মেঘ বলল যাবি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেঘ বলল যাবি/ অনেক দূরের গেরুয়া নদী/ অনেক দূরের একলা পাহাড়/ অনেক দূরের গহন সে বন/ গেলেই দেখতে পাবি...’ মুগ্ধতার এমন আবেশ ছড়ানো আবৃত্তিতে মনোমুগ্ধকর হয়ে ওঠে দৃষ্টির আবৃত্তি-সন্ধ্যা। ‘মেঘ বলল যাবি’ শীর্ষক এই আবৃত্তি-সন্ধ্যা অনুষ্ঠিত হয় ২৭ মে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে। ভালোবাসা, মানবতা ও মুক্তিযুদ্ধ এই তিন বিষয়বস্তু নিয়ে শুরুতেই ছিল দৃষ্টির বৃন্দ প্রযোজনা। এরপর অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পালা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস। বিশেষ অতিথি প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। বক্তব্য দেন অনুষ্ঠান সমন্বয়কারী পার্থ সারথী বড়ুয়া। সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক। সংক্ষিপ্ত কথামালা শেষে শুরু হয় আবৃত্তি পরিবেশনা।প্রথমেই মঞ্চে আসেন মিলি চৌধুরী। তিনি স্বরচিত ‘বাবার নজরুল’ কবিতার মধ্য দিয়ে শুরু করেন পরিবেশনা। এরপর বনকুসুম বড়ুয়া আবৃত্তি করেন আদিত্য অনিকের লেখা ‘মা’ কবিতাটি। আর আদনান মান্নান ‘মেঘ আর পাহাড়ের ভালোবাসা’ নিয়ে রচিত পুর্ণেন্দুপত্রীর ‘সেই গল্পটা’ দিয়ে শুরু করেন। তিনি একে একে পরিবেশন করেন ‘রাজদণ্ড’, ‘আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব’, নিখোঁজ শিরোনাম ও আনিসুল হকের ‘মা’ কবিতাটি। মিলি চৌধুরী আবৃত্তি করেন ‘বাতাসে লাশের গন্ধ’, ‘বেদনার পদাবলী’, ‘ভাগীরথী ও ‘সাঁকো’ কবিতাটি। এ ছাড়া বনকুসুম বড়ুয়া আবৃত্তি করেন ‘দেখে যা নিখিলেশ,’ ‘হঠাৎ দেখা’ এবং ‘গানওয়ালা’ কাবতাটি। মাসুদ বকুলের পরিকল্পনায় ও পরিচালনায় অনুষ্ঠিত আবৃত্তি-সন্ধ্যায় আবৃত্তিকারেরা যখন আবৃত্তি করছিলেন তখন পেছনের পর্দায় দেখানো হচ্ছিল ভিডিওচিত্র, যা অনুষ্ঠানে যোগ করেছিল অন্য আবহ। আলোক নির্দেশনায় ছিলেন সাবের শাহ ও কম্পিউটার গ্রাফিক্সে ছিলেন সাইফুদ্দিন মুন্না।