ঝাল, কড়া ঝাল আর নাকে-মুখে পানি আসা ঝাল—এই তিন স্বাদে পাওয়া যায়। নাম লাখা বার্গার। চিকেন, বিফ দুই রকমেরই আছে। বিদেশি কোনো হট চিলি সস নয়, লাখা বার্গারের ঝালের রহস্য লুকিয়ে আছে নাকি চট্টগ্রামেরই একধরনের মসলায়।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খাদ্য উৎসবে বার্গুইচ টাউন স্টলের সামনে লাখা বার্গার খেতে অনেকে ভিড় জমিয়েছিলেন। ২৭ ও ২৮ মার্চ চিটাগাং ফুড ফেস্টিভ্যাল শিরোনামে এই দুদিনের খাদ্য উৎসবের আয়োজন করে ফেসবুকের খাবারের গ্রুপ ফুডিস চিটাগাং। কেবল লাখা বার্গার নয়, নানা স্বাদের দেশি, বিদেশি ও ফিউশন খাবার নিয়ে জমজমাট হয়ে উঠেছিল এ আয়োজন। উৎসবে চট্টগ্রামের ২০টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ২২টি স্টল ছিল।
উৎসব প্রাঙ্গণের বিভিন্ন স্টলে ছিল জিবে জল আনা হরেক রকম খাবারদাবার। মঞ্চে চলছিল গান। উৎসবে আসা লোকজনের জন্য ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রেখেছিল প্রতিষ্ঠানগুলো। বারকোড, ধাবা, ওয়েল ফুড, বনফুল, বার্গুইচ টাউন, টিসিবান, ইন্সটা হোম, মেজ্জান খাইলে আইও, ক্যাফে এইটি এইট, বোম টাউন, বারকোড বেকারি, মামিয়া, হ্যাঙ্গার এস্টাইক, মিলানো ও এসেন্সিয়ার ফুডের স্টলে কমবেশি ভিড় দেখা গেল। এর মধ্যে অনেকেরই নজর কেড়েছে মেজ্জান খাইলে আইও নামের স্টলটি। এখানে সাদা ভাত, মেজবানি মাংস, নলার ঝোল ও ছোলার ডালের প্যাকেজ বিক্রি হচ্ছিল ২৫০ টাকায়। এ ছাড়া বিভিন্ন স্টলে সুসি, ইকিবান, পিজ্জা, ফুচকাসহ নানা পদের খাবার চেখে দেখছিলেন দর্শকেরা।
কেমন লাগছে? উৎসবে আসা আহমদুল হক ও কাশফিয়া জেরিন দম্পতিকে প্রশ্ন করলে তাঁরা জানান, ‘এখানে এসে তৃপ্তিসহ খেলাম, আর বাচ্চাকে নাগরদোলায় চড়ালাম। বেশ ভালো লাগল।’
উৎসবের আয়োজক ফেসবুকের খাবারের গ্রুপ দ্য ফুডিস চিটাগাংয়ের অ্যাডমিন তাবাসসুম হক বলেন, ‘চট্টগ্রামের সব নামীদামি খাবারের দোকান একসঙ্গে করাটাই আমাদের উদ্দেশ্য ছিল। এতে দর্শনার্থীরা মুখরোচক ও বিভিন্ন ধরনের মজাদার খাবারের সঙ্গে পরিচিত হতে পেরেছেন।’ দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে এ ধরনের উৎসব আরও বড় পরিসরে করার কথা জানালেন গ্রুপের আরেক অ্যাডমিন তারান্নুম হক।
উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক বলেন, বর্তমানে বাইরের খাবারের প্রতি চট্টগ্রামের মানুষের আগ্রহ ব্যাপক। নগরে গড়ে উঠেছে অনেক খাবারের দোকান। এ ধরনের উৎসবের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো নিজেদের উপস্থাপন করার সুযোগ পেল।
দুদিনের উৎসবের প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ছিল গানের আসর। প্রথম দিন গান করে নাটাই, নোঙ্গর, জনি অ্যান্ড ফ্রেন্ডস এবং নজরুল অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডদল। দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করেন জুর্কা অ্যান্ড ফ্রেন্ডস, রিসেন্ট এবং ছুটি ব্যান্ডদল। গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টায় বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পদক ওয়াহিদ মালেক।