
‘মানুষ মৃত্যু হলে তবু মানব থেকে যায়’। গোঁসাই পাহ্লভীর ‘মেটা লু’ শিরোনামের প্রদর্শনী দেখতে দেখতে মনে পড়ে গেল জীবনানন্দ দাশকে। তরুণ শিল্পী গোঁসাই চট্টগ্রামের জাহাজ ভাঙার ইয়ার্ডের পরিত্যক্ত জাহাজের লোহা দিয়ে তৈরি করেছেন ভাস্কর্য। মৃত জাহাজের খসে পড়া লোহার এই পুনর্জন্ম দর্শকের উপলব্ধিতে নতুন ভাবনার সঞ্চার করে। জীবন এক পরিভ্রমণ, মৃত্যুর মধ্য দিয়ে সে ভ্রমণের দিক বদল হয় কিন্তু অবসান ঘটে না।
২১ এপ্রিল মৃন্ময় আর্ট গ্যালারিতে শেষ হলো তাঁর চার দিনব্যাপী একক ভাস্কর্যের প্রদর্শনী। মেটা লু শিরোনামের প্রদর্শনীতে স্থান পেয়েছে পুরোনো জাহাজের লোহা ব্যবহার করে তৈরি ১৭টি শিল্পকর্ম।
লোহার ভেতরে নানা বস্তুর প্রতিরূপ সন্ধান করেছেন গোঁসাই। যেখানে যা নেই সেখানে তা দেখাই তো শিল্পীর কাজ। এই পর্যবেক্ষণ যে জারি রেখেছেন শিল্পী তা তাঁর ভাস্কর্যগুলো দেখলেই বোঝা যায়। তিনি লোহার অবয়বে প্রত্যক্ষ করেন মানুষ, ঘাসফড়িং কিংবা পাখি। তবে তা কখনোই লোহাকে ছাপিয়ে ওঠে না। কেবল তা–ই নয়, শিল্পকর্মগুলোতে রয়ে গেছে জাহাজের স্মৃতিও।

ধাতুর প্রকট প্রবল কাঠিন্যের পাশাপাশি এর তলগত নানা রূপ গোঁসাইয়ের ভাস্কর্যে নতুন মাত্রা যোগ করেছে। জাহাজের বড় স্ক্রু, তার বাঁকানো মাথা অবিকল ঠিক রেখেই তিনি নতুন শিল্পরূপ তৈরি করেন। ‘কখনো তারা আলাদা হবে না’ নামের একটি যুগল ভাস্কর্যে তৈরি করেছেন স্ক্রু বা নাটসদৃশ দুই টুকরো লোহা দিয়ে। এমন অভিনব প্রয়োগ প্রায় সব ভাস্কর্যেই দেখা গেছে। ‘ঘাসফড়িং’ শিরোনামের ভাস্কর্যও তেমনই। একটি বড় লোহা কাটার যন্ত্র বলে ভুল হবে প্রথমে। কিন্তু লোহার এই কাঠিন্যের ভেতরে যে একটা ঘাসফড়িঙের আত্মাও আছে, সেটিই আবিষ্কার করেন দর্শকেরা।
প্রভাব বিস্তারী রং ও জ্যামিতিক ফর্ম ব্যবহার করে গোঁসাই নতুন এক সুষমা তৈরি করেন। এটি যেন ধাতুর ছন্দ। অথবা লোহার পুনর্জন্মের গানও বলা যেতে পারে একে।
১৭ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের অধ্যাপক শিল্পী অলক রায়, অতিথি ছিলেন বিস্তার আর্ট কমপ্লেক্সের পরিচালক আলম খোরশেদ, শিল্পী নিলুফার চামান ও মৃন্ময় আর্ট গ্যালারির কিউরেটর সামিনা এম করিম।