মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের আহ্বানে ৭ অক্টোবর সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। এর অংশ হিসেবে সংগঠন দুটির স্থানীয় শাখার উদ্যোগে ওই দিন বেলা ১১টায় নগরের চকবাজার মোড়ে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁস বন্ধ, মেডিকেল ও ডেন্টালে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়।
সমাবেশে বক্তব্য দেন নগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি তাজ নাহার, ছাত্র ফেডারেশন নগর শাখার সাংগঠনিক সম্পাদক শওকত আলী, ছাত্র ইউনিয়ন নগর শাখার সভাপতি শিমুল বৈষ্ণব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার সভাপতি আলকাদেরী জয়, পিসিবির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুকৃতি চাকমা, ছাত্র ফেডারেশনের নগর শাখার আহ্বায়ক লোকেন দে প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ছাত্ররা লাগাতার প্রশ্ন ফাঁসের সম্মুখীন হচ্ছে। সরকারের অবহেলা, কোচিং সেন্টারগুলো ও সরকার দলীয় লোকজনই প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি।