
ঢাকা মেডিকেলের প্রথম বর্ষের একটি ছোটখাটো পরীক্ষা চলছে। দরজার পাশেই একটা টেবিলে পরীক্ষার খাতাগুলো রাখা হয়েছে, তার ওপরে নোটিশ লেখা, ‘একটা করে নিন’। কিন্তু মোটমুটি বিখ্যাত লেট লতিফ নির্ঝর যখন রুমে ঢুকল ততক্ষণে টেবিলের ওপর থাকা খাতাগুলো শেষ হয়ে গেছে। নির্ঝর সতর্কতার সঙ্গে ‘একটা করে নিন’ লেখা নোটিশটা পড়ল। অতঃপর একটা টেবিল উঠিয়ে হাঁটা শুরু করল।

চাকরির জন্য সদ্য পাস করা আমার বন্ধু চিকিৎসক রিবন একটা হাসপাতালে গেল। হাসপাতালের পরিচালক বললেন, ‘বলুন আমি আপনার জন্য কী করতে পারি?’ রিবন বলল, ‘আমি আপনার কাছে চাকরির জন্য একটা সিভি জমা দিয়েছিলাম, একটু দেখবেন?’ পরিচালক সিভিটা উলটেপালটে দেখে বললেন, ‘ওকে পরের মাস থেকে কাজ শুরু করুন।’ রিবন বলল, ‘কিন্তু বেতনের ব্যাপারে কিছু বললেন না তো।’ তিনি বললেন, ‘ওই তো আপনার যোগ্যতা অনুযায়ীই বেতন দেওয়া হবে।’ রিবন বলল, ‘সরি, এত কম বেতনে আমার পক্ষে চাকরি করা সম্ভব না।’
: চিকিৎসাবিষয়ক সাংবাদিকতার জন্য খুব বেশি কিছু লাগে না! মাত্র একটি বাক্য লিখতে পারলেই হলো।
: কী?
: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু।
এক রোগী এসে ডা. ইমনকে বললেন, স্যার খুব কষ্টে আছি, রাতে আমার ঘুমই হয় না। ডা. ইমন খুশি হয়ে গেলেন, বাহ আমি তো আপনার মতো কাউকেই খুঁজছিলাম, আমার ক্লিনিকে নাইট গার্ডের চাকরি নেবেন? ভালো বেতন দেব।
সুজন বারবার মেডিকেলের পেশাগত পরীক্ষায় ফেল করছে দেখে তার বাবা ধৈর্য হারিয়ে ফেলেছেন। তাই রেগেমেগে একদিন বললেন, ‘পাশের বাসার সাদিয়াকে দেখো, ও তো কখনো ফেল করে না!’ সুজন বিড়বিড় করে বলল, ‘পাশের বাসার সাদিয়াকেই তো দেখি, সারা দিন।’