মেঘালয়ের নির্বাচনে হিটলার ও ফ্রাঙ্কেনস্টাইন!
মেঘালয়ে রাজনীতি করছেন অ্যাডল্ফ হিটলার! সঙ্গে আছেন ফ্রাঙ্কেনস্টাইনও! না, অবাক হওয়া বা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এঁরা মোটেই বিশ শতকের কুখ্যাত যুদ্ধবাজ একনায়ক বা কল্পকাহিনির ভয়ানক অতিমানব নন। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য বিখ্যাত উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যটির হাজারো মানুষের ‘অদ্ভুতুড়ে’ নামের দুটি নমুনা মাত্র।হিটলার ও ফ্রাঙ্কেনস্টাইন নামের দুই রাজনীতিক এবার মেঘালয়ের বিধানসভা নির্বাচনে অংশ নেন। সেই সুবাদে প্রচারমাধ্যমে বেশ খবর হয়েছেন তাঁরা। বার্তা সংস্থার খবরের ভিড়ে তাঁদের জয়-পরাজয়ের বিষয়টি চোখে পড়েনি। তবে কংগ্রেস নেতা হিটলার ১৯৯৩ সাল থেকেই রাজ্য বিধানসভার সদস্য হয়ে আসছেন। মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস এলাকার একটি আসনে নির্বাচন করেন তিনি। ফ্রাঙ্কেনস্টাইন প্রার্থী হয়েছিলেন মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি আসন থেকে। মেঘালয়ে পাওয়া যাবে রোমিও ফিরা রানি, হিলারিয়াস ডিখার, বোম্বারসিং হিনিয়েতা নামের রাজনীতিকও। হিটলার জানিয়েছেন, তাঁর বাবা ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্য ছিলেন। প্রতিপক্ষ হলেও তিনি কোনো কারণে হিটলারকে পছন্দ করতেন। তাই ছেলের নাম হিটলার রেখেছেন। নিজের দেশে এ নাম নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। তবে বিদেশ যাওয়ার সময় একবার নামের কারণে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল। হিটলার বলেন, ‘আমি একবার চীনে যাচ্ছিলাম। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তার সামনে গেলে তিনি আমার নাম জিজ্ঞেস করলেন। নাম শুনে তাঁরা আমাকে পাক্কা এক ঘণ্টা আটকে রাখলেন। পরে অবশ্য ছেড়ে দেন। এরপর বিমানে উঠি।’হিটলার জানালেন, নামের কারণে তিনি নির্বাচনী প্রচারণায় বাড়তি কোনো সুবিধা পান না। কারণ, এমন ধরনের নাম মেঘালয়ে সাধারণ ব্যাপার। হিটলারের তিন সন্তান। দুই সন্তানের নাম খ্রিষ্টান ও একজনের নাম হিন্দুমতে রেখেছেন তিনি। কুখ্যাত একজন মানুষের নামে নাম রাখায় বাবা-মায়ের ওপর রাগ আছে কি না— এ প্রশ্নের জবাবে হিটলার বলেন, ‘না। বাবা-মা যে নাম দিয়েছেন, তাতেই খুশি আমি।’অনেক ইতিহাসবিদ মনে করেন, ঔপনিবেশিকতার কারণে এটা হয়ে থাকতে পারে। চমৎকার জলবায়ুর কারণে ব্রিটিশ আমলে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় মেঘালয়ে ব্রিটিশদের আনাগোনা বেশি ছিল। ব্রিটিশদের সংস্পর্শ বা তাঁদের সঙ্গে সখ্যের কারণে অনেকে সন্তানের বিলেতি নাম রাখতেন। এমনও হতো যে, ওই নাম সম্পর্কে শিশুর বাবা-মায়ের কোনো ধারণাই থাকত না। মাহফুজার রহমান