মেঝের পরিচ্ছন্নতা
‘পরিবারের সুস্থতার জন্য সব সময় ঘরের মেঝে পরিষ্কার রাখতে হয়। মেঝেতে ময়লা জমলে রোগজীবাণু জমে, যা থেকে রোগের সংক্রমণ হয়ে থাকে। তাই ঘরের মেঝে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, বিশেষ করে ছোট বাচ্চা আছে এমন বাড়িতে এ বিষয় আরও জরুরি।’ বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া।মেঝের পরিচ্ছন্নতা নিয়ে তাঁর পরামর্শ হলো: প্রতিদিন পানি দিয়ে টাইলসের মেঝে পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত এক দিন সময় করে ঈষদুষ্ণ পানি দিয়ে পরিষ্কার করা ভালো। বেশি ময়লা জমলে সামান্য ডিটারজেন্ট পানির সঙ্গে মিশিয়ে প্লাস্টিকের ব্রাশ দিয়ে ঘষে টাইলসের মেঝে পরিষ্কার করা ভালো। টাইলসের জোড়া লাগানো জায়গায় সাবানের পানিতে ভেজানো পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষলে সহজে পরিষ্কার করা যায়। মোজাইক একটু পুরোনো হলে লিকুইড ক্লিনার ব্যবহার করা ভালো। মোজাইকের রান্নাঘরে যখনই ময়লা, তেল ও ঝোল পড়ে, তখনই সাবান আর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। কাঠের মেঝে হলে কখনো যেন দাগ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার কাপড় ভিজিয়ে হালকা করে ঘষলে কাঠের মেঝে সহজে পরিষ্কার করা যায়। সিমেন্টের তৈরি মেঝে হলে পানির সঙ্গে ফিনাইল মিশিয়ে পরিষ্কার করতে হবে, তাতে মেঝে জীবাণুমুক্ত থাকবে। মার্বেলের তৈরি মেঝে হলে সাবানপানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে।জেনে নিনবিভিন্ন উপাদানে তৈরি মেঝে পরিষ্কারের পদ্ধতিও ভিন্ন হবে। এ নিয়ে পরামর্শ দিয়েছেন অন্দরসাজের প্রতিষ্ঠান ফারজানা’স ব্লিসের পরিচালক ফারজানা গাজী। ড্রয়িং রুম, ডাইনিং রুম কিংবা বেডরুমের মেঝেতে মিরর পলিশ টাইলস ব্যবহার করা যেতে পারে। এতে আলোর প্রতিফলন হয় এবং বেশ চকচকে দেখায়। মেঝের টাইলস মোছার আগে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। অথবা সে ক্ষেত্রে নরম মপ কিংবা ঝাড়ু ব্যবহার করা ভালো। মেঝের টাইলস পরিষ্কার করার জন্য সব সময় দুই বালতি পানি নেওয়া ভালো। এক বালতিতে পরিষ্কারক মিশিয়ে তাতে মপ, স্পঞ্জ অথবা তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। পরে পরিষ্কার পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে হবে। বাথরুমে পিচ্ছিল টাইলস ব্যবহার না করে একটু খসখসে টাইলস ব্যবহার করা ভালো। না হলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। বাথরুমের টাইলস ব্রাশ, স্ক্রাবারস অথবা শিরীষ কাগজ দিয়ে পরিষ্কার করা ভালো। বাথরুমের অতিরিক্ত পানি মোছার জন্য স্পঞ্জের মপ ব্যবহার করা ভালো। টাইলস পরিষ্কার করার সময় হালকা কুসুম গরম পানি ও তরল সাবান ব্যবহার করা ভালো। এক বালতি পানিতে এক কাপ ভিনেগার বা সিরকা দিয়ে টাইলস ব্যবহার করা যেতে পারে। রান্নাঘর পরিষ্কারের জন্য সিকি চা চামচ ভিনেগার ও এক টেবিল চামচ লিকুইড ডিটারজেন্ট এক বালতি পানিতে মিশিয়ে টাইলস পরিষ্কার করা যেতে পারে। রান্নাঘর যেহেতু বেশি তেল চিটচিটে হয়, তাই ভিনেগার সহজে পরিষ্কার করে দিতে পারে টাইলসের রান্নাঘর। ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। মেঝে সাধারণ টাইলসের হলে অল্প ডিটারজেন্ট পাউডার পুরো বালতিতে মিশিয়ে মেঝে মুছে নিতে হবে। ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, যেন ছোপ ছোপ দাগ না পড়ে। মোজাইকের মেঝেতে অনেক সময় লাল বা কালো দাগ পড়ে গেলে তা বিশেষ মেশিন দিয়ে পরিষ্কার করতে হয়। বাজারে বিভিন্ন ধরনের মপ পাওয়া যায়, সেগুলো দিয়ে সহজে পরিষ্কার করা যায় মেঝে। ফোম-জাতীয় মপ সহজেই পানি শোষণ করে, তাই বাথরুমে ব্যবহার করা ভালো। গোসল শেষে সাবান ব্যবহার করে অনেক সময় পানি ঝাড়া না হওয়ায় বাথরুমে সাবানের দাগ পড়ে যায়। আরেক বার ধুয়ে মপ দিয়ে পানি মুছে ফেলতে হবে। বাসাবাড়িতে কাপড়, দড়ির মতো মপ, প্লাস্টিক মপ, স্পঞ্জ মপ ব্যবহার করা যেতে পারে। অনেক সময় পুরোনো তোয়ালে এসব মপের হাতলের মাথায় লাগিয়ে ব্যবহার করা যায়। পিভিসি বা কাঠের টাইলস পরিষ্কারের জন্য শ্যাম্পু ব্যবহার করা ভালো। কোনো ধরনের ব্লিচ অথবা অ্যামোনিয়া ব্যবহার করা যাবে না টাইলস পরিষ্কারের জন্য। টাইলস ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের তেলজাতীয় পরিষ্কারক ব্যবহার করা যাবে না। দরদামআগোরা, মীনাবাজার অথবা যেকোনো বড় সুপার শপে তরল ডিটারজেন্ট পাওয়া যাবে।বিভিন্ন আকারের মেঝে পরিষ্কারক রয়েছে, যেগুলোর দাম পড়বে ১০০ থেকে ৪০০ টাকা, টাইলস জোড়া লাগানোর পুটির দাম পড়বে ১০০ থেকে ১৩০, পানিরোধী শিরীষ কাগজ ৩০ থেকে ৫০, বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের মপ পাওয়া যায় বাজারে, যার দাম পড়বে ১৪০ থেকে ৭৫০ টাকা।