মেঘের ওপরের দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে সতের শ ফুট উঁচুতে সাজেকভ্যালির রুইলুইপাড়ায় রাত নেমেছে তখন। কালো আকাশে তারার খই ফুটেছে। অমাবস্যার কারণে আকাশে চাঁদ নেই; কিন্তু তারার আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল সবকিছু। মাছের লেজের মতো চিকন লম্বা পায়ে চলা পথের দুই ধারে সারি সারি বাড়ি। পাড়ার মাঝামাঝি রুইলুই মৌজার হেডম্যান লালথাঙ্গা লুসাইয়ের বাংলো বাড়িতে জ্বলছিল টিমটিমে আলো। সেই আলোই যেন আমাদের অভ্যর্থনা জানায়। সাজেকে এই প্রথম? পরিচয় পর্বের শুরুতেই আমাদের প্রশ্ন করেন হেডম্যান লালথাঙ্গা। জানাই, আমাদের পাঁচজনের সবারই এই প্রথম সাজেক আসা।চট্টগ্রাম থেকে বিআরটিসি বাসে খাগড়াছড়ি, সেখান থেকে দীঘিনালা-বাঘাইহাট-মাচালঙ হয়ে সাজেক। কিন্তু যত সহজে বলা গেল তত সহজ ছিল না সাজেকের পথ। খাগড়াছড়ি থেকে মাচালঙ পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তায় দুবার গাড়ি বদল করতে হয়েছে। গাড়ি বলতে লক্কড়-ঝক্কড় মার্কা চাঁদের গাড়ি। কিন্তু মাচালঙে এসে সাজেক যাওয়ার কোনো গাড়ি পাওয়া গেল না। রাস্তা ভীষণ খারাপ তাই চাঁদের গাড়িও এ পথে চলছে না। অগত্যা মোটরবাইকে রওনা হতে হলো সাজেকের উদ্দেশে। মাচালঙ থেকে মোটে ১৭ কিলোমিটার পথ। সময় লাগল ২০ মিনিটের মতো। ভীষণ খাড়া রাস্তা আর চড়াই-উতরাইয়ের কারণে মোটরবাইককে রোলার কোস্টারই মনে হচ্ছিল। তবে শেষমেশ সাজেকে এসে পৌঁছানোর পর অপরূপ প্রকৃতি ভুলিয়ে দিল সব পথকষ্ট।সাজেকে আসার পর পরই সন্ধ্যা নামে। রুইলুইপাড়ার হেডম্যানের বাড়িতে হলো রাত যাপনের ব্যবস্থা। সমতলে তখনো ভাপসা গরম কিন্তু জাঁকিয়ে শীত নেমেছে সাজেকের পাহাড়ে। আমাদের সবাইকে একটা করে কম্বল এগিয়ে দেন পরিবারের সদস্যরা। বাড়ির আঙিনায় জন্মানো কফিগাছের বীজ শুকিয়ে তৈরি গরম কফি আসে। কম্বল গায়ে দিয়ে, হাতে ধুমায়িত কফির পেয়ালা নিয়ে আড্ডা জমাই। গিটার বাজিয়ে লুসাই গান গেয়ে শোনায় হেডম্যানের ১৫ বছরের ছেলে জন থাঙ্গালুয়া। পাশ্চাত্যের রক-এন-রোল ধরনের গান। নির্জন পাহাড়ে সেই গান কেমন আচ্ছন্ন করে তোলে সবাইকে।কথায় কথায় জানা গেল এক হাজার ৬৮৭ দশমিক ৩৯২ বর্গকিলোমিটার আয়তনের সাজেকের জনসংখ্যা প্রায় ২৫ হাজার। ককংর, রুইলুই, কংলাক, শিয়ালদাই লুই, তুইচুই ও ব্যাটলিংসহ ছয়টি মৌজা আছে সাজেকে। গ্রামের সংখ্যা ১২৮টি।ভোরে কুয়াশার চাদর জড়ানো রুইলুইপাড়ায় হাঁটতে বের হই আমরা। পথে পড়ল বাংলাদেশ বর্ডার গার্ডের বিওপি ও সেনা ক্যাম্প। পাশাপাশি দুটি ক্যাম্পের অদূরে একটি টিলার ওপর হ্যালিপ্যাড। হ্যালিপ্যাডে গিয়ে দাঁড়ালে দেখা যায় মিজোরামের সবুজ পাহাড়ের সারি। এখান থেকে মিজোরাম খুব কাছে। এই মৌজার অনেকেই মিজোরামের স্কুল-কলেজে লেখাপড়া করে।সুউচ্চ সাজেকের পাহাড়সারি লুসাই পাহাড়েরই অংশ। ওপরের মালভূমির এই অংশে ঝলমলে রোদ কিন্তু নিচের অনেকগুলো পাহাড়ের মাথায় দেখা গেল মেঘের মুকুট। অপার্থিব সৌন্দর্যে ভরা এই স্থানটিকে মেঘের ওপরের দেশ বললেই যেন ঠিকঠাক মানিয়ে যায়।রুইলুইপাড়ার বাসিন্দা ডেভিড লুসাই আমাদের নিয়ে যান তাঁর হলুদের বাগানে। বিস্তর হুলুদ ফললেও দাম পাওয়া যায়নি তেমন। তাই এই অপরূপ জায়গার মানুষজনও কষ্টে আছেন। তবু সবার মুখেই দেখা গেল হাসির রেখা। ডেভিডের সঙ্গে হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় গোটা পাড়া। ঘন ঝোপঝাড়, উঁচু গাছ তার নিচে চরে বেড়ানো শুয়োরের পাল যেন শান্ত সমাহিত এক জীবনের প্রতিচ্ছবি। ঘুরতে ঘুরতে এমন অনেক ছবি মনের পর্দায় স্থায়ী হয়ে গেঁথে বসে। ছোট পরিসরে গড়ে তোলা কফি, চা ও কমলাবাগান জানান দিচ্ছিল এখানকার কৃষির ঐশ্বর্যের খবর। কিছুদূর গেলে ছবির মতো এক একটা মাচাংঘর। বড় বড় জানালার ফাঁক দিয়ে গোটা আকাশটাই যেন হুড়মুড় করে ঢুকে পড়েছে বাড়িগুলোতে। আকাশের সঙ্গেই যেন এখানকার মানুষের মিতালি।