মে ফুলের শোভা খাগড়াছড়িতে
খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালার দিকে দুই কিলোমিটার পথ পেরোলে আর চোখ ফেরানো যাবে না। সড়কের বাম দিকে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে অপূর্ব রূপ নিয়ে ফুটে আছে এক ফুল, নাম ‘মে ফুল’। মে মাসে ফোটে বলেই এই নাম। বৈজ্ঞানিক নাম Seadoxus Multiflours, ব্লাড লিলি নামেও পরিচিত।মে ফুল বসন্তের শুরু থেকেই ফুটতে থাকে। দেখে মনে হবে বনে যেন আগুন লেগেছে। এটিকে পুষ্প মঞ্জুরি বলা হয়। মে ফুলের আদি নিবাস দক্ষিণ আফ্রিকায়। জাত ভেদে ফুলটি দুই ধরনের হয়ে থাকে। ফায়ার বল লিলি, ক্যাথরিন ঢুইল নামে পরিচিত এরা। মে ফুলে প্রচুর মধু হয়। তাই সকাল হলেই মধুলোভী ভ্রমরের ভিড় জমে, তাদের দেখাদেখি প্রজাপতি ও মৌমাছিরও। গ্রীষ্মের প্রথম দিকে মাটি থেকে একটু একটু শ্বাসমূল (গেজ) বের হয়। আর সপ্তাহ যেতেই কলি। কলি থেকে ফুল ফুটতে সময় লাগে আট থেকে ১০ দিন, পরিপূর্ণ হতে আরও ২০ দিন। পূর্ণ হওয়ার পর গোলাকার আকৃতি ধারণ করে।মে ফুলের রং লালাভ গোলাপি থেকে উজ্জ্বল লালাভ কমলা রঙের হয়। এটি বছরে একবারই ফোটে। একটি পুষ্প মঞ্জুরিতে ১০০-২০০টি ফুল থাকে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, কাণ্ডের মাধ্যমে ফুলটি সহজে বংশবিস্তার করে এবং একবার রোপণের পর পরিচর্যা ছাড়াই অনেক বছর পর্যন্ত হয়ে থাকে।