মেছো বাঘের বাচ্চাটি ফিরে গেল বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূসর শরীরে চিতাবাঘের মতো ছোপ ছোপ কালো দাগ। লম্বায় প্রায় দুই ফুটের কাছাকাছি। গ্রামের লোকজন প্রথমে হিংস্র জন্তু ভেবে আটক করেন। কিন্তু বন বিভাগের লোকজন এসে পড়ায় রক্ষা পায় প্রাণীটি। তাঁরা জানান, আটক প্রাণীটি মেছো বাঘের বাচ্চা।ফেনীর সোনাগাজীতে গত শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন লোকালয় থেকে এই মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেছেন। বন বিভাগের কর্মকর্তারা এটিকে উদ্ধার করে উপকূলীয় বনাঞ্চলে ছেড়ে দিয়েছেন।বন বিভাগ ও স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার লোকজন গ্রামের একটি কালভার্টের নিচে বাঘের মতো একটি প্রাণী দেখতে পান। একপর্যায়ে কিছু যুবক প্রাণীটিকে আটক করেন। তবে ধাওয়া খেয়ে প্রাণীটি কিছুটা আহত ও অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মদ সেখানে উপস্থিত হন এবং উপজেলা বন বিভাগীয় রেঞ্জ কর্মকর্তা দীপক রঞ্জন শর্মাকে খবর দেন। বন বিভাগীয় কর্মকর্তারা প্রাণীটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। পরে আহত বাচ্চাটিকে নিজেদের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। এরপর মেছো বাঘের বাচ্চাটিকে সোনাগাজীর উপকূলীয় বনাঞ্চল চর আবদুল্লাহ এলাকায় ছেড়ে দেওয়া হয়। বন বিভাগীয় কর্মকর্তা দীপক রঞ্জন শর্মা প্রথম আলোকে জানান, এসব প্রাণী সাধারণত উপকূলীয় বনাঞ্চলেই বসবাস করে। লোকালয়ে আসে না। তাদের খাদ্য কাঁকড়া, ঝিনুক, মাছ, বিভিন্ন প্রজাতির পাখি। সম্প্রতি নদীভাঙনের কারণে উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। খাদ্যসংকট দেখা দেওয়ায় বন্য প্রাণী লোকালয়ে হানা দিচ্ছে। ক্ষুধার্ত মেছো বাঘটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।