মৃৎশিল্প কি হারিয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে মাটির জিনিস তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবিটি ৯ জানুয়ারি তোলা l প্রথম আলো
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে মাটির জিনিস তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবিটি ৯ জানুয়ারি তোলা l প্রথম আলো

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের হাঙ্গর খালের তীরে নিভৃত পল্লি রুদ্রপাড়া। এখানকার মানুষজন যুগ যুগ ধরে মাটির তৈরি জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে এ পেশা ছেড়েছেন অনেকে। এখন হাতে গোনা কয়েকটি পরিবার এ কাজের সঙ্গে যুক্ত আছেন। অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে এখানকার ঐতিহ্যবাহী মৃৎশিল্প।

মানবেতর জীবন যাপন করছেন লোহাগাড়ার রুদ্রপাড়ার মৃৎশিল্পীরা। তবে পৌষ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন মেলায় মাটির জিনিস বিক্রি হয় বলে এই সময় ব্যস্ততা বাড়ে রুদ্রপাড়ার মৃৎশিল্পীদের। এই সময়টা বাদ দিলে বছরের অন্যান্য সময় মাটির জিনিস তেমন বিক্রি হয় না। উপজেলায় মৃৎশিল্পীদের তৈরি জিনিসপত্র বিক্রির সুনির্দিষ্ট কোনো জায়গাও নেই। এখানকার মৃৎশিল্পীদের অভিযোগ, উপজেলার পদুয়া তেওয়ারীহাটের একটি সুনির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন ধরে মাটির জিনিস বিক্রি করতেন তাঁরা। তবে সম্প্রতি সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়ায় ক্রেতা কম পাচ্ছেন।

সম্প্রতি রুদ্রপাড়ায় গেলে কথা হয় মৃৎশিল্পীদের সঙ্গে। পাড়া ঘুরে দেখা যায়, বিভিন্ন বাড়ির উঠানে মাটির জিনিসপত্র তৈরি করছেন পরিবারের সদস্যরা। তাঁরা জানান, শীতকালে এ দেশে গ্রামে-গঞ্জে বিভিন্ন মেলা হয়। সেসব মেলায় মাটির জিনিসের চাহিদা থাকে। এ জন্যই এই সময় ব্যস্ততা বাড়ে।

পাড়ার বাসিন্দা প্রফুল্ল রুদ্র (৫৫) সেই ১০ বছর বয়স থেকেই বাবা কিরণ রুদ্রের সঙ্গে মাটির জিনিস তৈরি করছেন। তখন এ পাড়ার ৩০টি পরিবারের সদস্যরা মাটির তৈরি হাঁড়ি, পাতিল, কলসি, ধূপদানি, বিয়ের ঘট, ঢাকনা ও শিশুদের নানা খেলনা তৈরি করতেন। তবে মৃৎপাত্রের চাহিদা কমে যাওয়ায় এ কাজ করে আর সংসার চালানো যায় না। তিনি বলেন, ‘বাজারে এখন মাটির জিনিসের চাহিদা কমে গেছে। সবাই অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের পণ্য ব্যবহার করে। আমাদের ছেলেমেয়েরা তাই অন্য পেশায় চলে যাচ্ছে। অনেকে কারখানা, গার্মেন্টস আর মুদির দোকানে কাজ করছে।’

প্রফুল্ল রুদ্র কাঁচামাল কেনার জন্য বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছেন ৪০ হাজার টাকা। প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হয় সাড়ে ৪ হাজার টাকা। তবে সংসার খরচ মিটিয়ে সে টাকা তুলতে হিমশিম খেতে হয় তাঁকে। তিনি বলেন, ‘পদুয়া তেওয়ারীহাটের একটা জায়গায় আমরা মাটির জিনিস বিক্রি করতাম। এখন সেই জায়গা থেকে আমাদের তুলে দেওয়া হয়েছে। তাই আগের মতো ক্রেতা পাই না।’

পাড়ার দুই নারী নিয়তি রুদ্র (৭০) ও ঝুনু রুদ্র (৪০) স্বামীর পাশাপাশি মাটির জিনিস তৈরি করেন বলে জানান। তাঁরা বলেন, এই পর্যন্ত কখনো কোনো সরকারি সহায়তা পাননি পাড়ার মৃৎশিল্পীরা। বাধ্য হয়ে তাঁরা বেশি সুদে বেসরকারি সংস্থা থেকে ঋণ নিচ্ছেন।

তবে কঠোর পরিশ্রম করেও সংসার চালানোর মতো আয় করতে পারছেন না এই পেশার লোকজন। অনেকের আয় দিনমজুরের চেয়েও কম। মৃৎশিল্পী সুখেন্দু রুদ্র (৫৫) জানান, প্রতিটি পাতিল ও কলসি বানাতে তাঁর প্রায় ২৫ টাকা খরচ পড়ে। তবে বিক্রি করতে হচ্ছে সর্বোচ্চ ৩৫ টাকায়। প্রতি মাসে গড়ে ২০ হাজার টাকার জিনিস বিক্রি হলেও লাভ থাকে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা।

এ ব্যাপারে কথা হয় লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ শিল্পকে বাঁচানো প্রয়োজন।

মৃৎশিল্পীরা বাজারে যাতে এই পণ্য ভালোভাবে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান জানান, ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচাতে সরকারিভাবে ঋণ ও প্রশিক্ষণ দেওয়া যায় কি না তা খতিয়ে দেখা হবে।