রোদ ঝলমল আকাশটা হঠাৎ করেই কালো হয়ে গেল। আকাশের ভাবখানা বেশি সুবিধার নয়। বেরসিক বৃষ্টির ভয়ে কিছুক্ষণ আগের মানুষজনে ভর্তি খেলার মাঠটি এখন একেবারইে জনশূন্য। মাঠে আড্ডায় ব্যস্ত শিক্ষার্থীরা জায়গা নিয়েছেন কলেজের বারান্দায়, কমনরুমে। একটা দল গেল চায়ের দোকানে।আকাশটা মনে হয় আজ বড্ড দুষ্টুমিতে মেতেছে। কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশটায় এখন রাশি রাশি সাদা মেঘের দলের রাজত্ব। খোলা মাঠ আর বিশাল বারান্দার এ কলেজটি আমাদের প্রিয় নদী মেঘনাপারেই। নাম চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।শিক্ষার্থীদের আড্ডার কথা শুনে অনেকেই ভাবতে পারেন, এখানে মনে হয় শুধু আড্ডাই চলে। ব্যাপারটি কিন্তু মোটেই এমন নয়। মাঠে আড্ডারত নাজিয়া আহমেদের সঙ্গে কথা হয় এ ব্যাপারে। এ কলেজের অর্থনীতি বিভাগে পড়ুয়া নাজিয়া বলেন, ‘আমাদের প্রিয় এ কলেজে আড্ডাটা যেমন, পড়াশোনাও কিন্তু তেমন সমানতালেই চলে। ক্লাসের অবসরের সময়ে চলে এ আড্ডা। কিন্তু আড্ডা যতই হোক না কেন, পড়াশোনার সময় কিন্তু ঠিকই পড়াশোনা।’ইংরেজি বিভাগের মামুনুর রশিদের মতে, ‘পড়াশোনার একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যেই আড্ডায় বসে যাই। টানা তিন ঘণ্টা ক্লাসের কষ্ট কিন্তু ভুলিয়ে দেয় এক আড্ডাই।’ নাজিয়া আহমেদের কথার সত্যতা পাওয়া গেল একটু পরই।বিজ্ঞান ভবনে যেতেই চোখে পড়ল শিক্ষার্থীদের পড়াশোনার ব্যস্ততা। পদার্থবিজ্ঞানের শিক্ষক ক্লাস নিচ্ছেন আর শিক্ষার্থীরা খাতায় তা টুকে রাখছেন।এবার কলেজের পরিবেশ থেকে কলেজের গল্পে আসা যাক। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে প্রায় আট হাজার শিক্ষার্থী শিক্ষালাভ করছেন। কলেজটি প্রথমে শুধু উচ্চমাধ্যমিকের জন্য প্রতিষ্ঠিত হলেও ১৯৯১ সাল থেকে এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্বের পড়াশোনাও চলছে। এখানে উচ্চমাধ্যমিকের পাশাপাশি স্নাতকে ১৭টি ও স্নাতকোত্তরে ১৪টি বিষয়ে পড়ানো হচ্ছে। কলেজটি চাঁদপুরে হলেও এখানে পার্শ্ববর্তী জেলার ছাত্রছাত্রীরাও পড়ছেন। দূরের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আছে দুটি ছাত্র হোস্টেল ও একটি ছাত্রী হোস্টেল। কলেজের ভেতরের জিয়াউর রহমান রাজুর কবরটি আজও ’৯০-এর গণ-অভ্যুত্থানের সাক্ষী হয়ে আছে। মেঘনাপারের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি একসময়ের ছোট্ট পরিসর থেকে আজকের এই বিরাট বটবৃক্ষে। এর পেছনে হয়তো পড়াশোনা আর সুস্থ আড্ডার সুন্দর পরিবেশের যুগলবন্দীটাই কাজ করেছে সবচেয়ে বেশি।