দিগন্তবিস্তৃত সবুজ পাহাড়ে মেঘের মিতালি দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন অপরূপ বান্দরবানে। বান্দরবানের বুনো সৌন্দর্যের খবর এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী প্রায় সব আদিবাসী সম্প্রদায়ের বৈচিত্র্যপূর্ণ জীবন দেখা যাবে এখানে এলে।তবে বিশাল এই পার্বত্য জেলার ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুর্গম স্থানগুলো দেখতে হলে বেশ কয়েক দিন লেগে যেতে পারে। বান্দরবানের বিভিন্ন উপজেলা বিশেষ করে থানচি, রোয়াংছড়ি, রুমাবাজার ও লামা-আলীকদম যেতে হয় ভিন্ন ভিন্ন পথে। এই উপজেলাগুলোতে রয়েছে পাহাড়-ঝরনাসহ নানা পর্যটনকেন্দ্র। তাই এখানে আসার আগেই ঠিক করে নিতে হবে কোথায় বেড়াবেন। বান্দরবান ভ্রমণকে কয়েকটি প্যাকেজে ভাগ করে ফেললে ভালো হয়। বান্দরবান শহর: জেলা শহরের প্রবেশমুখে মেঘলা পর্যটনকেন্দ্র। সেখানে পাহাড়ের পাদদেশে কৃত্রিম হ্রদ, কেব্ল কার, মিনি চিড়িয়াখানা দেখতে দেখতে কেটে যাবে সারা বেলা। মেঘলা থেকে আড়াই কিলোমিটার দূরে নীলাচল পর্যটনকেন্দ্র। নীলাচলের উঁচু পাহাড় চূড়ায় উঠলে দেখা যায় বান্দরবান শহরটাকে। সেই সঙ্গে পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা আদিবাসীপাড়াগুলো দেখা যায়। নীলাচলের পর দর্শনীয় স্থান হতে পারে বালাঘাটা। শহরের প্রান্তে অবস্থিত এই এলাকার পাহাড়চূড়ায় রয়েছে অপরূপ স্বর্ণমন্দির। সেখান থেকে যাওয়া যেতে পারে কালাঘাটা রামজাদি বৌদ্ধমন্দিরে। চিম্বুক-নীলগিরি: বান্দরবান-থানচি রুটে আছে অনেকগুলো দর্শনীয় স্থান। শহর থেকে বের হলেই চোখে পড়বে বেশ কয়েকটি রিসোর্ট। মনোরম পরিবেশে পাহাড়ের গায়ে গড়ে তোলা এসব রিসোর্টে বসে আদিবাসী খাবারের স্বাদ নেওয়া যাবে, থাকা যাবে মাচাং ঘরের আদলে তৈরি কটেজে। এই পথেই রয়েছে শৈলপ্রপাত, ঝরনা ও বম আদিবাসীদের বেশ কয়েকটি পাড়া। শৈলপ্রপাত থেকে দুই ঘণ্টার পথ চিম্বুক পাহাড়। এই পাহাড়ের পাদদেশে ওয়াইজংশনে আছে ম্রো আদিবাসীপাড়া। চিম্বুক থেকে আরও ঘণ্টা খানেকের রাস্তা পার হলেই আকাশের সঙ্গে মিতালি পাতা নীলগিরি ও জীবননগর চোখে পড়বে। শহর থেকে জিপগাড়ি ভাড়া করে এই পুরো পথটাই ঘুরে আসা যায়। খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকার মতো। থানচি-রেমাক্রি: বান্দরবান থেকে চিম্বুক, নীলগিরি হয়ে থানচি উপজেলা শহর। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু, রেমাক্রিমুখ, নাফাকুম এবং বড়মদক হয়ে সাঙ্গু প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে যাওয়া যায়। থানচি থেকে বড়মদকের নৌকা ভাড়া (পাঁচজন ধারণক্ষমতা) পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং সাঙ্গু রিজার্ভ বা সংরক্ষিত বনাঞ্চল পর্যন্ত আলোচনা সাপেক্ষ। তবে সংরক্ষিত বনাঞ্চলে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। রুমা-বগালেক কেওক্রাডং: রুমা উপজেলা সদর থেকে বগালেক, কেওক্রাডং ও তাজিংডং পাহাড়ে যাওয়া সম্ভব। তবে বর্ষাকালে হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। রুমা সদর থেকে পৃথকভাবে রাইনক্ষ্যং পুকুরে পায়ে হেঁটে যাওয়া যায়। রাইনক্ষ্যং পুকুর হচ্ছে পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক হ্রদ। এর প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। রুমা বাজার থেকে নৌকায় অথবা পায়ে হেঁটে রিজুক ঝরনায় যাওয়া যায়। কীভাবে যাবেন: চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবানের বাসে চড়ে দুই ঘণ্টায় বান্দরবানে পৌঁছানো যায়। পূরবী ও পূর্বাণী বাসে জনপ্রতি ১০ টাকা ভাড়া।কোথায় থাকবেন: বান্দরবান জেলা শহরে ও শহরতলিতে ৩০টিরও বেশি হোটেল-মোটেল ও অবকাশযাপনকেন্দ্র আছে। এসব হোটেলে ৫০০ থেকে চার হাজার টাকায় থাকা যায়। তবে বেশকিছু অবকাশযাপনকেন্দ্রে আগে থেকে বুকিং না দিলে পছন্দসই কক্ষ না-ও মিলতে পারে।এই হোটেলগুলোর মধ্যে অন্যতম হলো, মেঘলায় সরকারি পর্যটন মোটেল (০৩৬১ ৬২৭৪১), রিসোর্ট হলিডে ইন (০১৫৫৬ ৯৮০৪৩২) মিলনছড়ির হিলসাইড রিসোর্ট (০১৭১১ ৮৫৮৪৯৬), শহরের হোটেল পূরবী (০৩৬১ ৬২৫৩১), হোটেল হিলবার্ড (০৩৬১ ৬২৪৪১), হোটেল থ্রি-স্টার (০৩৬১ ৬৩৫৬৬), হোটেল রয়েল (০৩৬১ ৬২৯২৬), হোটেল ফোর-স্টার (০৩৬১ ৬২৪৬৬) হোটেল সাঙ্গু (০৩৬১ ৬৩৬০৫) হোটেল গ্রিনল্যান্ড (০৩৬১ ৬৩৬১৩) ও হোটেল প্লাজা (০১৭১২ ৯০১৩৪৫)। এ ছাড়া নীলগিরিতে রিসোর্ট থাকলেও সেটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে। এখানে থাকার জন্য বান্দরবান সেনা সদরে যোগাযোগ করতে হবে। যাঁরা বগালেক, তাজিংডং কিংবা কেওক্রাডংয়ে ট্র্যাকিং করতে চান তাঁদের রুমাবাজারে আসতে হবে। এখানে আছে রুমাবাজার রিসোর্ট (০১১৯৭ ৩৯৭৭৮৮)।