মেঝে আর বারান্দায়ও রোগী, সংক্রমণের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ডের বারান্দায় রোগী, সিঁড়ির গোড়ায়ও শয্যা পাতা হয়েছে রোগীর জন্য। ভেতরে প্রতিটি শয্যার পাশে মেঝেতে আরেকটি শয্যা, সেখানেও রোগী। কারও ভাঙা হাত কারও পা। কেউ কেউ তিন-চার দিন আগে ভর্তি হলেও শয্যা পাননি। এর মধ্যেই আসছেন নতুন রোগী। তাঁদের জায়গা দিতে গিয়ে অস্থির ওয়ার্ডবয় ও আয়ারা। আর ওয়ার্ডে শয্যার বিপরীতে দুই-তিনগুণ রোগী সামলাতে হিমশিম চিকিত্সকেরা। এ অবস্থা দেখা গেল চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে। বারান্দায় শুয়ে থাকা আবুল হোসেন জানান, প্রায় এক সপ্তাহ আগে তিনি ভর্তি হয়েছেন। কিন্তু এখনো শয্যা পাননি। কলের লাঙলের (ট্রাক্টর) নিচে পড়ে তাঁর ডান পা ভেঙে যায়। প্লাস্টার করা পা ট্র্যাকশন দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দুঃখ করে বলেন, ‘চলাচলের পথে শুয়ে থাকতে হয়। মানুষের কোলাহলে ঘুম হয় না, ধুলোবালি খেতে হয়। মশার অত্যাচার তো আছেই।’চট্টগ্রামে পঙ্গু রোগীদের একমাত্র ভরসা অর্থোপেডিক ওয়ার্ডটি। কিন্তু দুরবস্থার কারণে এখানে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষজ্ঞ চিকিত্সক থাকলেও নেই প্রয়োজনীয় চিকিত্সা উপকরণ। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে শয্যাসংকটের কারণে ওয়ার্ডের বাইরে রাখা রোগীদের চিকিত্সা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন চিকিত্সকেরা। অপরিচ্ছন্ন ও লোক চলাচলের পথে থাকায় ওইসব রোগী জীবাণুুমুক্ত নন। ফলে অস্ত্রোপচার জরুরি হলেও অন্য রোগীদের মধ্যে সংক্রমণের আশঙ্কায় তা সম্ভব হয় না। জানা যায়, ওয়ার্ডে তিনটি ইউনিটে শয্যা আছে ৮৮টি। তবে রোগী ভর্তি থাকেন প্রায় ২০০। প্রতিদিন জরুরি চিকিত্সার জন্য ভর্তি হন ৩০-৩৫ জন। সপ্তাহের সাত দিনই রোগী ভর্তি করা হয়। চিকিত্সকেরা জানান, রোগীর চাপ বেশি হলেও প্রয়োজনীয় লোকবল নেই, নেই অন্য সুবিধাদি। ফলে জরুরি চিকিত্সা দরকার এমন বেশির ভাগ রোগীকে পাঠানো হয় ঢাকা পঙ্গু হাসপাতালে। ওয়ার্ডের সহযোগী অধ্যাপক এএসএস মাহমুদ বলেন, ‘ওয়ার্ডে অনেক বিশেষজ্ঞ চিকিত্সক থাকলেও আধুনিক যন্ত্রপাতির অভাবে রোগীকে সর্বোত্তম চিকিত্সা দেওয়া সম্ভব হয় না। যাঁদের দুই পা ভাঙা বা ক্ষতিগ্রস্ত তাঁদের এক্স-রে করতে হয় শয্যায়। এ জন্য দরকার প্রোটেবল এক্স-রে, অথচ সেটি নেই। নেই ইমপ্ল্যান্টও। অস্ত্রোপচার কক্ষেও (অপারেশন থিয়েটার) নেই আধুনিক যন্ত্রপাতি। নেই প্রয়োজনীয় লোকবলও। সীমিত সুযোগের মধ্যেও আমরা ভালো চিকিত্সা দেওয়ার চেষ্টা করি।’ অন্য একজন চিকিত্সক জানান, অনেক রোগী আসেন যাঁদের চিকিত্সার খরচ যোগানোর সামর্থ্য থাকে না। বাইরে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর সামর্থ্যও নেই। কর্তৃপক্ষ যতটুকু সম্ভব সাহায্য করে তাঁদের। কিন্তু অনেক পরীক্ষা মেডিকেলে করানোর সুযোগ নেই। সে ক্ষেত্রে কর্তৃপক্ষও অসহায়। চট্টগ্রামে আর কোথাও পঙ্গু রোগীদের জন্য ভালো চিকিত্সাকেন্দ্র নেই। সে কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালই শেষ ভরসা। অথচ এখানে সুযোগ-সুবিধা এত কম যে শেষ পর্যন্ত ভাগ্যকেই মেনে নিতে হয় রোগীদের।গত বুধবার অর্থোপেডিক বহির্বিভাগে এসেছিলেন ট্রাক দুর্ঘটনায় এক পা হারানো মিন্টু মিয়া। তিনি বলেন, ‘তিন মাস আগে দুর্ঘটনায় পা থেঁতলে যাওয়ার পর মেডিকেলে অস্ত্রোপচার করে একটি পা ফেলে দেওয়া হয়। ‘অভাবের কারণে বেশি টাকা খরচ করতে পারিনি। একটা হুইল চেয়ারও কিনতে পারিনি। মনে হয় ভালোভাবে চিকিত্সা করালে পা হারাতে হতো না।’ তবে চলাফেরার জন্য মেডিকেল থেকে একজোড়া ক্র্যাচ দেওয়া হয়েছে তাঁকে। এখন বাঁশখালীর নিজের গ্রামে একটি দোকান করে সংসার চালান মন্টু মিয়া।মোহাম্মদ সাগর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে মুঠোফোন কার্ডের ব্যবসা করছেন ১০ বছর ধরে। ছোটবেলায় দুর্ঘটনায় একটি হাত হারিয়েছেন তিনি। তবুও জীবনযুদ্ধে থেমে থাকেননি। ডিগ্রি পাস করে ব্যবসায় নামেন। মন্দার কারণে কিছু দিন আগে দোকানটি ছেড়ে দেন। এখন ফুটপাতের ওপর টেবিল চেয়ার নিয়ে ব্যবসা করছেন তিনি। মোহাম্মদ সাগর বলেন, ‘আমাদের মতো পঙ্গুদের খবর কেউ নেন না। শারীরিক সমস্যা থাকলেও কেউ তো আমাকে বসিয়ে খাওয়াবেন না, তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে প্রতিদিন অনেকে আসেন মেডিকেলে। কিন্তু চিকিত্সা নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন।’জীবনযুদ্ধে জয়ী আরেকজনের সঙ্গে দেখা হলো চকবাজার এলাকায়। দুর্ঘটনায় হাত হারানো এই ব্যক্তি মেয়ের পেছনে মোটরবাইকে চড়ে দোকানে দোকানে পণ্য সরবরাহ করেন। রিকশাচালক মোখলেস মিয়াও দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন তিন বছর আগে। এক হাতে রিকশা চালিয়ে সংসার চালান। তিনি বলেন, ‘একটা হাত নেই, তাতে কি? গায়ে এখনো শক্তি আছে। মাইনষের দয়ার ওপর বাঁচতে চাই না। তাই রিকশা চালিয়ে খাই।’