‘বেঞ্চ না থাকায় মেঝেতে বসে ক্লাস করি। বর্ষাকালে এভাবে ক্লাস করতে গিয়ে অনেক সময় বই-খাতা নষ্ট হয়। খাওয়ার পানি ও শৌচাগারের ব্যবস্থাও নেই। কেউ আমাদের সমস্যাগুলোর দিকে খেয়াল করে না।’কথাগুলো বলছিল কক্সবাজারের পেকুয়া উপজেলার দক্ষিণ রাজাখালীর বকশিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. জাকারিয়া। গত ২০ ফেব্রুয়ারি সকালে সরেজমিনে বিদ্যালয় ভবনের বাঁ পাশে চোখে পড়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান কক্ষ। মেঝে অনেকটা স্যাঁতসেঁতে। ওই কক্ষের মেঝেতে বসে পাঠ নিচ্ছে ৭০ জন শিক্ষার্থী। বইয়ের ওপর খাতা রেখে লিখতে গিয়ে অস্বস্তিতে ভুগছে শিক্ষার্থীরা। একই অবস্থা দেখা যায় পাশের পঞ্চম শ্রেণীকক্ষেও। বিদ্যালয়ের শিক্ষক আহমদ শফি বলেন, ‘আসবাব-সংকটের কারণে শিক্ষার্থীদের মেঝেতে বসিয়েই পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণে এলাকার অনেক ছেলেমেয়ে বিদ্যালয়ে আসতে চায় না।’এলাকাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, কাশিয়াঘোনা এলাকায় অন্তত পাঁচ হাজার লোকের বসবাস। এলাকায় ছেলেমেয়েদের জন্য এটাই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯০ সালে স্থানীয় শিক্ষানুরাগী এজাহার মিয়া, আবদুল হামিদ ও ফজল করিম ৩৪ শতক জমিতে প্রাথমিক বিদ্যালয়টি গড়ে তোলেন। ১৯৯৪ সালে এটি এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ২৭২ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন পাঁচজন। এর মধ্যে চারজন এমপিওভুক্ত ও একজন খণ্ডকালীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমিজ রেজা প্রথম আলোকে বলেন, ‘সব শিক্ষার্থীর জন্য বেঞ্চ রয়েছে মাত্র ১২ জোড়া। এসব বেঞ্চে ৪৮ জন শিক্ষার্থী বসার সুযোগ পেলেও অন্যদের পাঠ নিতে হয় মেঝেতে বসেই। শিক্ষকদের চেয়ার-টেবিলগুলোও নড়বড়ে। শৌচাগার ও পানির সমস্যাও রয়েছে। আমরা চেষ্টা করছি সমস্যাগুলো সমাধানের।’ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুর রহমান বলেন, ‘বিদ্যালয়টি পুরো উপকূলীয় এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এ বিদ্যালয় থেকে পড়ালেখা করে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্তরে চাকরি করছে। কিন্তু প্রয়োজনীয় আসবাব, শৌচাগার ও খাওয়ার পানির ব্যবস্থা না করায় এখানে শিক্ষার পরিবেশ নেই বললেই চলে।’পেকুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোছাইন বকশিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এরই মধ্যে ওই বিদ্যালয়ের মাঠ ভরাট করা হয়েছে। আসবাবের জন্যও চাহিদাপত্র পাঠানো হয়েছে। বাকি সমস্যাগুলোও ধীরে ধীরে সমাধান হবে।’