মে দিবসের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মে দিবসে নগরের ডিসি হিল মুক্তমঞ্চে সন্ধ্যা ছয়টায় ‘পথের বাধা মানব নারে আসুক ঝড়-তুফান’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাঁচটি সাংস্কৃতিক সংগঠন। এর মধ্যে ছিল বোধন আবৃত্তি পরিষদ, উদীচী চট্টগ্রাম, চারণ সাংস্কৃতিককেন্দ্র, প্রমা আবৃত্তি সংগঠন ও চট্টগ্রাম থিয়েটার। উদীচীর সাধারণ সম্পাদক সুনীল ধর বলেন, ‘মে দিবসের চেতনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলো চার বছর ধরে যৌথভাবে এ ধরনের আয়োজন করে আসছে। অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশ ও বাসদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক মানস নন্দী। এরপর গান করেন রশ্মি বড়ুয়া, রবীন দে, অশোক সেনগুপ্ত ও মানস পাল চৌধুরী। আবৃত্তি করেন এটিএম ছাইফুর ইসলাম, মিথিলা চৌধুরী, জাভেদ হোসেন ও সানজিদা খানম। বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘জাগরণ পয়লা মে’ পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। ‘মুখোমুখি দাঁড়াবার এই তো সময়’ প্রযোজনা পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন। এ ছাড়া গণসংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম। ১৮৮৬ সালের শ্রমিক বিদ্রোহের ঘটনা নিয়ে পথনাটক কাজের লোক মঞ্চস্থ করে চট্টগ্রাম থিয়েটার।এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, হকার্স ইউনিয়ন, হকার্স লীগ, প্রেস শ্রমিক ইউনিয়ন ও সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ও প্রেস শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সব সংবাদপত্র ও সংস্থায় সপ্তম মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন, সাংবাদিক ও সংবাদপত্রসেবীদের নিরাপত্তা, ছুটির দিনে পত্রিকা প্রকাশ বন্ধসহ সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাবেক সভাপতি আতাউল হাকিম, মোস্তাক আহমদ, সহসভাপতি সোলতান আহমদ আশরাফী, সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, আসিফ সিরাজ, একেএম জহুরুল ইসলাম, নওশের আলী খান, নুরুল আমিন চৌধুরী, দিবাকর ঘোষ, হকার্স লীগের সভাপতি সরোয়ার আলম, হকার্স ইউনিয়নের সভাপতি রইছ মিয়া, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, আবুল কালাম, চৌধুরী আহসান খুররম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিইউজের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের।