মেডিকেল রস

প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দিয়ে ডাক্তার রায়হান রোগীকে বললেন, জ্বর শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট আগে ওষুধগুলো খাবেন।
ডাক্তার সুমনের এক নন মেডিকেল প্রফেশনের বন্ধু জিজ্ঞেস করল, মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জারি বিশেষজ্ঞের মধ্যে মূল পার্থক্যটা কী? সুমন তাকে একটা গল্প শোনাল। গল্পটা এ রকম: পাখি শিকারে গেছেন মেডিসিন বিশেষজ্ঞ ও সার্জারি বিশেষজ্ঞ। একটা পাখি উড়তে দেখে মেডিসিন বিশেষজ্ঞ তার ব্যাগ থেকে পাখিবিষয়ক বই বের করলেন। নানা রকম পাখির ছবি দেখলেন, পাখি বিষয়ে কিছু পড়াশোনা করে ঘোষণা দিলেন, ‘এই পাখির নাম বক।’ তারপর বন্দুক তাক করে গুলি ছুড়লেন, কিন্তু ততক্ষণে বকটা নাগালের বাইরে চলে গেল।
এবার সার্জারি বিশেষজ্ঞের পালা। কিছুক্ষণের মধ্যে একটা পাখি উড়তে দেখেই গুলি ছুড়লেন তিনি। ধপ করে নিচে পড়ে গেল পাখিটা। কাছে গিয়ে ছটফট করতে থাকা পাখিটাকে তুলে নেড়েচেড়ে দেখে বললেন, ‘এই পাখির নাম বক।’
ডাক্তার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
আবেদনের নিয়মাবলি:
আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি জমা দিতে হবে।
খামের ওপর পদের নাম ‘স্পষ্ট’ করে উল্লেখপূর্বক আগামী ১০.০১.২০১৪ ইং তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
দ্বিতীয় শর্তটির জন্য অনেকেরই চাকরি হয়নি সেবার!
তুমি যেখানে ভর্তি আছো, ওরা সেটির নাম দিয়েছে, ‘আই সি ইউ’। কিন্তু আসলে আমি তোমাকে দেখতে পাই না। কেননা, ‘আই সি ইউ’র ঠিক নিচেই লিখে রেখেছে, ভেতরে প্রবেশ নিষেধ!
বিয়ের দিন শ্বশুর তাঁর ডাক্তার মেয়েজামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দিলেন। ডাক্তার স্ত্রীর হাতের স্পর্শ পেয়ে প্রথমে পালস গুনতে শুরু করে দিলেন। তারপর বলে বসলেন, ‘এবার জিহ্বাটা বের করুন তো দেখি।’