মেট্রো ওয়াশিংটনে প্রিয় বাংলার পথমেলা

আগের দিন রাতটাও ছিল মেঘলা। টিভি চ্যানেল ও স্থানীয় পত্রিকার আবহাওয়া পূর্বাভাসে ছিল পরদিন দিনভর বৃষ্টির আভাস। বলছিলাম ১২ সেপ্টেম্বরের কথা। ওয়াশিংটনে বাংলাদেশিদের অন্যতম বড় সংগঠন প্রিয় বাংলা পরদিন ১৩ সেপ্টেম্বর আয়োজন করেছে পথমেলার। সব প্রস্তুতি শেষ। এখন শুধু লোক সমাগমের অপেক্ষা।
ওদিকে সেদিন মনের মধ্যে সংশয় নিয়ে বসে আছেন সংগঠনের কর্ণধার প্রিয়লাল কর্মকার। তিনি ভাবছিলেন, লোক সমাগম হবে তো! ১৩ সেপ্টেম্বর সকাল থেকে অঝোরধারায় বৃষ্টি হচ্ছিল। ১১টার পর আকাশে মেঘ থাকলেও বৃষ্টি আর ছিল না। প্রিয়লাল ফোনে জানালেন, চলে আসেন, অনুষ্ঠান হবে।
তাঁর ফোন পেয়ে দ্রুত রওনা হলাম মেলার উদ্দেশে। পৌঁছে দেখলাম গতবারের মতো এবারও বিশাল আয়োজন। ভার্জিনিয়ার আর্লিংটনের একটি রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। রাস্তার দুই ধারে সারি সারি দোকান। কেউ নিয়ে এসেছেন বাংলার ঐতিহ্যবাহী পোশাক, শাড়ি, সালোয়ার, পাঞ্জাবি। কেউ দেশীয় মজাদার খাবার। আর ব্যবসায়ীরা তাঁদের সেবাদানের লিফলেট নিয়ে। প্রথম দিকে লোক সমাগম কম হলেও বিকেলের দিকে ভিড় যায় বেড়ে। হাজার ছাড়িয়ে তা কয়েক হাজারে পরিণত হয়। তাঁরা ছুটে এসেছিলেন প্রিয় বাংলার পথমেলার টানে। কেউ কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেউ বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে, কেউ অনুষ্ঠান উপভোগে।

বেলা একটার দিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ছিল বিভিন্ন দেশের নৃত্য পরিবেশনা। এ সময় বলিভিয়ার ফ্রাটার্মিডাড কালচালার পাচা-মামা, মেক্সিকোর লজ কোয়েজালেস মেক্সিকান ড্যান্স, সোফিয়াস পারফর্মিং আর্ট সেন্টার, কুকোয়া আফ্রিকান ড্যান্স, অ্যালিউর ড্যান্স ডিসির নৃত্য পরিবেশিত হয়। একের পর এক এসব পরিবেশনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
বিভিন্ন দেশের পরিবেশনা শেষে শুরু হয় বাংলার আবহমান সংস্কৃতির নাচ, গান ও বিভিন্ন বাদ্যযন্ত্রের পরিবেশনা। এ সময় অনেকে নেচে নেচে আনন্দ-উল্লাস প্রকাশ করে। বাংলাদেশ থেকে সদ্য আসা আদিবাসী তিন শিশু-কিশোরী আসকি চিসিম, পালকি চিসিম ও দুলকি চিসিম পরিবেশন করে গারো আদিবাসী নৃত্য। যুক্তরাষ্ট্রে রাস্তায় আদিবাসী গান ‘আইওম গিসি রাআতা’ গানের ছন্দে ছন্দে আনন্দের মাত্রাটা যেন আরও বেড়ে গিয়েছিল।

অনুষ্ঠানের এক ফাঁকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দীন উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ ছাড়া ফাঁকে ফাঁকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজনকে দেওয়া হয় বিশেষ পদক। এবারে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য সাতজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন প্রকৌশলী আবু হানিফ (সিইও, পিপল এন টেক), আসমা করিম (সিইও, ইটিভি যুক্তরাষ্ট্র), ফকরুল আলম (টেরিটরি কো-অর্ডিনেটর, ইটিভি), দস্তগীর জাহাঙ্গীর, আবদুস সাত্তার প্রমুখ।
মেলার শেষ প্রান্তে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মারিয়া, এস আই টুটুল ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
সুবীর কাস্মীর পেরেরা
মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র