মেজবানে খাবেন ১৫ হাজার মানুষ
বন্দরের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ হাজার লোকের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এবং বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের পৃথক আয়োজনে এ মেজবান হবে। এর জন্য ১৭টি গরু ও ২৫টি খাসি কেনা হচ্ছে। এতে খরচ হবে প্রায় ২০ লাখ টাকা। বন্দর ও বেসরকারি অপারেটররা নিজ নিজ আয়োজনের খরচ বহন করবে বলে জানা গেছে।বন্দর সূত্রে জানা গেছে, কাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বন্দর ভবন চত্বরে বন্দর কর্তৃপক্ষের মেজবান হবে। এতে সাত হাজার মানুষকে খাওয়ানো হবে। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারী, ব্যবহারকারী, কর্মরত সেনা ও পুলিশ সদস্যরা রয়েছেন। মেজবানের জন্য ছয়-সাতটি গরু কেনা হচ্ছে। এতে খরচ হচ্ছে আনুমানিক ১০ লাখ টাকা। এ প্রসঙ্গে মেজবান কমিটির আহ্বায়ক বন্দরের পরিচালক (প্রশাসন) মুহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘বন্দর দিবসে গত বছর থেকে মেজবান হচ্ছে। এর আগেও অনিয়মিতভাবে মেজবান হতো। ঐতিহ্যবাহী এ মেজবান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কয়েকটি উপকমিটি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।’বেসরকারি অপারেটরদের সূত্রে জানা গেছে, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটররা এবারই প্রথম যৌথভাবে বড় মেজবানের আয়োজন করছে। এর আগে বন্দরের ইতিহাসে বেসরকারি অপারেটরদের এত বড় মেজবান আয়োজন করা হয়নি। কারণ আগে বন্দরের শ্রমিকেরা ডক বন্দর ব্যবস্থাপনা বোর্ডের অধীন কাজ করতেন। এখন দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ার পর বেসরকারি অপারেটরদের অধীনে কাজ করছেন। এ প্রসঙ্গে বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, বন্দরে বেসরকারি সংস্থায় কর্মরত অন্তত আট থেকে ১০ হাজার শ্রমিক-কর্মচারীর জন্য এ মেজবানের আয়োজন করা হয়েছে। শ্রমিক-কর্মচারীদের জন্য এত বড় আয়োজন আগে কখনো হয়নি। প্রসঙ্গত, বন্দর ১৬টি মূল জেটিতে ১৩টি ও বহিনোর্ঙরে ২১টি বেসরকারি অপারেটর রয়েছে। এসব বেসরকারি সংস্থার অধীন শ্রমিকেরা কাজ করছেন।বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের জেষ্ঠ্য সহসভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘মেজবান মালিক-শ্রমিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। বন্দর চেয়ারম্যানও এ ধরনের অনুষ্ঠান আয়োজনে উৎসাহ দিয়েছেন।’