মেজর খালেদ’স ওয়ার: সম্মুখ সমরে
লোকটির সাদা হাওয়াই শার্ট বাতাসে কাঁপছে। শার্টটা ট্রাউজারে গোঁজা নয়। সুগঠিত শরীর। কথা বলার সময় কণ্ঠস্বর একটুও কাঁপছে না—আত্মবিশ্বাসে প্রগাঢ় আস্থা রেখে তিনি বলছেন, লেট দেম কাম, দে উইল লস্ট।আমরা খালেদ মোশাররফের কথা বলছি। মেজর খালেদ’স ওয়ার প্রামাণ্যচিত্রটি শুরু হতেই আমরা যেন মিশে যাই খালেদের বাংলাদেশের সঙ্গে। মানচিত্রের দিকে তাকিয়ে যিনি নিচ্ছেন আক্রমণের সহজ পাঠ।প্রামাণ্যছবিটি তোলা হয়েছে বাংলাদেশের মাটিতেই। খালেদরা তখন পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরে। কেন এই যুদ্ধ, তা যেন বলে দিতে হয় না। একজন বৃদ্ধকে দেখা যায়, যিনি বর্ণনা করছেন পাকিস্তানিদের তাণ্ডবের উপাখ্যান। দুই ছেলেকে চোখের সামনে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। লুট করা হয়েছে তাঁর বাড়ি। নিরাপত্তাহীন এই বৃদ্ধকে নিজের আবাস ফিরিয়ে দেওয়ার জন্যই খালেদের যুদ্ধ। একটি কোমল কিশোরকে দেখি, যার মা-বাবাকে হত্যা করা হয়েছে। বিয়ে ঠিক হয়েছিল যে বোনের, তাকে ধরে নিয়ে গেছে পাকিস্তানিরা। সেই ছেলে ক্যামেরার সামনে কোনো কথা বলে না। আসলে বলতে পারে না। কী বলবে? সে আসলে এখন হত্যা ও ধর্ষণের প্রতিশোধ নিতে চায়। এ জন্যই খালেদের বাহিনীর কাছে আসা।আমরা একাত্তরের বাংলাদেশ দেখি। দেখি, জল-কাদায় একাকার হয়ে কৃষকের লাঙলের ফলা ঢুকে যাচ্ছে মাটির গভীরে। দেখি, অসহায় নারী স্নান করছেন ডোবার পানিতে; আর তখনই লোকগানের সুর প্রাণে ছোঁয়ায় শীতল পরশ, ‘তোমারই কান্না শুনি...ও আমার জন্মভূমি...’ গলার কাছে একদলা কান্না এসে দানা বাঁধে, সরতে চায় না কিছুতেই। তখনই আবার শোনা যায় ইংরেজিতে খালেদের প্রায় এ রকম ভাষ্য, ‘আমরা সন্ত্রাসী নই। বাঙালি ঐতিহ্য সংস্কৃতি সবই সন্ত্রাসের বিপক্ষে। কিন্তু নিরস্ত্র মানুষকে কসাইরা যখন হত্যা করতে থাকে, তখন দেয়ালে ঠেকে পিঠ। তারা প্রতিশোধ তো নেবেই।’ আর এ কারণেই মানুষ সব ধরনের আত্মত্যাগে প্রস্তুত।খালেদেরই এক সহযোগী যোদ্ধাকে যখন রিপোর্টার প্রশ্ন করেন, ‘আপনার পরিবার-পরিজন কোথায়?’ যোদ্ধার মুখে কিছুক্ষণ কথা সরে না। তারপর ঠান্ডা গলায় তিনি বলেন, ‘আমি জানি না তারা কোথায়। আমি আমাদের দেশের সকল পরিবারের মুক্তির জন্য যুদ্ধ করছি।’ যুদ্ধের ভয়াবহতার মধ্যেও এই কথা জানিয়ে দেয়, বাঙালির মুক্তি কেবল মুক্ত বাংলাদেশে। আমরা দেখতে পাই, মুক্তিযোদ্ধাদের বিস্ফোরকে ছিন্ন-বিচ্ছিন্ন হচ্ছে বিদ্যুৎ-ব্যবস্থা। শুনতে পাই, আক্রমণকারীদের বাধাগ্রস্ত করার জন্য নষ্ট করা হচ্ছে যোগাযোগমাধ্যম। বিচ্ছিন্ন হচ্ছে রেলপথ, সড়কপথ। কিন্তু সেটা করা হচ্ছে মেপে মেপে। কারণ, ‘এটা তো আমাদেরই দেশ, আমাদেরই সম্পদ। দেশ স্বাধীন হলে যেন দ্রুত মেরামত করা যায়, তারও একটা সুযোগ রাখতে হবে তো!’ওই তো কলসি কাঁখে চলেছেন গাঁয়ের বধূ। কলস নিয়ে রাখলেন তিনি দাওয়ায়। তারপর? তারপর কান্না। পৃথিবীতে তাঁর কেউ নেই যে তাঁকে সাহায্য করতে পারে। নাকের নোলক ভিজে যায় চোখের জলে। তিনি বলেন, ‘এই শিশুটার কী হবে?’ পাশে বসে থাকা শিশু বর্ণনা করে বাবার মৃত্যুদৃশ্য। সে কাঁদে না। কিন্তু মায়ের চোখে তখন শ্রাবণধারা।পাকিস্তানিদের প্রচারণা ছিল, এটা কোনো যুদ্ধ নয়।বিচ্ছিন্নতাবাদীদেরই কেবল শায়েস্তা করা হচ্ছে। খালেদ দৃঢ়কণ্ঠে বললেন, ‘এটা কোনো সীমান্ত সংঘর্ষ নয়। এটা নিয়মিত যুদ্ধ।’ যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতির এই দৃঢ়তাই শেষ করে দেয় পাকিস্তানিদের বিচ্ছিন্নতাবাদীদের শায়েস্তা করার তত্ত্ব।ছবিতে প্রশিক্ষণ শিবিরে গোলা ছোড়ার দৃশ্যগুলো দেখি আর অবাক হই। এ তো কেবল সেনাযুদ্ধ নয়। যারা যুদ্ধের মাঠে মৃত্যুর উৎসবে শামিল হয়েছে, তাদের স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা অবয়বই বলে দিচ্ছে, জনযুদ্ধ আজ স্পর্শ করেছে দেশের যেকোনো পেশার, যেকোনো শ্রেণীর মানুষকেই। একটি সেক্টরে খালেদ মোশাররফের মতো মানুষ অবলীলায় আত্মীকরণ করে নিচ্ছেন সবাইকে। ঠিক একইভাবে অন্যান্য সেক্টরেও মুক্তিকামী মানুষ পাল্টে দিয়েছে ইতিহাস, পাল্টে দিয়েছে ভূগোল।মুক্তিযুদ্ধ নিয়ে যাঁরা গবেষণা করবেন, তাঁদের কাছে প্রামাণ্যচিত্রটি তথ্যের আধার তো বটেই, তবে মনে করি, তরুণ প্রজন্ম কিংবা অদূর ও সুদূর ভবিষ্যতে যারা এই মাটিতে জন্ম নেবে, তাদের জন্যও এটি মুক্তিযুদ্ধের সাহসিকতার এক অনন্য আকরগ্রন্থ। এই গ্রন্থ পাঠ করতে হবে হূদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে। একটি স্বাধীন দেশ বিনির্মাণে কত সাহস, কত আত্মত্যাগ, কত উদ্বাস্তুজীবনের কাহিনি জমা হয়েছে—তার একটা অংশই কেবল দৃশ্যমান হয়েছে এখানে। ‘মুক্তি’ নামক মহাকাব্যটি আত্মস্থ করার জন্য ভানিয়া কাউল নির্মিত মেজর খালেদ’স ওয়ার প্রামাণ্যচিত্রটি ‘সহজ পাঠ’-এর ভূমিকা পালন করতেই পারে।