মে দিবস পালন
আলোচনা, আবৃত্তি ও প্রতিবাদী গানসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মে দিবস পালন করল নগরের বিভিন্ন সংগঠন। এতে বক্তারা কারখানায় শ্রমিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানসমাজ সমীক্ষা সংঘ ও তারুণ্যের উচ্ছ্বাস: পয়লা মে বুধবার ‘জয়ধ্বনি জীবনের মুক্তির শপথের, জনতার শ্রমিকের বিশ্ব পতাকা’ স্লোগান নিয়ে চেরাগী পাহাড় মোড়ে বিকেলে অনুষ্ঠানের আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ ও তারুণ্যের উচ্ছ্বাস। শুরুতে শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে সাভারের মর্মান্তিক ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শামীমা ইয়াসমীনের পরিচালনায় এবং সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী সভাপতি দেবাশীষ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, বাংলাদেশ অয়েল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আইনজীবী জানে আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ।আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠন। এতে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাস, দলীয় সংগীত করে সমাজ সমীক্ষা সংঘ। একক সংগীত পরিবেশন করেন শ্রাবণী দাশগুপ্তা, সঞ্জয় রায় ও বৈশাখী নাথ। একক আবৃত্তি পরিবেশন করেন সাইদুর রহমান, সুষ্মিতা দত্ত, ইভা চৌধুরী, সুমি বিশ্বাস ও মানষ চক্রবর্ত্তী। এ ছাড়াও ছিল সাভারের রানা প্লাজা ধসের ওপর ‘শ্রমিক হতার বিচার চাই’ শিরোনামে আলোকচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী।সম্মিলিত মে দিবস পালন পরিষদ: সংগঠনের উদ্যোগে ৩ মে ডিসি হিল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের চেয়ারম্যান মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রধান অতিথি বলেন, ‘শ্রমিক শ্রেণীর পরিপূর্ণ মুক্তি ছাড়া দারিদ্র্য বিমোচন হবে না। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে এখনো শ্রমিক-কৃষক তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে।’ অনুষ্ঠানে ফেরদৌসি মুনকে সম্মাননা দেওয়া হয়। আলোচনায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আবদু ছাত্তার, ওসেপ নির্বাহী পরিচালক জসিম উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি অনুপ বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।