মেট্রো চেম্বারের নির্বাচনেও আওয়ামী লীগের বিভক্তি
কথা ছিল আবারও সভাপতি হবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। নির্বাচনের দুই সপ্তাহ আগে তাঁর বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়। পরিস্থিতি বুঝে তিনি পদত্যাগ করেন চিটাগাং মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) পরিচালকের পদ থেকে। সভাপতি পদে বিকল্প হিসেবে প্রার্থী ঠিক করা হয় পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমানকে। এই নিয়ে ৪১ জন পরিচালকের মধ্যে ২৯ জন একমতও হন। কিন্তু পরিকল্পনামতো শেষপর্যন্ত সব কিছু ঘটেনি। গত মঙ্গলবার নির্বাচনের দিন দেখা গেল সভাপতি প্রার্থী মিজানুর রহমান নেই। তাঁর মুঠোফোনও বন্ধ। নির্বাচনের নির্ধারিত সময় শেষে একক প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে। নবগঠিত চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) প্রথম নির্বাচনেই ঘটে এমন নাটকীয় ঘটনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্রাবাদের কার্যালয়ে সিএমসিসিআইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের কথা। এই সভার মাধ্যমে খলিলুর রহমানসহ নির্বাহী কমিটির সাত সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা যায়।অনুসন্ধানে জানা গেছে, নগর আওয়ামী লীগে যে বিভক্তি চলছে তার রেশ এসে পড়েছে সিএমসিসিআই নির্বাচনে। নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের দ্বন্দ্ব এখন আগের যেকোনো সময়ের চেয়ে প্রকট। ছালামের অবস্থান মন্ত্রীর পক্ষে। এ কারণে অন্য পক্ষ ছালাম কিংবা তাঁর অনুসারী পরিচালকদের মধ্যে কেউ যাতে সভাপতি নির্বাচিত হতে না পারেন, সে চেষ্টা চালিয়েছে। ছালামের বিরুদ্ধে আদালতে রিট দায়েরও তারই অংশ ছিল বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন।সিএমসিসিআইর নির্বাহী কমিটির নির্বাচিত অপর ছয় কর্মকর্তার মধ্যে প্রথম সহসভাপতি হয়েছেন সুফি মিজানুর রহমান। অপর চারজন সহসভাপতি হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবরালী, বিজিএমইএর সাবেক পরিচালক এ এম মাহবুব চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আবছার।মিজানুর রহমানকে সভাপতি করার মূল উদ্যোক্তাদের একজন প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত কোনো একটি মহল থেকে নির্বাচন না করার জন্য মিজান সাহেবকে হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তিনি নির্বাচনের দিন অনুপস্থিত ছিলেন।’প্রথম আলোর পক্ষ থেকে বারবার চেষ্টা করেও মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নির্বাচনের আগের দিন থেকে গত বুধবার বিকেল পর্যন্ত তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।আবদুচ ছালাম সিএমসিসিআইর পরিচালকের পদ ত্যাগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আইনি জটিলতার কারণে এটা করতে হয়েছে।’ সিএমসিসিআইর একাধিক পরিচালকের অভিযোগ, মিজানুর রহমানকে সভাপতি পদে না দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করেছিল একটি মহল। মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ খাতুনগঞ্জভিত্তিক একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান এ ব্যাপারে তৎপর ছিলেন। নির্বাচিত সভাপতি খলিলুর রহমান তাঁর প্রতিক্রিয়া বলেন, ‘সব পরিচালককে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই।’ এ জন্য তিনি সব মহলের সহযোগিতা চেয়েছেন।উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের বিকল্প সংগঠন হিসেবে ২০০৯ সালের ডিসেম্বরে মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রম শুরু হয়।