মেডিকেল গ্লাভস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে গ্লাভস বা দস্তানা পরার চল অনাদিকালের। গ্রিক মহাকবি হোমারের মহাকাব্য দ্য ওডিসি কিংবা খ্রিষ্টপূর্ব ৪৪০ সালে প্রকাশিত দ্য হিস্ট্রি অব হেরোডটাস বইয়ে দস্তানা ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। ত্রয়োদশ শতকে নারীরা গ্লাভস ব্যবহার শুরু করে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে। দৈনন্দিন নানা কাজে গ্লাভসের ব্যবহার শুরুর ধারাবাহিকতায় মেডিকেল গ্লাভস বা ডিসপোজেবল গ্লাভসের উদ্ভাবন।

নানা ধরনের পলিমারের সংমিশ্রণে মেডিকেল গ্লাভস এমনভাবে তৈরি করা হয়, সংক্রমণ ঠেকাতে যা একবার ব্যবহারের পরই ফেলে দিতে হয়। এই গ্লাভসের চল শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালে। ১৮৮৯ সালে হাসপাতালটির প্রধান নার্স ক্যারোলিন হেম্পটন হেলস্টেড (১৮৬১—১৯২২) অস্ত্রোপচারে ব্যবহৃত সরঞ্জাম জীবাণুমুক্ত করতে মেরকুরিক ক্লোরাইড নামে অ্যাসিডের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে ত্বক রক্ষার জন্য গ্লাভস ব্যবহার করেন। সে সময় তাঁর হবু স্বামী উইলিয়াম স্টুয়ার্ট হেলস্টেড গুডইয়ার রাবার কোম্পানি থেকে পাতলা রাবারের তৈরি গ্লাভস বানিয়ে নেন। তবে বতর্মানে যে ডিসপোজেবল গ্লাভস দেখা যায়, সেটা প্রথম তৈরি করে অস্ট্রেলিয়ার গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান এনসেল। সেটা ১৯৬৪ সালে।

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন ও উইকিপিডিয়া অবলম্বনে সজীব মিয়া