ কয়েকটি কাজ স্থান পেয়েছে প্রদর্শনীতে। স্যান্ডস্টোনের ওপর ধাতু, কারুকাজ করা কাঠের প্যানেল ও পোড়া মাটি দিয়ে ভিন্নতর এক শিল্পভাষা নির্মাণ করেছেন তিনি। প্রদর্শনীতে আরও অংশ নেন মুনতাসির করিম, মউদুদুল আলম, সৈয়দ সোহরাব জাহান, অসীম কুমার রায়, সোহাগ পারভেজ, সুর গঙ্গা ও ঝুম্পি।