মেঘে মেঘে মেঘবালিকা
মেঘের অনেক রং। ধবধবে সাদা থেকে শুরু করে সোনালি-রুপালি হয়ে ধূসর ছাপিয়ে সেটা অনেক সময়ই পরিণত হয় অমাবস্যার আকাশের মতো ঘন কালো রঙে। চোখের সামনে এক হাত দূরত্বে মেঘের রূপ ক্ষণে ক্ষণে পাল্টানো দেখতে পারাটাও দারুণ একটা ব্যাপার। তুলার মতো নরম, ধুলার মতো মিহি এই মেঘমালা দেখে জীবনে একবার হলেও সেগুলোকে জড়িয়ে ধরতে মন চায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই তালিকায় আমিও পড়ি। তাই এবার সব কাজ ফেলে উড়ু উড়ু মনটাকে হাতের মুঠোয় নিয়ে গিয়েছিলাম মেঘ-পাহাড়ের দেশ বান্দরবানে। সেখানে মেঘ ছাপিয়ে মাথা উঁচু করে বসে থাকা গ্রাম ‘পাসিংপাড়া’ এবং চারপাশে পাহাড় দিয়ে ঘেরা লুকানো এক অসাধারণ সুন্দর গ্রাম ‘লুংথাউসি’তে।নানা ঝক্কিঝামেলা আর এক গাইড নিয়ে মাঝরাতে পৌঁছালাম বগা লেকে। বগা লেকে এসে দেখি লঙ্কাকাণ্ড। কক্সবাজারের সৈকতের মতো ছাতা টাঙিয়ে শুয়ে পড়েছেন ঘরছাড়া পর্যটকেরা। যেদিকে তাকাই, শুধু মানুষ আর মানুষ। রাগে-দুঃখে সাঁতার না জেনেও বগা লেকে ঝাঁপিয়ে পড়লেন অপু ভাই। তাঁকে তুলতে গিয়ে পালিয়ে গেল আমাদের রাতের ঘুম।পরদিন সকালে ‘চিংড়ি ঝরনা’ পার হয়ে পাহাড়ি পেয়ারার লোভে ঢুকে পড়লাম বান্দরবানের সবচেয়ে সুন্দর গ্রাম দার্জিলিংপাড়ায়, সেখানকার দোকানদার আমাদের জানালেন পাশেই নাকি একটা সুন্দর পাড়া রয়েছে, নাম ‘লুংথাউসি’। অতঃপর তিনি আমাদের অতিথি হিসেবে নেওয়ার জন্য লুংথাউসিপাড়ার কারবারিকে (মোড়ল) একটা চিঠি লিখলেন। সেই চিঠি হাতে নিয়ে আমরা অভিভূত—কী সুন্দর গোটা গোটা হাতের লেখা। আর পুরোটাই ইংরেজিতে। কিন্তু চিঠির ভাষা বুঝতে গিয়ে আমার চশমার পাওয়ারের ত্রাহি ত্রাহি অবস্থা। পাশে থাকা মুন্না তো মাথা ঘুরে দার্জিলিংপাড়ার লাল মাটিতে ধপাস করে পড়েই গেল! যাই হোক, গাইড কবির আমাদের ভরসা দিল, সে নাকি সব চেনে। তার ওপর ভরসা করেই কেওক্রাডংকে ফেলে বাঁ দিকে নেমে চললাম পাহাড়ের ঢাল বেয়ে। সে এক রোমহর্ষক যাত্রা। কোথায় যাচ্ছি কিছুই জানি না। সম্বল শুধু একটা চিঠি আর ছিপছিপে রোগা ৩৫ কেজি ওজনের গাইড কবির।পাহাড়ের ওপর ওঠার চেয়ে নিচে নামা হলো সবচেয়ে কঠিন কাজ। সে সময় যদি পায়ের নিচে থাকে ঝুরঝুরে মাটি, তাহলে তো কথাই নেই! একটানা প্রায় দুই হাজার ফুট খাড়া নামতে থাকলাম আমরা। পরিস্থিতি এমন যে পা একটু পিছলালেই সোজা পড়ব নিচে নামতে থাকা সঙ্গীর ঘাড়ে। এরপর আবার ওপরে ওঠা। আমাদের দুঃখ দেখে আকাশও কেঁদে দিল! টানা আট ঘণ্টা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল ঠেলে আর শরীরে গোটা ৭০-৮০টি জোঁক নিয়ে শেষ বিকেলে আমরা যখন লুংথাউসিপাড়ার সীমানায় পা রাখলাম, তখন আর শরীরে এতটুকু শক্তিও অবশিষ্ট রাখেনি খেয়ালি সবুজ পাহাড়। আমাদের দেখেই বেড়া বানানোর কাজ ফেলে ছুটে এলেন পাড়ার কার্বারি লালমিং বম, ধরাধরি করে একেকজনকে শুইয়ে দিলেন লুংথাউসির টুকটুকে লাল মাটির জমিতে। আদর-আপ্যায়নের কমতি ছিল না এতটুকুও। তখনো আমরা জানতাম না যে চোখ বুজেছিলাম মেঘের রাজ্যে! বুঝলাম, যখন সকাল হলো। রাতে থাকার জন্য চারটা তাঁবু টাঙানো হয়েছিল, সেগুলো ভিজে জবজবে, চারপাশে তাকিয়ে দেখি পায়ের নিচ থেকে মেঘেরা কুণ্ডলী পাকিয়ে উঠে যাচ্ছে ওপরের দিকে। যেন এই মাত্র তাদের স্কুল ছুিট হলো। অদ্ভুত সেই দৃশ্য। সূর্যের আলোয় মুহূর্তেই সাদা থেকে সোনালি হয়ে যেন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা। এখানে সাদা কুণ্ডলী, তো খানিক দূরে পাক খাচ্ছে সোনালি মেঘ। চারপাশে যেন অনেক রংধনু। একটা গুনতে শুরু করলে মুহূর্তেই সেখানে আরেকটা তৈরি হয়ে যায়, তার ওপর সিঁড়ির মতো আরেকটা, যেন তৈরি হচ্ছে স্বর্গে যাওয়ার রঙিন রাস্তা। বেলা বাড়তে বাড়তেই মেঘগুলো উঠে যায় ধরাছোঁয়ার বাইরে। কাজেই সেগুলোকে আবার নাগালে পেতে হলে আমাদের উঠতে হবে আরও ওপরে। সুতরাং আর দেরি না করে রওনা দিলাম অনেক উঁচু গ্রাম বা জনবসতি এলাকা ‘পাসিংপাড়া’র দিকে। পাহাড়ে যানবাহন বলতে দুটি পা-ই সম্বল। সেগুলোকে বিরাম না দিয়ে সন্ধ্যার পরে পৌঁছে গেলাম পাসিংপাড়ায়। ঘন মেঘে ছেয়ে আছে এই পাড়ার পুরো রাস্তা। অনেক নিচের ব্যস্ত শহর যেখানে গরমে দরদর করে ঘামছে, সেখানে আমরা ঠান্ডায় কাঁপছি থরথর করে। ঘন কালো মেঘের জন্য এখানে ঘরবাড়ি তো দূরের কথা, হাতে রাখা চায়ের কাপটা পর্যন্ত দেখা যায় না। মেঘগুলো পুরোপুরি কুয়াশার মতো। গায়ে লাগলে টের পাওয়া যায় যে জামা-মাথা ভিজে যাচ্ছে। হাত দিয়ে ধরা যায় না, দলা পাকানো যায় না, অথচ সে আছে! রাত নয়টার দিকে ঘন কালো ভারী মেঘে ঢেকে গেল রাস্তার প্রতিটি ঘাসের মাথা। শুরু হলো তাণ্ডবলীলা—বজ্রসহ বৃষ্টি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবই হচ্ছে আমাদের পায়ের নিচে! পায়ের নিচে বজ্রপাত, পায়ের নিচে বৃষ্টি, বাতাস—সব বুঝতে পারছি কিন্তু সেটার একটা ফোঁটাও গায়ে এসে লাগছে না। লাগবে কীভাবে, আমরা তো এখন মেঘের ওপরে! সকালে দেখি ধবধবে সাদা তুলার মখমলে হালকা করে ভেসে রয়েছে এখানকার ঘরবাড়িগুলো। পুব আকাশে যেই মাত্র সূর্যের টিকিটি দেখা গেল, অমনি যেন আগুন লেগে গেল সাদা মেঘের ভেলায়, মুহূর্তে যেন সাবানের ফেনাগুলো পরিণত হলো ভাসমান সোনায় ! মেঘের ওপরে বসবাস করা এই এলাকাটায় চিরবসন্ত। তীব্র গরম কখনোই এখানে পড়ে না, এত ওপরে ওঠার সামর্থ্য নেই কোনো ঝড়ের। এখান থেকে কেওক্রাডং খুব কাছে। দুই রাত ছিলাম আমরা পাসিংপাড়ায়। আমাদের জীবনের সেরা দুটি রাত। এখানে মেঘের সঙ্গে লুকোচুরি খেলা যায়। মেঘ নিয়ে খেলা যায়। এখানে পায়ের নিচে বিজলি জ্বলে। কান পাতলেই অনেক নিচে শোনা যায় বৃষ্টির ঝমঝম শব্দ। এখানকার ঘরবাড়ি সব সময় মেঘের ওপর ভাসে, এটা মেঘের দেশ।জেনে নিনঢাকা থেকে বাসে করে যেতে হবে বান্দরবান শহরে। সেখান থেকে রুমা বাজার হয়ে বগা লেকে। পরদিন দার্জিলিংপাড়া, কেওক্রাডং পার করে পৌঁছে যাবেন মেঘের রাজ্য পাসিংপাড়ায়। আর যদি লুংথাউসিপাড়ায় যেতে চান, তাহলে দার্জিলিংপাড়া থেকে বাঁ দিকে নেমে যাবেন। এরপর শুধু নামা আর ওঠা। রুমা বাজার থেকে স্থানীয় গাইড নিয়ে যেতে হবে। গাইড ভাড়া প্রতিদিন ৪০০ টাকা করে হলেও কেওক্রাডং পার হলে সেটা দুই হাজার ৫০০ টাকায় গিয়ে ঠেকে। একটা জিনিস বুকের মধ্যে গেঁথে নিয়ে যাবেন, এ দেশের সবকিছুই আমাদের। কাজেই একে কোনোভাবেই আমরা নষ্ট করব না। যেখানে-সেখানে ময়লা- আবর্জনা, পলিথিন ও অপচনশীল কিছু ফেলব না। আমি যে সৌন্দর্যটা দেখার জন্য এখানে ছুটে এসেছি, আমার ছোট ভাই, সন্তান যেন কয়েক দশক পরও এখানে এসে ঠিক আমার মতো করেই চোখে বিস্ময় ফুটিয়ে বলতে পারে, ‘দেখো দেখো, আমাদের বাংলাদেশ কী সুন্দর!’