বরণডালাটা ছিল আমাদের ইচ্ছামতোই সাজানো, ঠিক যেমন আমরা চেয়েছিলাম। মেঘ, বৃষ্টি, ধোয়া ধোয়া আবহাওয়া, ঘন সবুজ—সবই ছিল। আর থাকবেই বা না কেন! দিনপঞ্জি দেখে হিসাব-নিকাশ করে তবেই যে রওনা দেওয়া। ক্যালেন্ডার বলছে, এপ্রিল থেকে আগস্ট মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এর মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি। বন আর পাহাড়ে বৃষ্টি দেখতে যেহেতু যাওয়া, তাই মাস হিসেবে আগস্ট খারাপ মনে হয়নি আমাদের কাছে। আর প্রকৃতিও যেন আমাদের মনের কথা বুঝতে পেরেছিল। তাই তো সিলেট স্টেশন থেকে যখন তামাবিল সীমান্তের দিকে রওনা দিলাম, তখনই আকাশের ছাইরঙা মেঘ কেমন যেন দেখতে দেখতে জম্পেশ একটা কালো রং নিয়ে ফেলল। আর সীমান্তে পৌঁছাতেই ঝুমবৃষ্টি।আমাদের প্রস্তুতিটাও কম ছিল না। মানুষজনের কাছে গল্প শুনে বিশাল বিশাল সব রেইন কোট কেনা হয়েছিল। সীমান্ত পার হওয়ার সময় অনেকেই মনে মনে যে আমাদের বেশভূষা দেখে হাসেনি, তা বলব না। তবে আমরা সবাই প্লাস্টিকের জুতা পরে পানিতে ছলাৎ ছলাৎ শব্দ করে বেশ একটা আনন্দ পাচ্ছিলাম।সীমান্ত পার হওয়ার পরই বৃষ্টিটা কমে গেল। ইমিগ্রেশনে কাস্টমস অফিসার এই অসময়ে আমাদের দেখে একটু অবাকই হলেন। তবে নিরুৎসাহিত করলেন না। স্থলসীমান্তে অসহযোগিতা নিয়ে যাদের ভীতি ইতিমধ্যেই তৈরি হয়েছে, তাদের অবশ্য এই ডাউকি সীমান্ত দিয়ে একবার পার হওয়া দরকার। তবে অবশ্যই খাঁটি পর্যটক হিসেবে। কাস্টমস অফিসারের কাছেই জানলাম আমাদের গন্তব্যের একটি অংশ—কাজিরাঙা ফরেস্টে যাওয়া সম্ভব নয়। বৃষ্টির কারণে বন এখন বন্ধ। আমরা খুশি। বৃষ্টি দেখতেই তো আসা।কিন্তু এ কী! সীমান্ত থেকে যতই দূরে যাচ্ছি, বৃষ্টি ততই আমাদের প্রতারণা করছে। রোদ আর মেঘ মেঘ আবহাওয়া। যদিও হতাশ হইনি। কারণ শিলং না হোক, চেরাপুঞ্জি গেলে তো বৃষ্টি মিলবেই।ভরদুপুরে যখন শিলংয়ে পৌঁছালাম, তখন দুটো বাজে। হোটেল খুঁজে পেতে সমস্যা হলো না। বছর পাঁচেক আগে একবার শিলং এসেছিলাম আমি। আমার দলের বাকিরা একেবারেই নতুন। তাই আমার মাতব্বরিটা একটু বেশিই ছিল। সন্ধ্যা হলেই কারফিউয়ের সময় আর নেই। পাহাড় এখন অনেক শান্ত। ভরসন্ধ্যাতেও গুয়াহাটি যাওয়ার জন্য সুমোগুলো হাঁকছিল। সারা দিনের ক্লান্তি অবশ্য আমাদের দ্রুতই হোটেলে ফিরতে বাধ্য করল।বাংলাদেশি হিসেবে হোটেলে আমরা কিছুটা বাড়তি সুবিধাও পেলাম। খুব একটা সাদা চামড়া দেখা যায় না এখনো এই এলাকায়। প্রথমে কলকাতা থেকে এসেছি এমনটা ভাবলেও, পাসপোর্ট দেখে জানল আসলে আমরা ‘ফরেনার’। বাংলাদেশি। পুরো আচরণটাই পরিবর্তন হয়ে গেল।