মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

কয়েক দিন আগে সিলেটের হবিগঞ্জে গিয়েছিলাম একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে। ওখানকার কিছু রোগীর অভিযোগ শুনুন!
: ডাক্তার সাব, আমার ফেটে বেদনা সঙ্গে মাথাত বিষ, আর রইদে গেলে মাথাটা চক্কর মারে!
: স্যার, আমি তিন মাস ধইরা খালি হুকাইতাসি, খাইলেও হুকাই, না খাইলেও হুকাই।
: আমার বুকটায় কেডায় জানি চাক্কু দিয়া ফার মারে!
: বাজান, আমার মাইয়াডার মুখের দাগ যায় না ক্যারে? আয় মাসে কইন্যা দেখাইতাম।
: কিতা কইতাম, মাথাডা রাত অইলেই চিনচিনায়, দিন অইলে ফুরফুরায়!
: কইলে বিশ্বাস করবায়নি ডাক্তর, মাথা থাইক্যা একটা আগুনের বাতাস নামে ফাওত গিয়া কুল্যাইতে থাহে!
: একটা ফোড়া অইসিল, এইটা না কমলে ভালা আসিল, কইম্মা অক্ষন আরও তিনডা অইসে।
: বুকের নিচের দিকে ডাইন ফাশটায় একটা চাক্কা অইসে, ধরন যায় না, নড়াচড়া করে।
: বাজান, জিনে খুব ডিস্টাব দিতাসে, হেইটার চিকিসসা ফকির বাবায় দিবা। আফনে খালি আমারে বুক ধড়ফড়ের চিকিসসাটা দেইন।
: ডাক্তার সাব, কয় দিন ফরফর আমার ফেট নামে।
: আমার কোনো রোগ নাই, এক ফাইল গ্যাসের অষুধ, আর এক ফাইল ভিটামিন দ্যান!

আঁকা: শিখা
আঁকা: শিখা

দুর্ঘটনাহত, বিষক্রিয়ায় আক্রান্ত রোগী কিংবা মারামারিতে আহত রোগী এলে তাদের ব্যবস্থাপত্রে একটি বড় সিল মারা হয়। যেখানে লেখা থাকে, ‘পুলিশ কেস’! আইনগত কারণেই এটি লেখা হয়! একদিন এমন একজন রোগীর ফাইলে সিলটা মারতেই রোগীর সঙ্গী তার পাশের জনকে বলল, ‘যা তো, সাইনবোর্ডটা ভালো করে দেখে আয়, আমরা আবার পুলিশ স্টেশনে চলে এলাম না তো?’
এতিমখানায় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কয়েকজনের সঙ্গে গিয়েছিলাম। সঙ্গে ছিলেন সহকর্মী মাসুদ। ছোট্ট একটি ছেলে আমাদের মতো নতুন ‘ভিনদেশি’ মানুষদের দেখে ঠিক বুঝে উঠতে পারছিল না—তার কথা বলা উচিত কিনা। কিংবা বললেও কোন ভাষায় কথা বলা উচিত, অথবা এমনও হতে পারে এসব কিছুই না, ও আসলে আমাদের দেখে কেবলই লজ্জা পাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘নাম কী তোমার, বাবু?’

আঁকা: শিখা
আঁকা: শিখা

ও কথা বলতে পারছিল না, কিংবা চাইছিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, না সে বলবেই না। কয়েকবার চেষ্টা করে শেষমেশ ভিন্ন পথে গেলাম। হ্যাঁ ঠিক ধরেছেন, ঘুষ, আমি ওকে একটা সিভিট খুলে মুখে দিয়ে দিলাম। বললাম, ‘নাম বললেই আরও চারটা দেব।’ ব্যস, তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল, ‘আমার নাম রানা।’ বললাম, ‘বড় হয়ে কী হতে চাও, বাবু?’ বলল, ‘পুলিশ।’
আরেকটা ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম, ‘তোমার বয়স কত, বাবু?’
: জানি না।
: ৫ বছর?
: জি।
: ৬ বছর?
: জি।

: ৫ বছরও? ৬ বছরও? নাকি ৭ বছর?
: জি।
: না, ৩ বছর মনে হয়?
: জি।
বললাম, ‘বড় হয়ে কী হবা?’
: জানি না।
বয়স নিয়ে ভোগানোয় খুব আশা করেছিলাম, ও বলবে—বড় হয়ে নায়িকা হব। কিন্তু বলল না, আমি হতাশ!