মেঘবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে উঠেছিলাম বৃষ্টি মাথায় করে। সিট পেয়েছি জানালার পাশে। হালকা বৃষ্টির ছটা এসে চোখে-মুখে পড়ছে। মেঘে ঢাকা আকাশ, বড্ড বেশি আনমনা করে দেয়। ইচ্ছা করে কারও হাত ধরে হারিয়ে যাই দূরে কোথাও। হৃদিকার কথা মনে পড়ছে। এমনই এক বৃষ্টির দিনে ফোন করে বলেছিল, ‘চলো পালিয়ে যাই।’
মোবাইলটা বের করে হৃদিকাকে টেক্সট করলাম, ‘বৃষ্টি দেখছ?’
উত্তর এল, ‘না, কেন?’
‘তোমাকে খুব বেশি মিস করছি।’
‘হঠাৎ এত দিন পর!’ আমি জানি হৃদিকা আশ্চর্য হয়েছে। হৃদিকা আবার পাঠাল, ‘কী ব্যাপার কিছু বলছ না কেন?’
‘মিস করার তো কোনো নিয়মকানুন নেই।’ বললাম আমি।
‘ওহ, আমি ভেবেছিলাম...।’
‘কী ভেবেছিলে?’
‘কিছু না, তুমি এখন কোথায়?’
‘নিউমার্কেট, মেসে ফিরব।’
‘তুমি সত্যি আমাকে মিস করছ?’
‘মিথ্যা করে মিস করলে ক্ষতি কী।’
‘আমি তো তোমাকে এখনো ভালোবাসি।’
বেশ কিছুক্ষণ পর আবার উত্তর এল, ‘কী লাভ এখন আর বলো। আমি তো তোমার মন আকাশেই উড়তে চেয়েছিলাম। কিন্তু...।’ এই কিন্তুর পরের কথা আমি জানি। তখনো হৃদিকার হাত ধরে রাখার মতো অবস্থা ছিল না, এখনো নেই।
সোহানুর রহমান, ঢাকা।