মেঘ-পাহাড়ের দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্বরিত গতিতে ব্রেকে চাপ দিয়েও বাঁচানো গেল না অলস পায়রাটাকে। ছটফট করতে করতে মরে গেল বেচারা। আসলে পায়রাটা মোটেও অলস ছিল না। আনাড়ি ছিলাম আমি। এখানে বন্য পায়রাগুলো মানুষের অনেক কাছে আসে। তারা জানে, মানুষ কখনো তাদের ক্ষতি করে না। শুধু পায়রা নয়, বন্য সব ধরনের পশুপাখির সঙ্গে সাধারণ মানুষের অনেক বন্ধুত্ব। তাই আমি এতটা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাব, অবোধ পায়রাটা আশা করেনি। বলছিলাম মরিশাসের এক পড়ন্ত বিকেলে ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার সময়ের কথা। মরিশাসের বন্য জীববৈচিত্র্যকে আরও আকর্ষণীয় করেছে এর বর্ণিল প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতির লীলাভূমি দক্ষিণ আফ্রিকান এই দ্বীপরাষ্ট্রটি একসময় ডোডো পাখিদের চারণভূমি ছিল। সে জন্য একে ডোডো পাখির দেশও বলা হয়ে থাকে। দেহের তুলনায় পাখা নিতান্তই ছোট হওয়ায় উড়তে পারত না পাখিটি। তাই অন্যান্য জীবজন্তুর শিকারের কবলে পড়ে পুরোপুরি বিলীন হয়ে গেছে প্রজাতিটি। তবে মরিশাসের মানুষ তাদের ভোলেনি। ডোডো পাখির স্মৃতি বিভিন্নভাবে আঁকড়ে রেখেছে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। নীল সৈকত আর কোরাল প্রাচীরে ঘেরা মরিশাস মাদাগাস্কার থেকে ৯০০ কিলোমিটার পূর্বে ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম কোনে অবস্থিত। আগালেগা ও রদ্রিকসসহ কয়েকটি অসাধারণ দ্বীপ নিয়ে মরিশাসের স্থলভাগের আয়তন মাত্র দুই হাজার ৪০ বর্গকিলোমিটার এবং বর্তমান লোকসংখ্যা প্রায় ১৩ লাখ। ১৯৬৯ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি। হিন্দি, ভোজপুরি, ফরাসি ও ইংরেজি ভাষার প্রচলন রয়েছে এখানে। তবে এদের স্থানীয় ভাষা হলো মরিশসান ক্রিয়ল। বিখ্যাত সেগা নৃত্যের জন্ম এ দেশে। বিনোদনের অন্যতম উপষঙ্গ এই নৃত্য। সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল এ দেশটিকে পাখির চোখে তাকালে মনে হবে এক খণ্ড স্বর্গ। জলবায়ু বাংলাদেশের পুরোপুরি উল্টো। বাংলাদেশে শীতকাল হলে মরিশাসে গ্রীষ্মকাল। তবে শীত ও গরমের মাত্রা খুব একটা বেশি নয় এখানে। তাই বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের গরমে মরিশাস ভ্রমণে বেরোতে পারেন—সেখানে তখন বসন্তের উপস্থিতি।মরিশাসের কাছে এসে যেভাবে বিমান নিচে নেমে আসে, তেমনি আকাশের মেঘগুলোও মরিশাসের কাছে এসে দ্রুত নিচে নেমে পাহাড়ের গা বেয়ে মাটি দিয়ে হাঁটতে শুরু করে। সবুজ পাহাড়গুলো নিমেষেই সাদা বর্ণ ধারণ করে। বাতাসের সঙ্গে নাচতে নাচতে এদিক-সেদিক ছুটে চলে। কোরালের ঘরবসতিদেশটির দক্ষিণ-পশ্চিমে ব্লু-বে নামের জায়গায় রয়েছে নানা প্রজাতির কোরালদের ঘরবসতি। সমুদ্রের বিশাল অংশজুড়ে এই প্রাকৃতিক অ্যাকুরিয়ামে বাহারি নামের ও বাহারি সাজের অনেক বিচিত্র ধরনের কোরাল রয়েছে। নামের যেমন বৈচিত্র, দেখতেও তারা কম বিচিত্র নয়। এর মধ্যে উল্লেখযোগ্য কোরালগুলো হলো—ব্রেন কোরাল, টম্যাটো কোরাল, পার্পল কোরাল, স্টাগহর্ন কোরাল, ফায়ার কোরাল, মাশরুম কোরাল, ফ্লাওয়ার কোরাল, ব্রান্স কোরাল, প্লেট কোরাল, সফট কোরাল। এখানকার সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান কোরালটি হলো ব্রেইন কোরাল। ভারত মহাসাগরের সর্ববৃহৎ ও বেশি বয়স্ক কোরাল এই ব্রেইন কোরাল। ৫ দশমিক ৫ মিটার দৈর্ঘ্যের এই বিশাল কোরালটি বছরে মাত্র ২০ মিলিমিটার বৃদ্ধি পায়। মরিশাসের ম্যারিন ও কোরাল গবেষণা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, এই ব্রেইন কোরালটির বয়স ৪০০ বছরের বেশি। শুধু কোরাল নয়, এখানে রয়েছে নানা রঙের মাছের আনাগোনা। তার মধ্যে ড্যামসেল, লিজার্ড, পাইপ, ক্যাট, মুরিস, ক্লাউন, লায়ন, পিকক নামের মাছ অন্যতম। চাইলেই পানির নিচে এই প্রাকৃতিক অ্যাকুরিয়ামে মাছের মতো আপনিও ঘুরে বেড়াতে পারবেন। সেখানে পানির নিচে গিয়ে ছুঁয়ে দেখতে পারেন স্বপ্নীল এ জগৎকে। ঘুরে দেখার জন্য সব বন্দোবস্ত রয়েছে এখানে।