মেঘবালিকা আর পাহাড়ের প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ের চূড়া স্পর্শ করেছে মেঘদল। অনাবিল এ দৃশ্যের দেখা মিলবে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে l ছবি: লেখক
পাহাড়ের চূড়া স্পর্শ করেছে মেঘদল। অনাবিল এ দৃশ্যের দেখা মিলবে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে l ছবি: লেখক

দৃঢ়তা আর সবুজের অপার আয়োজন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুবিশাল সব পাহাড়। এর মাঝে সাপের মতো এঁকেবেঁকে চলে গেছে পিচঢালা সড়ক। কেউ বাসে আবার কেউবা চাঁদের গাড়িতে চলেছে পাহাড়ি পথে।
বাস চলতে শুরু করার পর এমন বহু গাড়ি পথে সঙ্গ দিয়েছে। সেসব যানবাহনকে যখন আমাদের বাস পাশ কাটিয়ে যাচ্ছিল, তখন দেখেছি বিস্ময়ে অভিভূত যাত্রীদের মুখ। আমরাও সমান বিস্ময় নিয়ে ছুটছিলাম থানচির পথে।
কখনো উঁচুতে উঠছে, কখনোবা ঢাল বেয়ে এঁকেবেঁকে গড়িয়ে চলেছে বাস। পাহাড়ি পথের বুকে হিম ধরানো বাঁকগুলো পার হওয়ার সময় বুঝি যাত্রীদের কারও ঝুঁকির কথা মনে পড়ে না। সবাই প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগে ব্যস্ত। নীলগিরির কাছাকাছি এলে হঠাৎ যেন ছায়ার টানেলে ঢুকে পড়েছিল বাস। গায়ে লাগছিল ভেজা ঠান্ডা হাওয়ার পরশ। বুঝতে পারি, মেঘের রাজ্যে প্রবেশ করেছি। ঘরের বাঁধন ছেড়ে প্রকৃতির মাঝে শান্তির খোঁজে আসা লোকজন এমন আয়োজন দেখে ভাষাহীন হয়ে পড়েন। কেউ আবার উল্লাসও প্রকাশ করছিলেন অপার্থিব দৃশ্য দেখার আনন্দে।
নীলগিরি থেকে ঘণ্টা খানেক যাওয়ার পর প্রকৃতি যেন একে একে মেলে ধরে সযত্নে গচ্ছিত সব উপহার। দূর থেকে দেখে মনে হয় প্রতিটি সবুজ পাহাড়ের চূড়া থেকে বের হচ্ছে আগ্নেয়গিরির ধোঁয়া। একটু কাছে যেতেই ভুল ভাঙে সবার। অবাক চোখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন ভ্রমণপিপাসু লোকজন। সবুজ পাহাড় বুকে টেনে নিচ্ছে শুভ্র মেঘবালিকাদের। আর মেঘদল যেন মমতার পরশ বুলিয়ে দিচ্ছে পাহাড়ের চূড়ায়। কিছুক্ষণ এ দৃশ্য দেখার পর বাঁক ঘুরতেই দৃষ্টিসীমার আড়ালে চলে যায় মেঘ আর পাহাড়ের প্রেমের এই দৃশ্য। নিচে তখন রৌদ্র–ছায়ার খেলা। হঠাৎ বিচ্ছেদে মন খারাপ হয়। কিন্তু কতক্ষণ? এই খারাপ লাগা স্থায়ী হওয়ার সুযোগ পায় না। বাঁক ঘুরতেই আবার সামনে এসে পড়ে মন ভরানো দৃশ্য। কারণ ওই দূরে পাহাড়কে আবার ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে ধরে মেঘবালিকা। অদ্ভুত সুন্দর এ প্রেম দেখতে দেখতে কখন যে থানচি স্টেশনে গাড়ি এসে থেমেছে সেদিকে খেয়াল নেই কারও। ‘নামেন নামেন, এটাই থানচি।’ বাসের হেলপারের এমন কথায় যেন স্বপ্নের ঘোর কাটে। রাত যাপনের ঠিকানা খঁুজতে খঁুজতে ভাবছিলাম, আবার কখন দেখব মেঘবালিকা আর পাহাড়ের সেই মিলনের দৃশ্য।