কলার্ড আর্থমরিশাসের দক্ষিণ-পূর্ব দিকে আছে কলার্ড আর্থ নামের একটি জায়গা, যেখানে মেলে সাত রঙের মাটি। একই জায়গায় সাত রঙের মাটি—যেন মর্ত্যের রংধনু! বিস্ময়কর একটি জায়গা কোনো সন্দেহ নেই। মাটির এই বৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করে চলছেন মৃত্তিকা গবেষকেরা। এখনো পর্যন্ত এর কোনো সঠিক ব্যাখ্যা মেলেনি। সাধারণ মাটির চেয়ে এখানকার মাটির প্রকৃতি একটু আলাদা। অনেকটা ভঙ্গুর প্রকৃতির এই মাটি প্রতিনিয়ত বৃষ্টির ফলে ক্ষয় হলেও এর রূপের পরিবর্তন নেই। প্রাকৃতিকভাবেই এখানকার মাটি বেড়ে ওঠে কয়েকটি ছোট ছোট পাহাড়ের আকৃতির রূপ ধরে। এখানে যে সাত রঙের মাটি রয়েছে সেগুলো হলো—লাল, হলুদ, বেগুনি, হালকা বেগুনি, বাদামি ও গাঢ় বাদামি রঙের। এই রঙিন পৃথিবীর পাশেই আছে সামারেল ঝরনা। এক টিকিটেই উপভোগ করতে পারবেন দুই রকম সৌন্দর্য। এক হাজার ৭০০ ফুট উঁচু থেকে আছড়ে পড়া পানির সৌন্দর্য মনকে শীতল করে দেবে নিমিষেই। এ ছাড়া একনজরে পুরো মরিশাসের সৌন্দর্য চোখে মাখার মতো ব্যবস্থাও আছে ব্ল্যাকরিভার জর্জ নামে একটি পাহাড়ের চূড়ায় উঠে।তৌসিয়াফতৌসিয়াফ হলো মরিশাসের সবচেয়ে বড় খাদ। বিশালাকৃতির এই গোলাকার খাদটির জন্ম হয়েছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে। মরিশাসের মধ্যবর্তী শহর কিউরপিপে তৌসিয়াফ নামের পাহাড়ে এই খাদের সৃষ্টি হওয়ায় এর নাম তৌসিয়াফ খাদ। এখন এটি হরিণের চারণভূমি হিসেবে বেশ প্রসিদ্ধ। এই তৌসিয়াফ খাদ মরিশাসের পর্যটনের একটি বিশাল ক্ষেত্র। এখান থেকে চারদিকে তাকালে প্রায় পুরো মরিশাস দেখা নেওয়া যায়।রচেস্টার ঝরনামরিশাসের একদম দক্ষিণ পাশে অবিরাম ঝরে পড়ছে রচেস্টার ঝরনা। শান্ত পানির এ ঝরনাটি সারা বছরই বিরামহীনভাবে ঝরে পড়ে। এখানে অন্যান্য ঝরনার মতো নেই তেমন কোনো গভীর খাদ কিংবা নেই পানির তেমন তীব্রতা। ছোট-বড় সবাই প্রাণ খুলে ঝরনার পানিতে সাঁতার কাটতে পারে। পার্শ্ববর্তী গিরিস গিরিস সৈকত থেকে সাঁতার কেটে রচেস্টার ঝরনায় গিয়ে মিঠাপানি দিয়ে গোসল করে ঝেড়ে নিতে পারবেন শরীরের নোনতা ভাব। রচেস্টার ঝরনার খুব কাছেই আছে সুপ্লেয়া নামের একটি জায়গা। সমুদ্রের গর্জন কতটা ভয়ংকর হতে পারে, তা এখানে না এলে বোঝার জো নেই! বিশালাকৃতির ঢেউ পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় ৮০ থেকে ৯০ ফুট ওপরে উঠে পানি বাষ্পে পরিণত হয়ে যায়। সাগরের গর্জন আর পানি সরাসরি বাষ্পে রূপান্তরিত হওয়ার এমন দৃশ্য আপনাকে দেবে ভয়-মিশ্রিত ভালো লাগার শিহরণ! ক্রোকোডাইল পার্কব্ল্যাকরিভার জেলায় রয়েছে অন্যতম পর্যটনকেন্দ্র ক্রোকোডাইল পার্ক। নামে ক্রোকোডাইল পার্ক হলেও বিরল প্রজাতির বিশালাকৃতির কচ্ছপগুলোই এখানকার সবচেয়ে আকর্ষণীয় চিড়িয়া। এ ছাড়া এখানে বিভিন্ন ধরনের পশুপাখি ও গুটিকয়েক কুমির রয়েছে। কচ্ছপের আকার এতই বড় যে, চাইলে মনের আনন্দে কচ্ছপের পিঠে চড়ে ঘুরে বেড়ানো যায়। পাশেই আছে ব্ল্যাকরিভার ডলফিন পার্ক। এখানে ডলফিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারলে তো কথাই নেই, তাদের সঙ্গে মেতে উঠতে পারেন একটা ফুটবল নিয়ে!