মেঘের বাউল

মেঘলা আকাশ ছুঁতে গিয়ে আমিই মেঘের মতো ভাসি। বৃষ্টি-বর্ষা-শ্রাবণ-মেঘ—এসব যেন আমার মনের শত অযুত পাগলামি। আমার বাউন্ডুলে মন তুমি বলতে ফিদা। অঝোর বৃষ্টিতে আমি ভিজে একাকার। একবার ভাবি বলব তোমার অসম্ভব মোহময়ী চুলগুলোতে ক্লিপ এঁটে দিয়ো। ভাবি তোমার অবিরাম মায়াচ্ছন্ন চোখের পানে তাকাব না আর। মেঘের গান আমার এসব ভাবনার সুতো কাটে। আমার এলেবেলে দুষ্টুমি তুমিও যে কখনো এড়িয়ে যাও না, তা আমি ঠিক বুঝে নিই!
আকাশি-নীল ভেজা ছোপ ছোপ ড্রেসে সেদিন সিঁড়ি ভেঙে ওপরে উঠছ। কী মনে করে আমার ঘরের দিকে এগিয়ে এলে তুমি। তারপর, আমার চোখে চোখ পড়তেই ভোঁ-দৌড়! তোমার এই লুকিয়ে লুকিয়ে এক-দু পলক দেখা ওলটপালট করে দেয় আমার সব। ইচ্ছে করে ডেকে বলে দিই, ‘তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ’।
তোমার বিকেলজুড়ে মেঘ আর সন্ধ্যায় ভরবৃষ্টির তুখোড় নৃত্যে আমি মিথ হয়ে যাই। ঘ্রাণ ছড়ানো হাসনাহেনা ভিজে চলে জানালা ধরে করবী গাছের ওপাশে। ঠিক এই সময়ে তোমাকে আমার চাই, বাকি সব মিথ্যে!
যা হওয়ার আজই তবে হোক। নিচতলা থেকে ঝড়ের বেগে তৃতীয় তলায় উঠে এলাম আমি। তোমাদের সদর দরজা, ব্যালকনি পেরিয়ে তোমার পড়ার ঘরে। সোজা হাত ধরে একেবারে আমার রাজ্যে নিয়ে এলাম তোমায়। তুমি কেমন নিশ্চল দাঁড়িয়ে আছো! কংক্রিটের ছাদে ক্যাকটাসের পাপড়িগুলোয় বৃষ্টিকণার মুগ্ধ প্রণয়! বৃষ্টিতে ভিজছ তুমি, তোমার চুল, মুখ-ঠোঁট আর আমি। নির্জন রাতের মাতাল বর্ষাধারায় ভিজে যাচ্ছি আমরা। তোমার চুপসে যাওয়া চুলে আমি নাক ডুবিয়ে গন্ধ নিই। কেশভেজা জলের শিহরণে আমার দৃষ্টি কাঁপানিয়া!
ভালোবাসি, বাসো আমায়? দুদিন আগে জানতে চাওয়া প্রশ্নের উত্তরে হ্যাঁ, চাই আমি। আমার অমন সব পাগলামিতে লুকিয়ে তুমি কাঁদছিলে! হতবুদ্ধি আমি তোমায় নিয়ে ছাদ থেকে নেমে এলাম চুপচাপ।
ভরা বর্ষায় শ্রাবণধারা পরদিনও নিরন্তর ঝরছিল। সারা দিন উন্মাদ হয়ে বাইক চালিয়েছি। হৃদয় ভেঙে দিঘল হয়েছে চর। ভিজে ভিজে বাসায় ফিরে উঠোনে দাঁড়িয়েছি, দৃষ্টি আটকাল ছাদে। দেখি আনমনে বৃষ্টিস্নান করছিলে তুমি! এই মেঘের বাউল ভালোবেসে বৃষ্টি হয়ে ছুঁয়ে দিলাম তোমায়। রাতে তাই লিখে পাঠালে ‘ভালোবাস’!