দোয়া-দরুদ পড়ে ধীরপায়ে এগোচ্ছি আর ক্যালকুলাসের সূত্রগুলো মনে মনে ঝালিয়ে নিচ্ছি। জীবনের প্রথম টিউশনি বলে কথা! যদি বন্ধুর অবর্তমানে প্রক্সি দেওয়া, কিন্তু ভুলভাল কিছু শেখালে অথবা কোথাও আটকে গেলে টিউটর হিসেবে বন্ধুর এযাবৎকালের সব সুনাম ক্ষুণ্ন হবে। সঙ্গে ভালো করলে আমাকে একটা টিউশনি জুটিয়ে দেওয়ার প্রতিশ্রুতির সলতেটাও নিভে যাবে। শিক্ষকপরিচয়ে জীবনের প্রথম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উতরাতে সর্বস্ব নিংড়ে দেওয়ার অভিপ্রায় নিয়ে প্রাচীরঘেরা বিশাল বাড়িটার সামনে এসে দাঁড়ালাম।শার্টের গোটানো হাতা ছাড়িয়ে বোতাম এঁটে নিজেকে শেষবারের মতো প্রস্তুত করে নিলাম। তাহেরের নির্দেশমতো বাসার নম্বরটা মিলিয়ে যতটা সম্ভব শিক্ষকসুলভ গাম্ভীর্য বজায় রেখে অন্দরে প্রবেশ করলাম। দোরঘণ্টির টিয়া পাখির মিহি ডাকে সাড়া দিয়ে দরজা খুলল যে মেয়েটি, তাকে কেবল ‘সুন্দর’ বিশেষণে প্রকাশ করা যায় না; বরং বলা ভালো ‘ভয়ংকর সুন্দর’। একপলক দেখলেই মন ভালো হয়ে যায়—এমন দর্শনের একটা কলেজপড়ুয়া মেয়েকে পড়ানোর ঝুঁকি তাহের কীভাবে নিল! আমার বয়সের যেকোনো ছেলে একবার দেখেই তার প্রেমে পড়তে বাধ্য। হূদয়ের প্রথম ধাক্কা সামলে নিজেকে গুছিয়ে নিলাম।মহুয়াকে দেখে যতটা মুগ্ধ হয়েছি, তার চেয়ে বেশি অবাক হলাম ওর কথা বলার ধরণে। অপরিচিত আমাকে দেখেও একেবারে স্বাভাবিক, সুস্থির।‘আমি আপনাকে চিনেছি। আপনি সোহেল ভাইয়া। তাহের ভাইয়ার খুব ভালো বন্ধু।’‘হ্যাঁ। ঠিক ধরেছ। আমরা একসঙ্গেই পড়ি। আমরা অনেক ভালো বন্ধু। তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে?’উত্তরের আগেই গেরুয়া রঙের পাঞ্জাবি আর আকাশি-সাদা লুঙ্গি পরা আনোয়ার সাহেব পত্রিকা হাতে এগিয়ে এলেন। এলোমেলো চুল আর সাদাকালো গোঁফে মহুয়ার বাবাকে দেখতে অনেকটা আইনস্টাইনের মতো লাগছে। বাবার মতোই শান্ত হয়েছে মহুয়া। তাহেরের কাছে শোনা, স্ত্রীর মৃত্যুর পর আনোয়ার সাহেব তাঁর বিশাল সম্পত্তির অনেকাংশ দান করেছেন স্কুল-এতিমখানা তৈরির কাজে। এমন মহৎ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা সৌভাগ্যের ব্যাপার। মেয়ের মতো একদর্শনে আমাকে না চিনলেও পরিচয়ের পর বেশ আন্তরিকভাবে কথাবার্তা বললেন। মহুয়ার পড়ালেখার কোথায় কী সমস্যা, সে বিষয়ে তিনি যে যথেষ্ট ওয়াকিবহাল, তাঁর কথায় তা স্পষ্ট হলো।মহুয়ার পড়ার ঘর খোলামেলা, ডাইনিংরুমের সঙ্গে লাগোয়া দরজা। দখিন দিকের প্রশস্ত জানালা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। বইপুস্তকের আধিক্য নেই। দেয়ালে দামি চিত্রকর্ম ঝুলছে। মেঝেতে নতুন কার্পেট। বিশেষ যত্ন আর পরিকল্পনা নিয়ে ঘরটি সাজানো বোঝা যাচ্ছে। ক্যালকুলাস বই, সায়েন্টিফিক ক্যালকুলেটর আর একটা খাতা হাতে মহুয়া ঢুকল। গদি আটা ইজিচেয়ারে মেরুদণ্ড সোজা করে বসলাম। মহুয়া এসে ঠিক সামনের চেয়ারে একটু ঝুঁকে বসল। ভালো ছাত্রীর মতো পুরো মনোযোগ বইয়ের পাতায় নিবদ্ধ করে ক্যালকুলাসে ওর দুর্বলতার জায়গা আমাকে বুঝিয়ে বলল। পড়ানোর মজা যে শিক্ষার্থীর একাগ্রতায়, এত দিন বাদে বুঝলাম। একটা বিষয় একবার বললে বাকিগুলোর সমাধান করে ফেলে। অঙ্ক করে অনেক দ্রুত আর নির্ভুলভাবে। আমার মনঃসংযোগের পুরোটা যখন মহুয়ার অঙ্কে, তখন হুট করে সংকোচহীন ভঙ্গিতে ও বলল, ‘এই ফোন-এসএমএসের যুগে কেউ যে এত গুছিয়ে চিঠি লিখতে পারে, আপনাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর আপনার দেওয়া ‘মেঘবতী’ নামটাও আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু তাহের ভাইয়াকে বলতে লজ্জা পাচ্ছিলাম, তাই কিছু জানাইনি।’মহুয়ার কথায় আমার মাথা চরকির মতো ঘুরে উঠল, যেন মহাকাশ থেকে আলোর বেগে মাটিতে পড়লাম। বলে কী এ মেয়ে! চেনাজানা নেই, আমি কেন ওকে চিঠি লিখতে যাব! আর তাহের তো আমাকে কখনো কিছু বলেনি! ক্যালকুলাসের সূত্র মিললেও চিঠির হিসাব কিছুতেই মেলাতে পারছি না। ঘটনা খোলাসা করতে একটু চতুরতার আশ্রয় নিলাম, ‘তোমাকে না দেখেই কী লিখেছি, না লিখেছি; তুমি কল্পনার চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর। তুমি বরং চিঠিটা আমাকে ফিরিয়ে দাও। নতুন করে আরেকটা চিঠি তোমার জন্য লিখব।’মহুয়া সন্তর্পণে ওর ঘর থেকে চিঠিটা এনে আমাকে দিল। আরে, ও তো ঠিকই বলেছে! এটা আমারই লেখা। নিচে নাম-তারিখ দেওয়া আছে। তবে এটি মহুয়াকে উদ্দেশ করে নয়, কিছুদিন আগে পত্রিকায় পাঠানোর জন্য লিখেছিলাম। তাহের তবে ইচ্ছা করেই সব নাটক সাজিয়েছে।মহুয়াদের বাড়ি থেকে বেরিয়ে তাহেরকে ফোন করলাম। আমাকে বোকা বানিয়ে, আমার লেখা চুরি করে ছাত্রীকে দিয়ে আবার সেখানেই আমাকে টিউটর বানিয়ে পাঠায়! বাড়াবাড়ির একটা সীমা তো থাকা চাই। কোনোভাবে মহুয়ার বাবা যদি জানতে পারতেন, নির্ঘাত আমাকে অপদস্থ হতে হতো। আমার উত্তেজিত ভাবনায় ছেদ ঘটিয়ে সেলফোনের ওপাশ থেকে তাহের বলল, ‘বন্ধু, তোদের জীবন সুখের হোক। আমি তোকে একটা চমক দিতে চেয়েছি সত্য; কিন্তু বিশ্বাস কর, ব্যক্তিগতভাবে আমি মহুয়াকে ভীষণ পছন্দ করি। এ-ও জানি, আমার সঙ্গে ওর প্রেম হওয়ার নয়। তোকে কখনো বলিনি আমি অন্য একজনকে ভালোবাসি। তাই রোজ রোজ তোর একটা প্রেম করতে না পারার হতাশা শুনে ভাবলাম...আমি চাই মহুয়া যেন সারা জীবন সুখে থাকে। জানি, ওর মতো একটা লক্ষ্মী মেয়েকে তুই কষ্ট দিতে পারবি না।’তাহেরের কথা আজ অবধি অক্ষুণ্ন রয়েছে। ভুল চিঠি থেকে সম্পর্ক হলেও মহুয়াকে কষ্ট দেওয়ার মতো অন্যায় আমি ভুল করেও করতে পারি না। সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ