মেডিকেল রস

এক লোক তঁার ছেলেকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। গিয়ে বললেন, ‘ডাক্তার সাহেব, আমার এই বিয়ার উপযুক্ত ছেলেটার পায়ে সমস্যা হয়েছে। মাঝেমধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আবার মাঝেমধ্যে ঠিকঠাক হাঁটে। এই জন্য বিয়াই করাইতে পারতেছি না।’ ডাক্তার বললেন, ‘গাড়ি ভাড়া করুন, এ যুগে কেউ হাঁটিয়ে বিয়ে করে?’

আমার দাদু শেষ বয়সে কানে কম শুনতেন। অনেক ডাক্তারও দেখিয়েছিলেন, কাজ হয়নি। আমি তখন মেডিকেল কলেজের ছাত্র। একদিন বাসায় বেড়াতে এসে আমাকে পেয়েই বললেন, ‘নাতি, কানে তো বড় সমস্যা। তুই একটু দেখে দিবি?’ আমি জিজ্ঞেস করলাম, ‘তা দাদা, কতটুকু শুনতে পারছেন?’ দাদুর জবাব, ‘আধাআধি।’ বললাম, ‘আচ্ছা, আমি যা বলি, তা শুনে আপনিও বলুন তো। বলুন, বিশ।’ দাদু রাজ্যজয়ের হাসি হেসে বললেন, ‘দশ!’
আমি আমার ডেন্টিস্ট বন্ধু সাঈদকে বললাম, ‘এত কিছু থাকতে তুই দাঁতের ডাক্তার হতে গেলি কেন? তুই তো হার্টের বা কিডনির ডাক্তারও হতে পারতি।’ সাঈদ গলাটা একটু নামিয়ে বলল, ‘দোস্ত, হার্ট তো মাত্র একটা, আর কিডনি দুইটা। অথচ দাঁত? বত্রিশটা!’
ডাক্তার সোহেল প্রেসক্রিপশনের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে কী যেন ভাবছেন আর সঙ্গে চলছে লেখার চেষ্টাও। রোগী তাঁর মনোযোগ আকর্ষণের জন্য কাশি দিলেন, ওতে কিছুটা কাজ হলো বলে তাঁর মনে হলো। ডাক্তার জানতে চাইলেন, ‘আপনার সমস্যা কী?’ কিন্তু রোগীর কাছ থেকে কোনো জবাব পেলেন না। এবার আরেকটু জোরেই জানতে চাইলেন। এবারও কোনো জবাব নেই। ডাক্তার ভলিউম আরও বাড়ালেন, প্রশ্ন করলেন, ‘আপনার সমস্যাটা কী?’ এবারে লোকটি প্রায় চিৎকার করে বলে উঠলেন, ‘স্যার, চতুর্থ এবং শেষবারের মতো বলি, আমার শ্বাসকষ্ট হইছে, সঙ্গে মাথাব্যথা!’