ছুটির ঘণ্টা বাজাতে হয় না। আকাশে মেঘ দেখলেই শিক্ষার্থীরা বইখাতা নিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। কারণ, বিদ্যালয়ে একটি মাত্র কক্ষ। তাতেও নামমাত্র ছাউনি। ফলে বৃষ্টি হলে আর বসা যায় না। এটি রাঙামাটির নানিয়ারচর উপজেলার সোনারামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ি যেতে পাড়ি দিতে হয় কয়েকটি ছড়া। পানি বাড়লে এসব ছড়া পার হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।পঞ্চম শ্রেণীর ছাত্রী পিংকি চাকমা বলে, ‘মেঘ দেলে আমি বেক্কুন ঘরত ধাবা দিইদে। আমার ছড়া ফার ওনে ঘরত যা ফরে। ঝড় এলে ফার অই ন আরি (মেঘ দেখলে আমরা সবাই বাড়ির দিকে দৌড়াই। আমাদের ছড়া পার হয়ে বাড়িতে যেতে হয়। ঝড় শুরু হলে পার হতে পারি না।)’এ সময় আরও কয়েকজন শিক্ষার্থী জানায়, এমনিতে বৃষ্টি হলে বিদ্যালয়ে পড়াশোনা চলে না। কারণ বিদ্যালয়ের ছাউনি নষ্ট। তাই থেকেও লাভ নেই।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ঘরটি দেখতে পরিত্যক্ত কোনো বাড়ির মতো। কারণ বিদ্যালয়টির চারদিকে পুরোনো বেড়া থাকলেও ভেতরে কোনো বেড়া নেই অর্থাৎ পুরো বিদ্যালয়ে মাত্র একটি কক্ষ। ওপরে টিনের ছাউনি আছে নামমাত্র। বৃষ্টি হলে পানি পড়ে। বিদ্যালয়ে শিক্ষকদের বসার আলাদা কোনো কক্ষ নেই। নেই চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। রয়েছে বিশুদ্ধপানির অভাব। বিদ্যালয় ঘরের চারদিকের বেড়া আর বেঞ্চগুলো উইপোকায় খাওয়া।স্থানীয় বাসিন্দা রূপক চাকমা (৩৫) ও সহকারী শিক্ষক ভুবন বিজয় চাকমা জানান, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ছড়ার পানি গলা পর্যন্ত উঠে যায়। একটু ভারী বৃষ্টিপাত হলে ছড়ার স্রোত কমতে লাগে এক দিন। তাই মেঘ দেখলে শিক্ষার্থীদের বাড়িতে ফেরার আগ্রহে শিক্ষকেরা কিছু মনে করেন না।বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপর্ণা চাকমা বলেন, বিদ্যালয়ে প্রতিদিন দুই পোশাক নিয়ে যেতে হয়। কারণ ছড়া পার হতে গিয়ে পরনের পোশাক ভিজে যায়। অপরদিকে নেই পান করার পানি। বেশি তৃষ্ণা পেলে ছড়ার পানি পান করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলো তালুকদার বলেন, দেওয়ানপাড়া, লারমাপাড়া, সোনারাম কার্বারিপাড়া—এ তিন গ্রামের প্রায় ৪০০ আদিবাসী পরিবার বসবাস করে। ওই এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ১৯৬৯ সালে বিদ্যালয়টি নির্মাণ করা হয়। পরে ১৯৭৩ সালে তা জাতীয়করণ হয়। ১৯৯৩ সালে বিদ্যালয়টিতে নতুন বেড়া লাগানো হয়। পরবর্তী সময়ে আর সংস্কার হয়নি।তিনি আরও জানান, বিদ্যালয়টি জনপদ থেকে প্রায় বিচ্ছিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে। বর্তমানে মাত্র ৫২ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে আসতে কষ্ট হয় বলে ছেলেমেয়েরা আসতে চায় না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামিনী রঞ্জন চাকমা শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, ‘বিদ্যালয়টির পাকা ভবন করার জন্য তিন বার টেন্ডার হয়েছে। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় ঠিকাদাররা কাজ করতে চায় না।’ বিদ্যালয়ের স্থান পরিবর্তন করে অবকাঠামো উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।যোগাযোগ করা হলে নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা বলেন, ‘আমি বিদ্যালয়টির কথা শুনেছি। কিছুদিনের মধ্যে সরেজমিনে যাওয়ার চিন্তা আছে।’