মেডিকেল রস

মেডিকেল কলেজের লাইব্রেরির ভেতরে বসে পড়তে পড়তে প্রেমিক–প্রেমিকার ঝগড়া লেগেছে।
তুমি এক নম্বরের বেকুব।
কিন্তু আমি ভালো ছাত্র।
কে বলেছে?
কেন? তুমি বলেছ!
আমি বলেছি, আর তুমি আমার কথা বিশ্বাস করেছ?
হুঁ, করেছি।
উফ্! তুমি আসলেই এক নম্বরের বেকুব।
কিন্তু আমি ভালো ছাত্র...!
মেডিকেল কলেজে ফেল করা খুব কঠিন কিছু নয়। সুতরাং ফেল করে গোমড়া মুখে বসে থাকার কোনো মানে হয় না। কিন্তু জামান খুব মন খারাপ করে বসে আছে। সুমন বলল, ‘মন খারাপ করিস না, দোস্ত! জানিসই তো ফেইলিউর ইজ দ্য পিলার অব সাকসেস।’ জামান প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, ‘প্রতিবারই তো পিলার লাগাচ্ছি রে! ছাদ-ফ্লোর-দরজা-জানালা—এসবও তো লাগাতে হবে! এইবার তো ভালোই পড়াশোনা করেছিলাম, ফেল করার কথা ছিল না। মাত্র একটা প্রশ্ন ভুল হয়েছিল!’ সুমন বলল, ‘দেখ দোস্ত, আমি কি মন খারাপ করে বসে আছি? আমারও তো শুধু একটা প্রশ্নই ভুল হয়েছিল।’
: বলিস কী? তাহলে ফেল করলি ক্যান, বাকিগুলো কি ঠিক লিখেছিলি?
: আরে না, বাকিগুলো তো লিখতেই পারিনি।

অনেক দিন ধরে চুলে খুশকির সমস্যায় ভুগে ডাক্তারের কাছে ছুটে গেলেন আজমল সাহেব। ডাক্তার রোগের ইতিহাস শুনে এক ডোজ ওষুধ দিলেন। রোগী খুশি হয়ে বললেন, ‘এবার আমার খুশকি চিরতরে সারবে তো, স্যার?’ ডাক্তার বেশ গম্ভীর হয়ে বললেন, ‘এটা খুশকি সারার ওষুধ নয়।’ রোগী অবাক হয়ে জানতে চাইলেন, ‘এটা খুশকি সারার ওষুধ না তো কিসের ওষুধ?’ ডাক্তারের জবাব, ‘এই ওষুধটা দিলাম আপনার নখ বড় হওয়ার জন্য, যাতে মাথা চুলকিয়ে আরাম পান।’
মেডিকেল কলেজে যারা পরীক্ষায় নিয়মিত ফাঁকি দেয় তাদের যুক্তি দুটি। এক. পরীক্ষাটা খুব কঠিন। ভালো করে পড়ে পরের বার দিয়ে দেব। যুক্তি দুই. পরীক্ষাটা খুব সহজ। এটা নিয়ে এখনি চিন্তার কিছু নেই, পরের বার দিয়ে দেব।
‘স্যার, আজ ক্লাস টেস্ট দিতে পারব না, খুব কাশি হয়েছে।’ বলেই কাশার চেষ্টা করতে শুরু করলাম। স্যার বললেন, ‘নিয়মিত পরীক্ষা তো দিতে পারোই না, এখন দেখছি ঠিকমতো কাশতেও পারো না!’ আমি মিনমিন করে বললাম, ‘রাত জেগে কাশতে কাশতে গলায় খুব ব্যথা করছে স্যার, সে জন্যই এখন ঠিকমতো কাশতে পারছি না।’ স্যার বললেন, ‘যাও, এখন সামনে থেকে সরো। এর পর থেকে কাশির প্র্যাকটিসটা রাত জেগে না করে সকালে উঠে করবে।’